গাইবান্ধা সদর উপজেলার ত্রিমোহনী এলাকায় জমি নিয়ে বিরোধের জেরে অনার্স পড়ুয়া কলেজছাত্র ফাহমিদ রুমনকে ছুরিকাঘাতে হত্যার প্রতিবাদে বিক্ষোভ, ভাঙচুর, সড়ক অবরোধ ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
সোমবার (৮ জুন) সন্ধ্যের আগে রুমনের লাশ বাড়িতে নিয়ে আসা হলে নিহত রুমনের স্বজন ও এলাকাবাসী উত্তেজিত হয়ে ওঠেন। তারা অভিযুক্ত রাকিবের বাড়িতে ভাঙচুর চালায়। পরে গাইবান্ধা-সাঘাটা সড়কে দুটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয় এবং সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করে। এতে প্রায় এক ঘণ্টা ওই সড়কে যান চলাচল বন্ধ থাকে। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং যান চলাচল স্বাভাবিক করে।
পুলিশ জানায়, ত্রিমোহনী এলাকার মৃত ফারুক ইসলামের ছেলে ফারদিন রুহিতের সঙ্গে একই গ্রামের হাজী ছানা মিয়ার ছেলে রাকিব মিয়ার দীর্ঘদিন ধরে জমির সীমানা নিয়ে বিরোধ চলছিল। এর জেরে রবিবার (৭ জুন) রাত সাড়ে নটার দিকে উভয় পক্ষের মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে রাকিব ধারালো অস্ত্র দিয়ে রুহিতকে আঘাত করেন।
এ সময় রুহিতের ছোট ভাই ফাহমিদ রুমন তাকে রক্ষা করতে এগিয়ে গেলে তাকেও ছুরিকাঘাত করা হয়। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় দুই ভাইকে উদ্ধার করে গাইবান্ধা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রুমনকে মৃত ঘোষণা করেন। আহত রুহিত বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানা গেছে।
গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন কালের কণ্ঠকে জানান, এ ঘটনায় কোন অভিযোগ পাওয়া যায়নি। তবে অভিযুক্তদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।




