গাইবান্ধা সদর উপজেলার পূর্ব পিয়ারাপুর গ্রামে রবিবার রাত সাড়ে ৯টার দিকে জমি সংক্রান্ত বিরোধে ছুরিকাঘাতে ফাহমিদ রূমন (১৯) নামেরএক অনার্স পড়ুয়া কলেজ ছাত্র নিহত হয়েছেন। এ ঘটনায় তার বড় ভাই ফারদিন রুহিত (২২) গুরুতর আহত হয়ে আশঙ্কাজনক অবস্থায় গাইবান্ধা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পূর্ব পিয়ারাপুর গ্রামের হাজী ছানা মিয়ার ছেলে রাকিবের সাথে প্রতিবেশী মৃত ফারুক মিয়ার ছেলে রুহিতের দীর্ঘদিন ধরে বাড়ির সীমানা নিয়ে বিরোধ চলে আসছিল। এর জের ধরে রবিবার রাতে উভয়ের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে রাকিব ধারালো অস্ত্র দিয়ে রুহিতের ওপর হামলা চালায়। এ সময় বড় ভাইকে বাঁচাতে ছোট ভাই রুমন এগিয়ে আসলে তাকেও উপর্যুপরি ছুরিকাঘাত করা হয়।
তাদের চিৎকারে স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় দুজনকে উদ্ধার করে গাইবান্ধা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রুমনকে মৃত ঘোষণা করেন। আহত রুহিতের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
ঘটনার পর থেকে অভিযুক্ত রাকিব পলাতক রয়েছে। তবে জিজ্ঞাসাবাদের জন্য রাকিবের মা বেবি বেগম ও স্ত্রী ইতি বেগমকে আটক করেছে পুলিশ।
চিকিৎসাধীন আহত ফারদিন রুহিত জানান, বাড়ীর সীমানা নিয়ে প্রতিবেশী ছানা মিয়ার পরিবারের সাথে তাদের বিরোধ চলছিল। সম্প্রতি তারা আমিন দিয়ে পরিমাপ করে তাদের বাড়ির সীমানা নির্ধারণ করে নেন। নির্ধারিত সীমানায় দেয়াল তুলতে গেলে রাকিবসহ অন্যরা বাধা দেন এবং তার মা ও ছোটভাই রুমনকে মারধর করে।
এ ব্যাপারে গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, ঘটনার সঙ্গে জড়িত মূল অভিযুক্তকে গ্রেপ্তারের জন্য পুলিশি অভিযান চলছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং আটক দু-জনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।







