• ই-পেপার

নওগাঁ সীমান্তে পুশ ইন ঠেকাতে কঠোর অবস্থানে বিজিবি

নৌপথে মালয়েশিয়ায় মানবপাচারের ‘গডফাদার’ লেইঙ্গা ছৈয়দুল আটক

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
নৌপথে মালয়েশিয়ায় মানবপাচারের ‘গডফাদার’ লেইঙ্গা ছৈয়দুল আটক
ছবি : কালের কণ্ঠ

সাগরপথে মালয়েশিয়ায় মানবপাচার চক্রের ‘গডফাদার’ হিসেবে পরিচিত ছৈয়দুল হক ওরফে লেইঙ্গা ছৈয়দুলকে আটক করেছে পুলিশ। রবিবার (৭ জুন) বিকেলে কক্সবাজারের রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের কমুনিয়া এলাকায় তার দ্বিতীয় বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আটক ছৈয়দুল টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের কচ্ছপিয়া বড় ডেইল এলাকার মৃত কবির আহমদের ছেলে।

পুলিশ জানায়, অভিযানের সময় ছৈয়দুল হকের বাড়ি থেকে মানবপাচার-সংক্রান্ত বিভিন্ন চুক্তিপত্র, একাধিক সিসিটিভি ক্যামেরা এবং মানবপাচার ও হত্যা মামলার সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন নথিপত্র জব্দ করা হয়েছে।

খুনিয়াপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হক বলেন, ছৈয়দুল হকের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক মানবপাচারের সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে। টেকনাফের পাশাপাশি রামুতেও তার একটি বাড়ি রয়েছে। মালয়েশিয়ায় পাঠানোর প্রলোভন দেখিয়ে বহু মানুষের কাছ থেকে অর্থ আদায়, গুম ও হত্যার অভিযোগও তার বিরুদ্ধে রয়েছে বলে স্থানীয়দের কাছ থেকে জানা গেছে।

তিনি আরো বলেন, ছৈয়দুল হকের নেতৃত্বে টেকনাফ, উখিয়া, রামু ও কক্সবাজারকেন্দ্রিক একাধিক মানবপাচার সিন্ডিকেট গড়ে উঠেছে। ২০১৭ সালের পর থেকে তার মাধ্যমে কয়েক হাজার রোহিঙ্গা ও স্থানীয় বাসিন্দাকে নৌপথে মালয়েশিয়ায় পাচার করা হয়েছে বলে অভিযোগ রয়েছে।

স্থানীয়দের ভাষ্য, ছৈয়দুল হক শারীরিকভাবে প্রতিবন্ধী এবং তার দুই পা নেই। তবে তার বিপুল সম্পদ ও বিলাসবহুল জীবনযাপন নিয়ে এলাকায় দীর্ঘদিন ধরে নানা প্রশ্ন রয়েছে। বিভিন্ন এলাকায় তার একাধিক বাড়ি ও ফ্ল্যাট রয়েছে। বাড়ির ভেতর ও আশপাশের এলাকায় স্থাপন করা হয়েছে অসংখ্য সিসিটিভি ক্যামেরা।

স্থানীয় সূত্র জানায়, গতবছরের অক্টোবরে দৈনিক কালের কণ্ঠে ‘মানবপাচারের রহস্য পাহাড় কচ্ছপিয়া’ শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদনে পাচার চক্রের সদস্য হিসেবে তার নাম উঠে আসলে তিনি আত্মগোপনে চলে যান। এরপর থেকেই তাকে গ্রেপ্তারে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা বৃদ্ধি পায়।

রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বলেন, ‘ছৈয়দুল হককে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে অন্তত পাঁচটি মানবপাচারের মামলা রয়েছে। এছাড়া নামের ভিন্নতার কারণে বিভিন্ন থানায় দায়ের হওয়া আরো কিছু মামলার তথ্য যাচাই করা হচ্ছে।’

তিনি আরো বলেন, ‘মানবপাচারসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। দেশি-বিদেশি অপরাধী ও সন্ত্রাসী গোষ্ঠীর সঙ্গে যোগাযোগের বিষয়েও তথ্য পাওয়া গেছে, যা তদন্ত করে দেখা হচ্ছে।’

ওসি জানান, আটকের পর ছৈয়দুল হককে রামু থানায় নেওয়া হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

প্রসঙ্গত, ২০১৭ সালে মিয়ানমার থেকে রোহিঙ্গাদের অনুপ্রবেশের পর টেকনাফের বাহারছড়া উপকূলীয় মাছঘাটসংলগ্ন সমুদ্রপথ ব্যবহার করে সক্রিয় হয়ে ওঠে একটি মানবপাচার চক্র। অভিযোগ রয়েছে, এই চক্রের মাধ্যমে শত শত বাংলাদেশি, রোহিঙ্গা নারী, পুরুষ ও শিশুকে সাগরপথে মালয়েশিয়ায় পাচার করা হয়েছে।

আম পাড়তে গিয়ে বৃদ্ধের মৃত্যু

আঞ্চলিক প্রতিনিধি, পাবনা
আম পাড়তে গিয়ে বৃদ্ধের মৃত্যু
প্রতীকী ছবি

পাবনা সাঁথিয়ায় আম পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে মো.শামসুর খান নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। 

রবিবার (০৭ জুন ) বিকেল ৫ টার দিকে উপজেলার করমজা ইউনিয়নের শামুকজানী গ্রামের নিজ বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।

নিহত  মো.শামসুর খান (৬০) ওই গ্রামের মৃত্য রিয়াজ উদ্দিন খানের ছেলে। তিনি পেশায় কৃষক ও চার সন্তানের জনক ছিলেন। 

পরিবার সূত্রে জানা যায়, আম পাড়ার জন্য বিকেল ৫ টার দিকে বসতবাড়ির উঠানে থাকা গাছে ওঠেন তিনি। এসময় হঠাৎ গাছের ঢাল ভেঙে মাটিতে পড়ে যান তিনি। এতে বুকে ও ঘাড়ে আঘাত পাওয়ায় গুরুতর আহত হন তিনি। তাকে দ্রুত উদ্ধার করে বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

যুবদলের কেন্দ্রীয় কমিটি অনুমোদন

তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে গাইবান্ধায় আনন্দ মিছিল

গাইবান্ধা প্রতিনিধি
তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে গাইবান্ধায় আনন্দ মিছিল
ছবি : কালের কণ্ঠ

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি অনুমোদন করায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে গাইবান্ধায় আনন্দ মিছিল করেছে জেলা যুবদল।

রবিবার (৭ জুন) বিকেল ৫টার দিকে জেলা বিএনপির কার্যালয় থেকে মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে কার্যালয় চত্বরে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

জেলা যুবদলের সভাপতি রাগীব হাসান চৌধুরীর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন সদর থানা বিএনপির সভাপতি মোশারফ হোসেন বাবু, শফিকুল ইসলাম লিপন, আহমেদ সেকুতর রব অনীক এবং জেলা যুবদলের সাধারণ সম্পাদক আবদুর রাজ্জাক ভুট্টুসহ অন্যান্য নেতারা।

এ সময় বক্তারা বলেন, যুবদল অতীতের বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রাম এবং গণমানুষের অধিকার আদায়ের লড়াইয়ে অগ্রণী ভূমিকা পালন করে জনগণের আস্থা অর্জন করেছে। তারেক রহমানের নেতৃত্বে পরীক্ষিত ও ত্যাগী নেতাকর্মীদের সমন্বয়ে পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি গঠিত হওয়ায় সংগঠনের নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি হয়েছে।

তারা নবগঠিত কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়ে সংগঠনকে আরও শক্তিশালী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

শব্দদূষণ রোধে অভিযান, ৪ যানবাহনকে জরিমানা

নারায়ণগঞ্জ সিটি প্রতিনিধি
শব্দদূষণ রোধে অভিযান, ৪ যানবাহনকে জরিমানা
সংগৃহীত ছবি

নারায়ণগঞ্জে শব্দদূষণকারী চারটি যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে পরিবেশ অধিদপ্তর। এ সময় যানবাহনগুলো থেকে মোট ১২ হাজার টাকা জরিমানা আদায় এবং চারটি হাইড্রোলিক হর্ন জব্দ করা হয়েছে।

রবিবার (৭ জুন) দুপুরে শব্দদূষণ নিয়ন্ত্রণে পরিবেশ অধিদপ্তর এই অভিযান পরিচালনা করে। জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আল-আমিনের নেতৃত্বে সদর থানা পুলিশ এবং পরিবেশ অধিদপ্তর, নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত একটি দল সদর উপজেলার বিভিন্ন এলাকায় শব্দদূষণবিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানে পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মো. হুজ্জাতুল ইসলাম প্রসিকিউশন প্রদান করেন।

পরিবেশ অধিদপ্তর জানায়, অভিযানকালে শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০২৫ অনুযায়ী অতিরিক্ত শব্দ সৃষ্টিকারী ৪টি যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। এ সময় সংশ্লিষ্ট যানবাহনগুলোর কাছ থেকে মোট ১২ হাজার টাকা জরিমানা আদায় করা হয় এবং ৪টি অবৈধ হর্ন জব্দ করা হয়।

নারায়ণগঞ্জ পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক এইচ এম রাশেদ বলেন, ‘শব্দদূষণ জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর। নগরবাসীর স্বাভাবিক জীবনযাত্রা ও পরিবেশ সুরক্ষায় এ ধরনের অভিযান নিয়মিত পরিচালিত হচ্ছে। আইন অমান্য করে শব্দদূষণ সৃষ্টি করলে কাউকেই ছাড় দেওয়া হবে না। পরিবেশ অধিদপ্তরের এ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।’

তিনি আরো জানান, পরিবেশ দূষণ ও জনদুর্ভোগ সৃষ্টি করে এমন কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে অধিদপ্তর এবং সচেতনতার পাশাপাশি আইনগত ব্যবস্থাও চলমান থাকবে।