• ই-পেপার

নৌপথে মালয়েশিয়ায় মানবপাচারের ‘গডফাদার’ লেইঙ্গা ছৈয়দুল আটক

মুক্তাগাছায় পুকুরে ডুবে ২ শিশু ও মাটিচাপায় ১ জন নিহত

ময়মনসিংহ প্রতিনিধি
মুক্তাগাছায় পুকুরে ডুবে ২ শিশু ও মাটিচাপায় ১ জন নিহত
প্রতীকী ছবি

ময়মনসিংহের মুক্তাগাছায় পৃথক ঘটনায় দুই শিশুসহ তিনজনের মৃত্যু হয়েছে।

রবিবার (৭ জুন) উপজেলার কাশিমপুর ও তারাটি ইউনিয়নে এসব ঘটনা ঘটে।

নিহতরা হলো আনোয়ার হোসেনের ছেলে মো. হোসাইন (৬) ও সাকিবের মেয়ে মারিয়াম (৫)। উপজেলার ৯ নং কাশিমপুর ইউনিয়নের রঘুনাথপুর মধ্যপাড়া গ্রামের বাসিন্দা তারা। অপরজন নিজাম (৩৫)। তিনি কলাকান্দা গ্রামের বাসিন্দা 

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে বাড়ির পাশে খেলতে খেলতে পুকুরে পড়ে যায় দুই শিশু। পরে স্বজনরা খোঁজাখুঁজি করে তাদের উদ্ধার করে মুক্তাগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

অন্যদিকে উপজেলার ৩ নং তারাটি ইউনিয়নের কলাকান্দা গ্রামে ড্রেজার মেশিন দিয়ে পুকুর খননের সময় মাটিচাপায় নিজাম (৩৫) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

স্থানীয়রা জানায়, বিকেলে নিজ ড্রেজার মেশিন দিয়ে একই গ্রামের আইজুল মিয়ার পুকুরে বালু উত্তোলনের সময় হঠাৎ পুকুরের মাটি ধসে তার ওপর পড়ে যায়। পরে সহকর্মীরা প্রায় ১০ থেকে ১৫ মিনিট চেষ্টা চালিয়ে তাকে উদ্ধার করলেও ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম জানান, পৃথক দুই ঘটনায় তিনজনের মৃত্যুর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করেছে। নিহতদের মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে এবং পরবর্তী কার্যক্রম প্রক্রিয়াধীন।

নারায়ণগঞ্জ

মামলা নিতে ঘুষ দাবির অভিযোগ, মরদেহ নিয়ে থানা ঘেরাও স্থানীয়দের

নারায়ণগঞ্জ সিটি প্রতিনিধি
মামলা নিতে ঘুষ দাবির অভিযোগ, মরদেহ নিয়ে থানা ঘেরাও স্থানীয়দের
ছবি : কালের কণ্ঠ

নারায়ণগঞ্জের বন্দরে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মো. জোবায়ের (১৮) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। এদিকে তাকে ছুরিকাঘাতের ঘটনায় মামলা করতে গেলে ঘুষ দাবি ও গড়িমসির অভিযোগ তুলে মরদেহ নিয়ে বন্দর মডেল থানা ঘেরাও করে বিক্ষোভ করেছে স্থানীয়রা।

রবিবার (৭ জুন) সন্ধ্যায় জোবায়েরের মরদেহ বন্দর এলাকায় পৌঁছালে শতাধিক মানুষ ক্ষোভে ফেটে পড়ে। এ সময় তারা থানার সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করে।

নিহত জোবায়ের পাবনা সদর উপজেলার রাজাপুর এলাকার জাহাঙ্গীরের ছেলে। তিনি নারায়ণগঞ্জের বন্দরের এনায়েতনগর এলাকায় ভাড়া বাসায় থেকে একটি স্থানীয় প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন।

স্থানীয় সূত্র জানায়, গত বুধবার (৩ জুন) রাত ৯টার দিকে কাজ শেষে বাসায় ফেরার পথে এনায়েতনগরের ভাঙা ব্রিজের উত্তর পাশে তিন ছিনতাইকারী তার পথরোধ করে। বাধা দিলে দুর্বৃত্তরা তাকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।

পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে নারায়ণগঞ্জ ৩০০ শয্যা বিশিষ্ট খানপুর হাসপাতালে নিয়ে যান। অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে কয়েক দিন চিকিৎসাধীন থাকার পর রবিবার ভোর সাড়ে ৫টার দিকে তিনি মারা যান।

পরিবার ও এলাকাবাসীর অভিযোগ, ঘটনার পর জোবায়েরের বাবা বন্দর থানায় মামলা করতে গেলে পুলিশ মামলা গ্রহণ করেনি।

নিহত জোবায়েরের প্রতিবেশী টিপু দাবি করেন, মামলা করতে গেলে ১০ হাজার টাকা ঘুষ দাবি করা হয়েছিল, টাকা না দেওয়ায় মামলা নেওয়া হয়নি।

পরে মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে উত্তেজিত জনতা মরদেহ নিয়ে বন্দর মডেল থানার সামনে বিক্ষোভ করেন। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত, দায়ীদের গ্রেপ্তার এবং মামলা গ্রহণে পুলিশের ভূমিকার ব্যাখ্যা দাবি করেন।

এ বিষয়ে বন্দর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মুক্তার আশরাফ উদ্দিন কালের কণ্ঠকে বলেন, ‘এলাকাবাসী থানায় এসেছিল। আমি তাদের আশ্বস্ত করেছি যে বিষয়টির যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। তারা আমার কথার ওপর আস্থা রেখে ফিরে গেছেন। আমরা সেই অভিযুক্ত সাব-ইন্সপেক্টরকে ইতিমধ্যে প্রত্যাহার করে নিয়েছি।’

তিনি আরো বলেন, ‘এ ঘটনায় মামলা করতে এসে ফিরে গেছে এমন কোনো তথ্য আমার কাছে নেই। তবে ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে একজনকে ইতোমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। মামলা না থাকায় তাকে অন্য একটি মামলায় আদালতে পাঠানো হয়েছে। ভুক্তভোগীর পরিবার মামলা করলে ওই মামলায়ও তাকে শ্যোন অ্যারেস্ট দেখানো হবে। পাশাপাশি ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।’

দুর্নীতির অভিযোগ

বিসিসির চিফ অ্যাসেসর নূরুল ইসলামকে পদ থেকে অব্যাহতি

নিজস্ব প্রতিবেদক, বরিশাল
বিসিসির চিফ অ্যাসেসর নূরুল ইসলামকে পদ থেকে অব্যাহতি
সংগৃহীত ছবি

নিয়োগ অবৈধ এবং অনিয়ম ও আর্থিক দুর্নীতির অভিযোগে বরিশাল সিটি করপোরেশনের চিফ অ্যাসেসর নূরুল ইসলামকে চিফ অ্যাসেসর পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তাকে প্রশাসকের কার্যালয়ে বিশেষ কর্মে ন্যস্ত করা হয়েছে। 

রবিবার (৭ জুন) বরিশাল সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাউল বারী সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

এদিকে অনিয়ম তদন্তে সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রায়হান উজজামান ও আইন উপদেষ্টা অ্যাডভোকেট শাহ আমিনুল ইসলামের সমন্বয়ে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ওই কমিটিকে আগামী ১৫ কার্য দিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

কিশোরগঞ্জে ঢাকঢোল বাজিয়ে পিতাকে দাফনের চেষ্টা, অতঃপর...

কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি
কিশোরগঞ্জে ঢাকঢোল বাজিয়ে পিতাকে দাফনের চেষ্টা, অতঃপর...
ছবি : ভিডিও থেকে নেওয়া

কিশোরগঞ্জের কটিয়াদীতে এক প্রবীণ ব্যক্তির দাফনকে কেন্দ্র করে ঢাকঢোল বাজানো ও নাচের দৃশ্য ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পরে স্থানীয় আলেম ও গণ্যমান্য ব্যক্তিদের হস্তক্ষেপে পরিবার পূর্বের সিদ্ধান্ত পরিবর্তন করে স্বাভাবিকভাবে জানাজা ও দাফন সম্পন্ন করে।

রবিবার (৭ জুন) দুপুরে কটিয়াদী উপজেলার পৌর এলাকার ৬ নম্বর ওয়ার্ডের পূর্ব কাহেতেরটেকী মহল্লায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, বার্ধক্যজনিত কারণে ওই এলাকার ১০০ বছর বয়সী শামসুদ্দিনের মৃত্যু হলে তাঁর পরিবারের সদস্যরা দাফনের প্রস্তুতি শুরু করেন। এ সময় ঢাকঢোল বাজানো ও কিছু নাচের দৃশ্য দেখা যায়, যা স্থানীয়দের মধ্যে বিস্ময় ও অসন্তোষের জন্ম দেয়। পরে ঘটনাটির ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।

শামসুদ্দিন ও তাঁর পরিবার নেত্রকোনার প্রয়াত পীর গাজী আকবর আলায়ী রিজভীর অনুসারী ছিলেন। পরিবারের দাবি, মরহুমের শেষ ইচ্ছা অনুযায়ী ঢাকঢোল বাজিয়ে দাফনের প্রস্তুতি নেওয়া হয়েছিল।

পরে বিষয়টি নিয়ে স্থানীয় আলেম মাওলানা তোফাজ্জল হক রাশেদী, মাওলানা মোবারক হোসাইন, মো. জহিরুল ইসলাম, মো. সোহানসহ গণ্যমান্য ব্যক্তিরা পরিবারের সঙ্গে আলোচনা করেন। কোরআন-হাদিসের আলোকে পরামর্শ দেওয়ার পর পরিবারের সদস্যরা পূর্বের সিদ্ধান্ত থেকে সরে আসেন এবং সাধারণ নিয়মে জানাজা ও দাফন সম্পন্ন করেন।

কাহেতেরটেকী গ্রামের মাওলানা তোফাজ্জল হক রাশেদী জানান, স্থানীয়দের সঙ্গে আলোচনা করে পরিবারকে বোঝানোর পর তারা বিষয়টি মেনে নেন এবং স্বাভাবিকভাবে দাফন সম্পন্ন হয়।

মরহুমের দুই ছেলে খায়রুল ইসলাম ও নাজিমুদ্দিন বলেন, পিতার ইচ্ছা পূরণ করতেই তারা এমন উদ্যোগ নিয়েছিলেন। পরে আলেমদের পরামর্শে সিদ্ধান্ত পরিবর্তন করেন।

এ বিষয়ে কটিয়াদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, ‘লোকমুখে ঘটনাটি শুনেছি। তবে এ বিষয়ে কেউ আমাদের অবহিত করেনি। তারপরও ঘটনাটি জানতে এলাকায় পুলিশ পাঠানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।’