• ই-পেপার

রপ্তানি বহুমুখীকরণে ৩ হাজার কোটি টাকার পুনরর্থায়ন স্কিম চালু

ই-ভ্যাট রিটার্ন দাখিলের সময় আরো বাড়ল

অনলাইন ডেস্ক
ই-ভ্যাট রিটার্ন দাখিলের সময় আরো বাড়ল

আগামী জুলাই থেকে বাধ্যতামূলকভাবে অনলাইন ভ্যাট রিটার্ন দাখিল কার্যক্রম চালুর প্রস্তুতির অংশ হিসেবে ব্যবসায়ীদের পূর্বের দাখিলকৃত কাগজভিত্তিক (হার্ড কপি) ভ্যাট রিটার্নগুলো ইলেকট্রনিক ভ্যাট (ই-ভ্যাট) সিস্টেমে অন্তর্ভুক্ত করার সময়সীমা আগামী ৩০ জুন পর্যন্ত বাড়িয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

রবিবার (৭ জুন) এনবিআরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগে হার্ড কপিতে জমা দেওয়া মাসিক ভ্যাট রিটার্নসমূহ ডিজিটালভাবে সংরক্ষণ ও অনলাইনে অন্তর্ভুক্ত করার সুবিধার্থে ই-ভ্যাট ব্যবস্থায় ‘হার্ড কপি রিটার্ন এন্ট্রি’ নামে একটি নতুন সাব-মডিউল সংযোজন করা হয়েছে।

এনবিআর জানায়, এ সাব-মডিউল ব্যবহারের পদ্ধতি নির্ধারণ করে গত ৫ জানুয়ারি একটি পরিপত্র জারি করা হয় এবং সব হার্ড কপি রিটার্ন অনলাইন সিস্টেমে অন্তর্ভুক্ত করার জন্য ৩১ মার্চ পর্যন্ত সময় নির্ধারণ করা হয়েছিল।

তবে ই-ভ্যাট প্ল্যাটফর্মের তথ্য অনুযায়ী, এখনো উল্লেখযোগ্য সংখ্যক কাগজভিত্তিক রিটার্ন অনলাইন সিস্টেমে অন্তর্ভুক্ত করা হয়নি।

আগামী জুলাই থেকে অনলাইন ভ্যাট রিটার্ন দাখিল বাধ্যতামূলক করার লক্ষ্যে ব্যবসাপ্রতিষ্ঠানগুলোকে প্রয়োজনীয় কাজ সম্পন্ন করার জন্য অতিরিক্ত সময় দিয়ে আগামী ৩০ জুন পর্যন্ত সময়সীমা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে এনবিআর।

এনবিআর সতর্ক করে দিয়ে বলেছে, যে সকল ব্যবসা প্রতিষ্ঠান সংশোধিত সময়সীমার মধ্যে তাদের কাগজের রিটার্নগুলো ই-ভ্যাট সিস্টেমে এন্ট্রি করতে ব্যর্থ হবে, তারা বিধিনিষেধের সম্মুখীন হবে।

এ ক্ষেত্রে, ২০২৬ সালের মে মাস পর্যন্ত তাদের সমাপনী স্থিতি (ক্লোজিং ব্যালেন্স) স্থগিত (ফ্রিজ) করে দেওয়া হবে। ফলে ভবিষ্যতে ওই স্থিতির বিপরীতে কোনো সমন্বয় করা যাবে না।

রাজস্ব বোর্ড আরও জানায়, ভ্যাট ফেরতের (রিফান্ড) আবেদন নিষ্পত্তির জন্য সংশ্লিষ্ট সব ভ্যাট রিটার্ন অনলাইন সিস্টেমে থাকা বাধ্যতামূলক। ফলে যে সব ব্যবসাপ্রতিষ্ঠান তাদের পূর্ববর্তী সব ভ্যাট রিটার্ন ই-ভ্যাট প্ল্যাটফর্মে অন্তর্ভুক্ত করবে না, তারা রিফান্ডের আবেদন করতে পারবে না।

দেশের রাজস্ব ব্যবস্থায় স্বচ্ছতা ও জবাবদিহি বৃদ্ধি এবং রাজস্ব কার্যক্রমের পূর্ণাঙ্গ ডিজিটাল রূপান্তরের লক্ষ্যে চলমান উদ্যোগে করদাতাদের সার্বিক সহযোগিতা কামনা করেছে এনবিআর।

১৬ মাসের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতি মে মাসে

অনলাইন ডেস্ক
১৬ মাসের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতি মে মাসে

দেশে গত ১৬ মাসে সর্বোচ্চ মূল্যস্ফীতি হয়েছে মে মাসে। মে মাসে মূল্যস্ফীতি ৯ দশমিক ৪২ শতাংশ বলে জানিয়েছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো।

আজ রবিবার বিবিএস মে মাসের মূল্যস্ফীতির তথ্য প্রকাশ করেছে বিবিএস।

গত বছর, অর্থাৎ ২০২৫ সালের ফেব্রুয়ারির পর এটাই সর্বোচ্চ মূল্যস্ফীতির রেকর্ড। এপ্রিল ও মে দুই মাসই মূল্যস্ফীতি ৯ শতাংশের বেশি রয়েছে।

এপ্রিলে মূল্যস্ফীতির হার ছিল ৯ দশমিক ০৪ শতাংশ এবং মে মাসে, অর্থাৎ পরের মাসে এই হার আরো বেড়ে ৯ দশমিক ৪২ শতাংশে পৌঁছায়।

বিবিএসের হালনাগাদ তথ্য বলছে, খাদ্য ও খাদ্যবর্হিভূত উভয় খাতে মূল্যস্ফীতি ঊর্ধ্বমুখী হওয়ায় এক মাসের ব্যবধানে এ সূচক বেড়েছে দশমিক ৩৮ শতাংশীয় পয়েন্ট।

জুনের ৬ দিনে রেমিট্যান্স এলো ৬৮ কোটি ডলার

অনলাইন ডেস্ক
জুনের ৬ দিনে রেমিট্যান্স এলো ৬৮ কোটি ডলার

চলতি মাসের প্রথম ৬ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ৬৮ কোটি ৩৪ লাখ মার্কিন ডলার। এই হিসাবে প্রতিদিন গড়ে দেশে এসেছে ১১ কোটি ৩৯ লাখ ডলার রেমিট্যান্স।

রবিবার (৭ জুন) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, চলতি জুন মাসের প্রথম ৬ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ৬৮ কোটি ৩৩ লাখ ৭০ হাজার ডলার। আর গত বছরের একই সময়ে এসেছিল ৮৬ কোটি ২৫ লাখ ৯০ হাজার ডলার। অর্থাৎ বছর ব্যবধানে রেমিট্যান্স প্রবাহ কমেছে।

চলতি অর্থবছরের জুলাই থেকে ৬ জুন পর্যন্ত দেশে এসেছে ৩ হাজার ৩৪৪ কোটি ১ লাখ ৭০ হাজার ডলার রেমিট্যান্স। বছর ব্যবধানে যা বেড়েছে ১৭ দশমিক ৮৮ শতাংশ।

এনবিআর বেআইনি আইনকে অস্ত্র বানিয়ে টাকা নিচ্ছে : বিকেএমইএর সভাপতি

অনলাইন ডেস্ক
এনবিআর বেআইনি আইনকে অস্ত্র বানিয়ে টাকা নিচ্ছে : বিকেএমইএর সভাপতি
বিকেএমইএর সভাপতি মোহাম্মদ হাতেম। ফাইল ছবি

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কিছু ‘বেআইনি’ আইন ও নীতিকে ‘ট্যাক্স টেরোরিজম’ বা কর সন্ত্রাস বলে আখ্যায়িত করেছেন নিট পোশাকশিল্প মালিকদের সংগঠন বিকেএমইএর সভাপতি মোহাম্মদ হাতেম। তিনি অভিযোগ করেছেন, এনবিআরের এসব নীতির কারণে বাধ্য হয়ে ব্যবসায়ীদের ভুয়া ব্যালেন্স শিট তৈরি করতে হচ্ছে। এর ফলে কাগজে-কলমে কোটি কোটি টাকা লাভ দেখানো হলেও বাস্তবে সেই টাকা ব্যবসায়ীদের কাছে থাকছে না।

শনিবার (৬ জুন) রাজধানীর সিরডাপ আন্তর্জাতিক কনফারেন্স সেন্টারে অনলাইন প্ল্যাটফর্ম ‘চরচা ডটকম’ আয়োজিত এক গোলটেবিল আলোচনা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন বিকেএমইএ সভাপতি।

মোহাম্মদ হাতেম বলেন, ‘ডাকাতরা কী করে? অস্ত্র ধরে মানুষের কাছ থেকে টাকা ছিনিয়ে নেয়। আর এনবিআর কিছু বেআইনি আইনকে অস্ত্র হিসেবে ব্যবহার করে আমাদের কাছ থেকে একইভাবে টাকা ছিনিয়ে নিচ্ছে। এটা বন্ধ হওয়া উচিত।’

একটি উদাহরণ দিয়ে তিনি ব্যালেন্স শিটের গরমিল ও কর ব্যবস্থার জটিলতা তুলে ধরেন। বিকেএমইএ সভাপতি বলেন, ‘ধরা যাক একজন ব্যবসায়ীর মোট রপ্তানি ১৫০ কোটি টাকা। ১ শতাংশ হারে উৎস কর বা এআইটি (অ্যাডভান্স ইনকাম ট্যাক্স) বাবদ এনবিআর শুরুতেই তার কাছ থেকে ১ কোটি ৫০ লাখ টাকা কেটে নিল। বছর শেষে রিটার্ন দাখিলের সময় দেখা গেল ওই ব্যবসায়ীর প্রকৃত লাভ হয়েছে ১ কোটি টাকা। ১২ শতাংশ করপোরেট ট্যাক্স হারে তার কর হওয়ার কথা ১২ লাখ টাকা। কিন্তু এনবিআর তো আগেই ১ কোটি ৩৮ লাখ টাকা বেশি নিয়ে বসে আছে।’

তিনি আরো বলেন, এখানেই শেষ নয়। এরপর ব্যালেন্স শিটের বিভিন্ন খরচ ‘ডিজেলাও’ (অনুমোদনহীন) করা হয়। উৎসে কর (টিডিএস) কাটা হয়নি—এমন অজুহাতে ওই খরচগুলোকে লাভের অংশ দেখিয়ে তার ওপর ৩০ শতাংশ হারে কর ধার্য করা হয়। এ ছাড়া ব্যাবসায়িক প্রয়োজনে ব্যাংকে রাখা এফডিআরের ওপর ব্যাংক ১০ শতাংশ উৎসে কর কাটলেও, পরে ট্যাক্স অফিস থেকে বলা হয় করের হার সাড়ে ২৭ শতাংশ। ফলে আরও সাড়ে ১৭ শতাংশ কর দাবি করা হয়। আর প্রতিষ্ঠানটি যদি লিমিটেড কোম্পানি না হয়ে প্রোপাইটারশিপ বা একক মালিকানাধীন হয়, তবে কেটে নেওয়া ওই দেড় কোটি টাকার ওপর আরও ৩০ শতাংশ সারচার্জ দিতে হয়।

মোহাম্মদ হাতেম ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘সব মিলিয়ে একটি ক্ষেত্রে দেখা গেল ৭২ থেকে ৭৩ লাখ টাকার মতো অতিরিক্ত ট্যাক্স ধার্য করে দেওয়া হলো। এখন এই টাকা জমা না দিলে এনবিআর রিটার্নও দাখিল করতে দিচ্ছে না। রিটার্ন আগে জমা নেবে, তারপর টাকার হিসাব হবে—তা নয়। টাকা না দিলে রিটার্নই নেবে না। একে আপনি ‘ট্যাক্স টেরোরিজম’ ছাড়া কী বলবেন?’

এই ব্যবস্থার কারণে ব্যবসায়ীরা কীভাবে ভুয়া হিসাব বিবরণী তৈরি করতে বাধ্য হচ্ছেন, তারও ব্যাখ্যা দেন বিকেএমইএ প্রধান। তিনি বলেন, ‘এনবিআর যেহেতু শুরুতেই দেড় কোটি টাকা কেটে রেখেছে, তাই ট্যাক্স ফাইল যারা তৈরি করে তারা তখন ‘ব্যাক ক্যালকুলেশন’ শুরু করে। ওই দেড় কোটি টাকা ট্যাক্স বৈধ করতে হলে লাভ দেখাতে হবে সাড়ে ১২ কোটি টাকা। ফলে বাধ্য হয়ে একটা ফেক বা ভুয়া ব্যালেন্স শিট তৈরি করা হয়।’

একই সঙ্গে বাংলাদেশ ব্যাংকের ‘রিস্ক ম্যানেজমেন্ট পলিসি’ বা ঝুঁকি ব্যবস্থাপনা নীতিকেও এর জন্য দায়ী করেন তিনি। মোহাম্মদ হাতেম বলেন, ‘বাংলাদেশ ব্যাংকের নীতি অনুযায়ী ব্যবসায় প্রতি বছর নির্দিষ্ট পরিমাণ লাভ না দেখালে বা স্কোর ৬০ শতাংশের নিচে নামলে ব্যাংক ঋণ বা অন্যান্য সুবিধা বন্ধ হয়ে যায়। ফলে লোকসান হলেও ব্যাংকের সুবিধা ধরে রাখতে ব্যবসায়ীদের লাভ দেখাতে হয়।’

এনবিআর চেয়ারম্যানের সঙ্গে তার আলোচনার সূত্র ধরে তিনি উদ্বেগ প্রকাশ করে বলেন, ‘আমি এনবিআর চেয়ারম্যানকে আগেই বলেছি, কাগজে-কলমে আমি বছর বছর ৮ কোটি, ১০ কোটি বা ১২ কোটি টাকা লাভ দেখাচ্ছি। কিন্তু বাস্তবে ‘কাজের গরু গোয়ালে নাই, আছে কাগজে’। একটা পর্যায়ে গিয়ে আপনারা যখন আমাকে ধরবেন যে এই টাকা কোথায় গেল? আমি কি টাকা বিদেশে পাচার করেছি? তখন এর উত্তর কী হবে?’