• ই-পেপার

ময়মনসিংহে ৪ দিন পর ১৪৪ ধারা প্রত্যাহার

ভালুকায় নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ৯

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি
ভালুকায় নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ৯
সংগৃহীত ছবি

ময়মনসিংহের ভালুকায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ঝটিকা মিছিলের ঘটনায় যুবলীগ ও ছাত্রলীগের ৯ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার (৬ জুন) দিবাগত রাতে উপজেলার বিভিন্ন ইউনিয়নে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

রবিবার (৭ জুন) বিশেষ ক্ষমতা আইনে ৫৫ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতপরিচয় আরো ২৫ থেকে ৩০ জনকে আসামি করে একটি মামলা দায়ের হয়েছে।

গ্রেপ্তাররা হলেন উপজেলার মল্লিকবাড়ি ইউনিয়নের বর্তা গ্রামের ফরহাদ হোসেন (২৮), ভান্ডাব গ্রামের নাজিম উদ্দিন (২৫), সাইফুল ইসলাম (৪৫), নয়নপুর গ্রামের মেহেদী হাসান আলাল (৩২), কাচিনা ইউনিয়নের বাটাজোর গ্রামের ইকবাল তালুকদার (৩০), উথুরা ইউনিয়নের নারঙ্গী গ্রামের রণি ঘোষ (৩৪), ভালুকা পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের ইমন শেখ (২৮), ৭ নম্বর ওয়ার্ডের ফারুক হাসান মণ্ডল (৩৮) এবং হবিরবাড়ি ইউনিয়নের ছোট কাশর গ্রামের মনির হোসেন (৩৪)।

এর আগে শনিবার সকালে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আফসানুল ইসলাম খান রাফির নেতৃত্বে উপজেলার হবিরবাড়ি ইউনিয়নের মাস্টারবাড়ি এলাকায় ছাত্রলীগের নেতাকর্মীরা ঝটিকা মিছিল করেন। মিছিলের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়।

এ ঘটনার প্রতিবাদে একই দিন বিকেলে ভালুকা উপজেলা ছাত্রদল স্কয়ার মাস্টারবাড়ি এলাকায় পাল্টা বিক্ষোভ মিছিল করে।

ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল ইসলাম জানান, ঝটিকা মিছিলের ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়েছে। মামলায় গ্রেপ্তার ব্যক্তিদের আদালতে পাঠানো হয়েছে এবং অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

ফেনীতে মারধরের শিকার মানসিক প্রতিবন্ধী যুবকের মৃত্যু

ফেনী প্রতিনিধি
ফেনীতে মারধরের শিকার মানসিক প্রতিবন্ধী যুবকের মৃত্যু
প্রতীকী ছবি

ফেনীতে মারধরের শিকার মো. জসিম উদ্দিন (৩০) নামে এক মানসিক প্রতিবন্ধী যুবকের মৃত্যু হয়েছে। রবিবার (৭ জুন) ভোর পৌনে ৪টার দিকে ফেনী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন তিনি মারা যান।

নিহত জসিম উদ্দিন সিলেটের গোলাপগঞ্জ উপজেলার রনকেলী গ্রামের মৃত তমছির আলীর ছেলে।

পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা যায়, শনিবার (৬ জুন) রাত ১১টার দিকে শহরের বড় মসজিদ এলাকা থেকে কয়েকজন অজ্ঞাতপরিচয় ব্যক্তি আহত অবস্থায় জসিম উদ্দিনকে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে যান। প্রাথমিকভাবে জানা গেছে, ওই এলাকায় তাকে মারধর করা হয়েছিল।

পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রবিবার ভোররাতে তার মৃত্যু হয়।

আরো পড়ুন
গাইবান্ধায় মদপানে যুবকের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ জন

গাইবান্ধায় মদ্যপানে যুবকের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ জন

 

ফেনী জেনারেল হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) ডা. রোকন উদ দৌলা বলেন, আহত ব্যক্তিকে হাসপাতালে নিয়ে আসা লোকজনের পরিচয় জানা যায়নি। তার শরীরে আঘাতের চিহ্ন ছিল। চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা গেছেন। মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মুহাম্মদ ফৌজুল আজিম বলেন, পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) নিহতের পরিচয় শনাক্ত করেছে। শনিবার রাতে শহরের বড় মসজিদ এলাকায় তার সঙ্গে হাতাহাতি ও বাগবিতণ্ডার ঘটনা ঘটে। সেখানে তাকে মারধর করা হয়। তবে এটি গণপিটুনির ঘটনা নয়। তিনি মানসিক প্রতিবন্ধী ছিলেন বলে আমরা জেনেছি।

তিনি আরো জানান, ঘটনার বিষয়ে তদন্ত চলছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

গাইবান্ধায় মদ্যপানে যুবকের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ জন

গাইবান্ধা প্রতিনিধি
গাইবান্ধায় মদ্যপানে যুবকের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ জন
প্রতীকী ছবি

গাইবান্ধার গোবিন্দগঞ্জে মদ্যপানের পর সোহাগ মণ্ডল (৩০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় মজিবর রহমান ও সৈকত মণ্ডল নামের আরো দুজন অসুস্থ হয়ে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

মৃত সোহাগ মণ্ডল গোবিন্দগঞ্জ উপজেলার সাপমারা ইউনিয়নের তরফ কামাল গ্রামের মৃত সামসুল মণ্ডলের ছেলে।

পারিবারিক সূত্রে জানা গেছে, শনিবার দিবাগত রাত প্রায় ১১টার দিকে সোহাগ, সৈকত ও মজিবর দেশী মদ্যপান করেন। পরে তারা অসুস্থ হয়ে পড়লে রাতেই তাদের বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রবিবার সকাল সাড়ে ৭টার দিকে সোহাগ মণ্ডলের মৃত্যু হয়।

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) স্বপন কুমার সরকার জানান, এ ঘটনায় এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ফেনীতে ‘মাদক সম্রাজ্ঞী’ ফাতেমা গ্রেপ্তার

ফেনী প্রতিনিধি
ফেনীতে ‘মাদক সম্রাজ্ঞী’ ফাতেমা গ্রেপ্তার
সংগৃহীত ছবি

ফেনীর পরশুরাম ‍উপজেলায় পুলিশের বিশেষ সাঁড়াশি অভিযানে ‘মাদক সম্রাজ্ঞী’ হিসেবে পরিচিত ফাতেমা আক্তারকে (৩৫) গ্রেপ্তার করা হয়েছে।

শুক্রবার (৬ জুন) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে উপজেলার উত্তর বাউরখুমা তালুকপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ফাতেমা ওই এলাকার বাসিন্দা।

পুলিশ সূত্র জানায়, জেলা পুলিশ সুপারের নির্দেশনায় পরশুরাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) তত্ত্বাবধানে উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ গোলাম হক্কানী ও মোস্তফা কামালের নেতৃত্বে পরিচালিত অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে ফেনীর আদালত থেকে জারি করা গ্রেপ্তারি পরোয়ানা ছিল।

থানা সূত্রে আরো জানা যায়, সিডিএমএসে যাচাই করে ফাতেমার বিরুদ্ধে ফেনী সদর ও পরশুরাম থানাসহ বিভিন্ন থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একাধিক মামলা পাওয়া গেছে। এসব মামলার মধ্যে ২০০৯, ২০১৭, ২০১৮, ২০২১, ২০২২ ও ২০২৫ সালে করা একাধিক মামলা রয়েছে।

গ্রেপ্তারের পর প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

পরশুরাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম বলেন, ‘মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে। মাদক সংশ্লিষ্ট অপরাধ দমনে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে।’

তিনি আরো বলেন, ‘সরকারের ঘোষিত মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে পুলিশ সর্বোচ্চ সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন করছে। ফেনী জেলাজুড়েও মাদক নির্মূলে অভিযান জোরদার করা হয়েছে।’