নোয়াখালীর চাটখিল উপজেলার ঘাটলাবাগ গ্রামে বসতবাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনায় চারজন আহত হয়েছেন। এ ঘটনায় প্রায় ৩ লাখ টাকার ক্ষয়ক্ষতির অভিযোগ পাওয়া গেছে।
এ ঘটনায় ক্ষতিগ্রস্ত সাইফুল ইসলাম বাদী হয়ে শুক্রবার রাতে চাটখিল থানায় চারজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরো ২০-২৫ জনকে আসামি করে একটি অভিযোগ করেছেন।
অভিযোগে জানা গেছে, গত শুক্রবার বেলা ১১টার সময় তারেক আজিজ শিপন (৪০), আবদুর রহমান সুজন (৩৮), ইসমাইল হোসেন রুবেল (৩৮) ও ইয়াছিন আরাফাতসহ অজ্ঞাতনামা ২০-২৫ জন সন্ত্রাসী দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালিয়ে সাইফুল ইসলামদের কয়েকটি বসত ঘর ভাঙচুর করে ৩ লাখ টাকার ক্ষতি করে। এ সময় সন্ত্রাসীদের হামলায় আহত হন সাইফুল ইসলাম (২৮), আনোয়ার হোসেন (৪২), মুরাদ হোসেন (৩০) ও পেয়ারা বেগম (৫০)। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
সাইফুল ইসলাম অভিযোগ করেন, হামলাকারীরা মদ, জুয়াসহ সমাজে বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত থেকে ত্রাসের রাজত্ব কায়েম করছে।
তবে অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত তারেক আজিজ শিপন। তিনি বলেন, ঘটনার সঙ্গে আমার কোনো সম্পৃক্ততা নেই। ঘটনার সময় আমি অন্য কাজে ব্যস্ত ছিলাম।
এ বিষয়ে চাটখিল থানার উপ-পরিদর্শক (এসআই) টুটুন মজুমদার বলেন, অভিযোগ পাওয়ার পর বিষয়টি তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।





