আসন্ন ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে ব্রাজিল সমর্থকদের উচ্ছ্বাসে মুখর হয়ে উঠেছে রাঙ্গামাটি। আজ শুক্রবার বিকেলে শহরে ব্রাজিল সমর্থকদের উদ্যোগে এক বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।
শহরের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ থেকে শুরু হওয়া শোভাযাত্রাটি রাঙামাটির প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় শহীদ মিনার চত্বরে এসে শেষ হয়। এ সময় ৫ শতাধিক সমর্থক ব্রাজিলের হলুদ-সবুজ জার্সি পরিধান করে এবং হাতে ব্রাজিলের জাতীয় পতাকা নিয়ে অংশ নেন।
শোভাযাত্রাজুড়ে সমর্থকদের কণ্ঠে ধ্বনিত হয় ব্রাজিল দলের পক্ষে নানা স্লোগান। প্রিয় দলের প্রতি ভালোবাসা ও সমর্থনের বহিঃপ্রকাশ ঘটাতে তারা বিশ্বকাপে ব্রাজিলের সাফল্য কামনা করেন।
ব্রাজিল সমর্থক মো. সাইফুল ইসলাম বলেন, ‘ছোটবেলা থেকেই ব্রাজিল দলের খেলা দেখে বড় হয়েছি। বিশ্বকাপ এলেই আমাদের আবেগ আরও বেড়ে যায়। আমরা চাই এবার ব্রাজিল দারুণ পারফরম্যান্স করে শিরোপা জিতুক।’

আরেক সমর্থক রুবেল হোসেন বলেন, ‘ব্রাজিল শুধু একটি দল নয়, এটি আমাদের ভালোবাসার নাম। দলের প্রতি সমর্থন জানাতেই আমরা এই শোভাযাত্রার আয়োজন করেছি। বিশ্বকাপজুড়ে আমরা ব্রাজিলের পাশে থাকব।’
অংশগ্রহণকারীরা জানান, ফুটবল শুধু একটি খেলা নয়, এটি আবেগ ও ভালোবাসার নাম। বিশ্বকাপকে ঘিরে সেই আবেগকে উদযাপন করতেই তাদের এই আয়োজন। তারা আশা প্রকাশ করেন, আসন্ন বিশ্বকাপে ব্রাজিল শিরোপা জিতে কোটি সমর্থকের প্রত্যাশা পূরণ করবে।
শোভাযাত্রার কারণে শহরের বিভিন্ন এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। পথচারী ও সাধারণ মানুষও ব্রাজিল সমর্থকদের এ প্রাণবন্ত আয়োজনে আগ্রহ নিয়ে অংশ নেন এবং উপভোগ করেন।
বিশ্বকাপের দিন যতই ঘনিয়ে আসছে, ততই রাঙমাটিতে ফুটবলপ্রেমীদের উন্মাদনা বাড়ছে। তারই অংশ হিসেবে ব্রাজিল সমর্থকদের এই বর্ণাঢ্য শোভাযাত্রা ফুটবলপ্রেমীদের মধ্যে নতুন করে উৎসাহ ও উদ্দীপনার সঞ্চার করেছে।





