• ই-পেপার

প্রাথমিক বিদ্যালয়ভিত্তিক ক্রীড়া উৎসবের চূড়ান্ত পর্ব শুরু

বাসযোগ্য পৃথিবী গড়তে বৈশ্বিক সহযোগিতার আহ্বান পরিবেশ প্রতিমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক
বাসযোগ্য পৃথিবী গড়তে বৈশ্বিক সহযোগিতার আহ্বান পরিবেশ প্রতিমন্ত্রীর
প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম। ছবি : কালের কণ্ঠ

বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে গ্লোবাল এনভায়রনমেন্টাল ফ্যাসিলিটি (জিইএফ)-এর সদস্য রাষ্ট্রগুলোর প্রতি সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম।

শুক্রবার (৫ জুন) উজবেকিস্তানের সমরখন্দ শহরে অনুষ্ঠিত জিইএফ সম্মেলনের দ্বিতীয় দিনের অধিবেশনে বক্তব্য প্রদানকালে প্রতিমন্ত্রী এ আহ্বান জানান।

অধিবেশনে প্রতিমন্ত্রী বলেন, পরিবেশ দূষণের উৎসসমূহ সঠিকভাবে চিহ্নিত করে সমন্বিত উদ্যোগ গ্রহণ করা গেলে দূষণ উল্লেখযোগ্যভাবে কমানো সম্ভব হবে। টেকসই উন্নয়ন নিশ্চিত করতে পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু সহনশীল কর্মসূচি বাস্তবায়নে আন্তর্জাতিক সহযোগিতার গুরুত্ব তুলে ধরেন তিনি।

শেখ ফরিদুল ইসলাম বলেন, সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের অংশ হিসেবে বাংলাদেশ আগামী পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ, ২০ হাজার কিলোমিটার নদী ও খাল পুনঃখনন, ১০ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদন এবং বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনের মতো গুরুত্বপূর্ণ কর্মসূচি বাস্তবায়নে কাজ করছে। পাশাপাশি প্রকৃতি-ভিত্তিক সমাধান ও বাস্তুতন্ত্রভিত্তিক অভিযোজন কার্যক্রমও এগিয়ে নেওয়া হচ্ছে।

পরিবেশ সুরক্ষা ও জলবায়ু পরিবর্তন মোকাবিলায় জিইএফ-এর লক্ষ্য ও অঙ্গীকার বাস্তবায়নে বাংলাদেশ দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, এ লক্ষ্যে সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে সহযোগিতা ও অংশীদারি আরো জোরদার করা প্রয়োজন।

সমরখন্দে অনুষ্ঠিত এই জিইএফ সম্মেলনে বিশ্বের ১৮৬টি সদস্য দেশের প্রতিনিধি, পরিবেশবিদ, বেসরকারি উন্নয়ন সংস্থা (এনজিও) এবং বেসরকারি খাতের প্রতিনিধিরা অংশগ্রহণ করছেন।

পুশ ইন প্রতিরোধে সীমান্ত এলাকায় নজরদারি জোরদার

অনলাইন ডেস্ক
পুশ ইন প্রতিরোধে সীমান্ত এলাকায় নজরদারি জোরদার
সংগৃহীত ছবি

পুশ ইন প্রতিরোধে সীমান্তবর্তী এলাকায় টহল ও নজরদারি জোরদার করেছে কোস্ট গার্ড। আজ শুক্রবার কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

তিনি বলেন, বাংলাদেশ কোস্ট গার্ড আওতাধীন সীমান্তবর্তী এলাকার সুরক্ষা এবং জাতীয় নিরাপত্তা নিশ্চিতকল্পে সার্বক্ষণিক টহল কার্যক্রম ও নজরদারি জোরদার করেছে।

কোস্ট গার্ড জানিয়েছে, তাদের দায়িত্বপূর্ণ বাংলাদেশ-ভারত সীমান্তবর্তী এলাকায় এখন পর্যন্ত কোনো পুশ ইনের ঘটনা ঘটেনি। সীমান্তবর্তী এলাকায় কোস্ট গার্ড ও সংশ্লিষ্ট অন্যান্য সংস্থার সমন্বয়ে পুশ ইন প্রতিরোধসহ যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ রোধে সার্বক্ষণিক নজরদারি অব্যাহত রয়েছে। 

কোস্ট গার্ড সুন্দরবনসহ সীমান্ত সংলগ্ন অঞ্চলে গোয়েন্দা নজরদারি, ড্রোন সারভেইলেন্স এবং আধুনিক প্রযুক্তিনির্ভর পর্যবেক্ষণ ব্যবস্থা আরো জোরদার করেছে।

পুশ ইন সংক্রান্ত যেকোনো তথ্য কোস্ট গার্ড জরুরি সেবা নম্বর ১৬১১১-এ প্রদান করে পুশ ইন রোধে সহযোগিতা করার জন্য সচেতন নাগরিকদের প্রতি আহ্বান জানিয়েছেন সাব্বির আলম সুজন। 

রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করলেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করলেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। এ সময় তিনি রোহিঙ্গাদের সঙ্গে কথা বলেন এবং সংশ্লিষ্টদের কাছ থেকে বিভিন্ন বিষয়ে খোঁজখবর নেন।

শুক্রবার (৫ জুন) বিকেলে তিনি উখিয়ার বালুখালী এলাকার বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন।

জানা গেছে, দুপুরে ঢাকা থেকে উড়োজাহাজে কক্সবাজারে পৌঁছান হাকান ফিদান। সেখানে তাকে অভ্যর্থনা জানান প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির।

প্রথমে তারা উখিয়ার বালুখালী ৯ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে যান। সেখানে তুরস্কের সহায়তায় স্থাপিত ফিল্ড হাসপাতালের কার্যক্রম পরিদর্শন করেন এবং চিকিৎসাসেবা নিতে আসা রোহিঙ্গা রোগীদের সঙ্গে কথা বলেন।

পরবর্তীতে ১৬ ও ১৭ নম্বর রোহিঙ্গা ক্যাম্পও পরিদর্শন করেন হাকান ফিদান। এসব ক্যাম্পে অবস্থিত তুরস্কের নির্মিত ফিল্ড হাসপাতালের কার্যক্রম ঘুরে দেখেন এবং সংশ্লিষ্টদের কাছ থেকে বিভিন্ন বিষয়ে খোঁজখবর নেন।

এ সময় উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত আসমা, থানার ওসি মোহাম্মদ মুজিবুর রহমান, এপিবিএন ও র‍্যাবসহ আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী ও গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এইচআরএসএএসের প্রতিবেদন

মে মাসে রাজনৈতিক সহিংসতা ও মবে মৃত্যু ৩৬

নিজস্ব প্রতিবেদক
মে মাসে রাজনৈতিক সহিংসতা ও মবে মৃত্যু ৩৬
প্রতীকী ছবি

দেশে রাজনৈতিক সহিংসতা ও মব জাস্টিস বা গণপিটুনির ঘটনা আশঙ্কাজনক রূপ নিয়েছে। সদ্যসমাপ্ত মে মাসেই রাজনৈতিক দ্বন্দ্বে ৫ জন এবং মব সহিংসতার নির্মম শিকারে প্রাণ হারিয়েছেন ৩১ জন নাগরিক। এ ছাড়া সাংবাদিক হেনস্তা, সীমান্ত হত্যা এবং নারী ও শিশু নির্যাতনের মতো মানবাধিকার লঙ্ঘনের ঘটনাগুলো দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতিকে এক বড় প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে।

শুক্রবার (৫ জুন) মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি (এইচআরএসএস) প্রকাশিত মে-২০২৬ মাসের মানবাধিকার পরিস্থিতি পর্যবেক্ষণ প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। দেশের ১৬টি জাতীয় গণমাধ্যমে প্রকাশিত সংবাদ, সংগৃহীত তথ্য এবং ফ্যাক্ট-ফাইন্ডিং রিপোর্টের ভিত্তিতে প্রতিবেদনটি প্রস্তুত করা হয়েছে।

  • রাজনৈতিক সহিংসতায় নিহত ৫, আহত ২৮৯

প্রতিবেদনের তথ্য অনুযায়ী, মে মাসে দেশে ৬৪টি রাজনৈতিক সহিংসতার ঘটনা ঘটেছে। এতে ৫ জন নিহত এবং ২৮৯ জন আহত হয়েছেন। তবে মে মাসে হতাহতের সংখ্যা এপ্রিলের তুলনায় কিছুটা কম। গত এপ্রিল মাসে ৯৮টি রাজনৈতিক সহিংসতার ঘটনায় ৬ জন নিহত এবং ৫৩৩ জন আহত হয়েছিলেন।

মে মাসের রাজনৈতিক সহিংসতার রাজনৈতিক উপাত্ত বিশ্লেষণ করে দেখা গেছে, বিএনপির অভ্যন্তরীণ কোন্দলে ১৮টি ঘটনায় আহত হয়েছেন অন্তত ১১৪ জন। এ ছাড়া বিএনপি-জামায়াত সংঘর্ষে ১০টি ঘটনায় ১ জন নিহত ও ৪৯ জন আহত, বিএনপি-আওয়ামী লীগ সংঘর্ষে ১৪টি ঘটনায় ২ জন নিহত ও ৭২ জন আহত, এবং বিএনপি ও অন্যান্য দলের মধ্যে সংঘর্ষে অন্তত ২৭ জন আহত হয়েছেন। পার্বত্য চট্টগ্রামে পাহাড়ি আঞ্চলিক দল ইউপিডিএফের অভ্যন্তরীণ দ্বন্দ্বে নিহত হয়েছেন ২ জন সদস্য। নিহত মোট ৫ জনের মধ্যে রয়েছেন বিএনপির ১ জন, জামায়াতের ১ জন, ইউপিডিএফের ২ জন এবং ১ জন সাধারণ নারী।

প্রতিবেদনে বলা হয়, অধিকাংশ সহিংসতাই ঘটেছে আধিপত্য বিস্তার, রাজনৈতিক বিরোধ, দলীয় কোন্দল ও চাঁদাবাজিকে কেন্দ্র করে। এ ছাড়া ৮টি সহিংসতার ঘটনায় অন্তত ১৩৪টি বাড়িঘর, ব্যবসাপ্রতিষ্ঠান ও দলীয় কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

  • যৌথবাহিনীর অভিযান ও গ্রেপ্তার

মে মাসে বিভিন্ন রাজনৈতিক নেতাকর্মীদের নামে ২৩টিরও বেশি মামলা হয়েছে, যেখানে ৪০৫ জনের নাম উল্লেখসহ প্রায় ৯৩২ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। রাজনৈতিক ও অন্যান্য ইস্যুতে মোট ২১২টি ঘটনায় অন্তত ৩৩১ জনকে গ্রেপ্তার করা হয়। এর মধ্যে আওয়ামী লীগের ২৪৬ জন, বিএনপির ৬৪ জন, জামায়াতের ১২ জন এবং এনসিপির ৯ জন রয়েছেন।

এর বাইরে যৌথ বাহিনীর বিশেষ অভিযানে সারা দেশে মোট ১ হাজার ৯৩৫ জনেরও বেশি ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারদের অধিকাংশই আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীসহ বিভিন্ন রাজনৈতিক ও উগ্রপন্থী সংগঠনের সদস্য।

  • মব সহিংসতায় ৩১ জনের মৃত্যু

মব সহিংসতা ও গণপিটুনি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে প্রতিবেদনে বলা হয়, মে মাসে চুরি, ডাকাতি, ছিনতাই, বাকবিতণ্ডা, আধিপত্য বিস্তার ও ধর্মীয় অবমাননার অভিযোগে ৬৬টি গণপিটুনির ঘটনা ঘটেছে। এতে ৩১ জন নিহত এবং ৬৮ জন আহত হয়েছেন।

  • মতপ্রকাশ ও গণমাধ্যমের স্বাধীনতা

মে মাসে ৩৯টি ঘটনায় ৭৮ জন সাংবাদিক নির্যাতন ও হয়রানির শিকার হয়েছেন। এর মধ্যে ৪২ জন আহত, ১৮ জন লাঞ্ছিত এবং ৯ জন হুমকির সম্মুখীন হয়েছেন। ১ জন সাংবাদিককে আটক করা হয়েছে এবং ২টি মামলায় ৮ জনকে আসামি করা হয়েছে।

পাশাপাশি ১০টি সভা-সমাবেশ আয়োজনে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর বাধা দেওয়ার অভিযোগ উঠেছে, যাতে ৪১ জনেরও বেশি মানুষ আহত হয়েছেন। এ ছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমে মতামত প্রকাশের জেরে অন্তত ১১টি ঘটনায় ৬ জনকে আটক ও ৭টি মামলা দায়ের করা হয়েছে। এদের মধ্যে প্রধানমন্ত্রী তারেক রহমানের সমালোচনা করে ফেসবুকে পোস্ট দেওয়ায় ১ জন এবং ক্ষমতাসীন বিএনপির নেতাকর্মীদের সমালোচনা করায় ৬ জনকে আটক করা হয়েছে। অন্যদিকে সাইবার সুরক্ষা অধ্যাদেশ-২০২৫-এর অধীনে ৫টি পৃথক মামলায় ১২ জনকে অভিযুক্ত করা হয়েছে।

  • সংখ্যালঘু ও মাজারে হামলা

সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর ৩টি হামলার ঘটনায় ৫ জন আহত হয়েছেন। এছাড়া ৬টি বসতবাড়িতে হামলা-ভাঙচুর এবং ১টি ভূমি দখলের ঘটনা ঘটেছে। পাশাপাশি কুষ্টিয়া ও ঢাকায় পৃথক দুটি মাজারে হামলার ঘটনা ঘটেছে, যাতে বেশ কয়েকজন আহত হন।

  • সীমান্তে উত্তেজনা ও হতাহত

ভারত-বাংলাদেশ সীমান্তে বিএসএফের গুলিবর্ষণ ও হামলার ৬টি ঘটনায় ৬ জন বাংলাদেশি নিহত এবং ২০ জন আহত হয়েছেন (যার মধ্যে ৩ জন গুলিবিদ্ধ)। এছাড়া ১৪ জনকে আটক করেছে বিএসএফ। অপরদিকে বাংলাদেশ-মায়ানমার সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে ৩ জন নিহত ও ১ জন আহত হয়েছেন। এছাড়া ৪টি ঘটনায় ১৮ জনকে আটক করেছে আরাকান আর্মি।

  • শ্রমিক অধিকার পরিস্থিতি

মে মাসে ৫৭টি শ্রমিক নির্যাতনের ঘটনায় ২০ জন নিহত ও ১৩০ জন আহত হয়েছেন। এছাড়া কর্মক্ষেত্রে অস্বাচ্ছন্দ্যকর পরিবেশ ও প্রয়োজনীয় সুরক্ষামূলক সরঞ্জামের অভাবে দুর্ঘটনায় আরও ৪১ জন শ্রমিক কর্মস্থলে প্রাণ হারিয়েছেন।

  • নারী ও শিশু নির্যাতন চরম পর্যায়ে

মে মাসে দেশে নারী ও শিশু নির্যাতনের এক ভয়াবহ চিত্র উঠে এসেছে। এই এক মাসে মোট ৩০৫ জন নারী ও কন্যাশিশু নির্যাতনের শিকার হয়েছেন। এর মধ্যে ৮৩ জন ধর্ষণের শিকার হয়েছেন, যার মধ্যে ৫৭ জনই ১৮ বছরের কম বয়সী শিশু-কিশোরী। ১৭ জন নারী ও কন্যাশিশু গণধর্ষণের শিকার হয়েছেন এবং ৭৬ জন যৌন নিপীড়নের শিকার হয়েছেন।

পারিবারিক সহিংসতার কারণে ৬৩ জন নারী নিহত, ৩১ জন আহত এবং ৪৫ জন আত্মহত্যা করেছেন। এছাড়া যৌতুকের কারণে ৩ জন নিহত এবং এসিড নিক্ষেপে ১ জন নারী আহত হয়েছেন। অন্যদিকে, মে মাসে অন্তত ২১৫ জন শিশু বিভিন্ন ধরনের শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হয়েছে, যার মধ্যে ৫৬ জন শিশু প্রাণ হারিয়েছে।

সার্বিক মানবাধিকার পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে এইচআরএসএসের নির্বাহী পরিচালক ইজাজুল ইসলাম বলেন, ‘মাসজুড়ে রাজনৈতিক সহিংসতা, গণপিটুনি, মতপ্রকাশের স্বাধীনতায় হস্তক্ষেপ, সাংবাদিক ও নারী-শিশু নির্যাতনের ধারাবাহিকতা অত্যন্ত উদ্বেগজনক। বিশেষ করে সামাজিক যোগাযোগমাধ্যমে মতামত প্রকাশকে কেন্দ্র করে গ্রেপ্তার, হয়রানি ও আইনি পদক্ষেপের ঘটনা নতুন করে ভীতি ও উদ্বেগের সৃষ্টি করেছে। এসব সমস্যার জরুরি সমাধান করা না হলে দেশের মানবাধিকার পরিস্থিতি আরও অন্ধকারের দিকে যাবে।