নেত্রকোনা মদনে মিঠু মিয়া নামের এক ছাত্রদল নেতার আঘাতে মো. ফরিদুল ইসলাম ও আতাউর রহমান নামের পুলিশের ২ কনস্টেবল আহত হয়েছেন। এ ঘটনায় মিঠুকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৪ জুন) সন্ধ্যায় মদন পৌর সদরের সরকারি কলেজ মোড়ে এ ঘটনা ঘটে।
আহত ফরিদুল ইসলাম ও আতাউর রহমান মদন থানায় কর্মরত রয়েছেন। অভিযুক্ত মিঠু মিয়া মদন সরকারি হাজী আব্দুল আজিজ খান ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি ও মদন পৌরসদরে ৫ নম্বর ওয়ার্ডের সৈয়দ রঞ্জু মিয়ার ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, মদন সরকারি কলেজ মোড় এলাকায় চট্টগ্রামগামী বাসে যাত্রীদের চরম দুর্ভোগ ও হয়রানি করা হচ্ছে বলে অভিযোগ ওঠে। এমন খবর পেয়ে মদন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাদির হোসেন শামীম পুলিশ নিয়ে ঘটনাস্থলে যান। এসময় যাত্রীরা নানা হয়রানি নিয়ে প্রশাসনের কাছে অভিযোগ করে। তখন ওই স্থানে আসেন ছাত্রদল নেতা মিঠু মিয়া। পরে পুলিশ তাকে একটু দূরে সরতে বললে পুলিশের সঙ্গে বাগ্বিতণ্ডায় জড়িয়ে পড়েন তিনি। এক পর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে। এসময় মিঠুর আঘাতে পুলিশের ২ কনস্টেবল আহত হয়।
আহত কনস্টেবলদের মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।
এ ব্যাপারে মদন উপজেলা ছাত্রদলের সভাপতি এস এইচ পিপুল জানান, শুনেছি, একটি ঝামেলার কারণে মদন সরকারি হাজী আব্দুল আজিজ খান ডিগ্রি কলেজ শাখার ছাত্রদলের সভাপতি মিঠুকে আটক করেছে পুলিশ। দলীয় শৃঙ্খলা ভঙ্গ করলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
মদন থানার ভারপ্রাপ্ত (ওসি) মোহাম্মদ তরিকুল ইসলাম জানান, যাত্রীদের সঙ্গে বাস কাউন্টারে ঝামেলার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। এসময় মিঠু নামের এক যুবক আঘাত করে দুই পুলিশ সদস্যকে আহত করে। এ ঘটনায় অভিযুক্ত যুবক মিঠুকে আটক করা হয়েছে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
এ বিষয়ে ইউএনও নাদির হোসেন শামীম জানান, কলেজ মোড় এলাকায় যাত্রীদের হয়রানির খবর পেয়ে ঘটনাস্থলে যাই। আমি উপস্থিত থেকে শ্রমিক সংগঠনের নেতাদের সঙ্গে কথা বলে অধিকাংশ যাত্রীর গাড়ির ব্যবস্থা করেছি। এসময় পুলিশের সঙ্গে স্থানীয় এক যুবকের হাতাহাতির ঘটনা ঘটেছে। সে বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে।