কক্সবাজারের মেরিন ড্রাইভ সড়কের দরিয়ানগর সংলগ্ন বড়ছড়া এলাকায় কালভার্ট নির্মাণকাজের সময় মাটিধসে চাপা পড়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরো একজন শ্রমিক আহত হয়েছেন।
বৃহস্পতিবার (৪ জুন) দুপুর ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, রাকিব (১৯) ও ইলিয়াস (২৬)। আহত শাহজাহান (২৭) কক্সবাজার জেলা সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামে পাঠানো হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ের আওতাধীন কোস্টাল বায়োডাইভারসিটি, মেরিন ফিশারিজ অ্যান্ড ওয়াইল্ডলাইফ রিসার্চ সেন্টারের যাতায়াত সুবিধার্থে একটি কালভার্ট নির্মাণকাজ চলছিল। নির্মাণকাজের অংশ হিসেবে শ্রমিকরা মাটি কাটার সময় হঠাৎ পাশের ঢালু অংশ ধসে পড়ে। এতে তিন শ্রমিক মাটির নিচে চাপা পড়েন।
ঘটনার সময় সেখানে কর্মরত শ্রমিক মো. আব্দুল খালেক বলেন, আমরা কালভার্ট নির্মাণের জন্য মাটি কাটছিলাম। হঠাৎ ওপর থেকে মাটি ধসে পড়ে। কিছু বুঝে ওঠার আগেই তিনজন শ্রমিক চাপা পড়ে যান।
পরে স্থানীয় লোকজন ও সহকর্মীরা দ্রুত উদ্ধার অভিযান চালিয়ে আহতদের কক্সবাজার জেলা সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক রাকিব ও ইলিয়াসকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত শাহজাহানকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামে রেফার করা হয়।
স্থানীয় ইউপি সদস্য মো. ইউনূস জানান, ‘লাকি এন্টারপ্রাইজ’ নামের একটি প্রতিষ্ঠানের অধীনে শ্রমিকরা কাজ করছিলেন। শ্রমিকদের প্রয়োজনীয় নিরাপত্তা সরঞ্জাম ছিল না বলেও তিনি দাবি করেন। তার ভাষ্য, নিরাপত্তা ব্যবস্থার ঘাটতির কারণেই এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে।
আরো পড়ুন
গলাচিপায় পানিতে ডুবে শিশুর মৃত্যু
দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি উদ্ধারকারী দল এবং কক্সবাজার সদর মডেল থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বলেন, ঘটনার পেছনে ঠিকাদার বা সংশ্লিষ্ট কারো গাফিলতি রয়েছে কি না, তা তদন্ত করে দেখা হবে। দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
নিহত দুই শ্রমিকের মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।