• ই-পেপার

বিএসএফের পুশ-ইনের চেষ্টা, শূন্য লাইনে ২৮ জনের অবস্থান

ফেনীতে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল দুই বন্ধুর

জেলা প্রতিনিধি, ফেনী
ফেনীতে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল দুই বন্ধুর
প্রতীকী ছবি

ফেনীতে বেপরোয়া গতির ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (৪ জুন) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ছাগলনাইয়ার ঘোপাল ইউনিয়নের মুহুরীগঞ্জ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, সোনাগাজী উপজেলার বক্তারমুন্সির সমপুর গ্রামের আবু তৈয়বের ছেলে ইকবাল হোসেন জিসান (২৩) ও ফেনী সদর উপজেলার কালিদহ ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের কামরুল ইসলাম রসুলের একমাত্র ছেলে জিহানুল ইসলাম শাওন (২২)।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, জিসান ও শাওন বন্ধুদের সঙ্গে চট্টগ্রামের সীতাকুণ্ডের গুলিয়াখালী এলাকায় ঘুরতে গিয়েছিল। সেখানে রাত্রিযাপন শেষে সকালে মোটরসাইকেলে করে ফেনীর উদ্দেশ্যে রওনা হন। মহাসড়কের ঘোপাল ইউনিয়নের মুহুরীগঞ্জ এলাকার চৌধুরীপাড়া রাস্তার মুখে পৌঁছালে রেজিস্ট্রেশনবিহীন বেপরোয়া গতির একটি ট্রাক তাদের মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। পুলিশ তাদের উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে পাঠায়। সেখানে পরীক্ষা-নিরীক্ষা শেষে কর্তব্যরত চিকিৎসক জিসানকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত অবস্থায় শাওনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তারও মৃত্যু হয়।

নিহত শাওনের স্বজন এমরান পাটোয়ারী বলেন, শাওন তার বাবা-মায়ের একমাত্র ছেলে। তার মৃত্যুতে সবাই শোকাহত।  

ফাজিলপুর হাইওয়ে থানা পুলিশের উপপরিদর্শক শহিদুল ইসলাম বলেন, দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল ও  ট্রাকটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। পরিবারের আবেদনের প্রেক্ষিতে মরদেহ ময়নাতদন্ত ছাড়াই হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। 

পাকুন্দিয়ায় পিকআপচাপায় ট্রাকচালকের মৃত্যু

পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি
পাকুন্দিয়ায় পিকআপচাপায় ট্রাকচালকের মৃত্যু
প্রতীকী ছবি

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় রাস্তা পার হওয়ার সময় পিকআপ ভ্যানের চাপায় মো. হেদায়েত শিকদার ওরফে ফেরদৌস (৪৫) নামে এক সাবেক ট্রাকচালকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৪ জুন) সকাল সাড়ে ৯টার দিকে পাকুন্দিয়া-কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়কের পাকুন্দিয়া পৌর এলাকার বাইপাস সংলগ্ন ফকিরপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ফেরদৌস পাকুন্দিয়া পৌর সদরের চরপাকুন্দিয়া গ্রামের মৃত মতিউর রহমান ওরফে হাইছু মিয়ার ছেলে। তিনি পেশায় ট্রাকচালক ছিলেন। দীর্ঘদিন ধরে তিনি প্যারালাইসিসজনিত রোগে ভুগছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে তিনি বাড়ির সামনে সড়কের পাশে হাঁটছিলেন। একপর্যায়ে রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির একটি মুরগিবাহী পিকআপ ভ্যান তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

আরো পড়ুন

ভুয়া এআই অ্যাপে তথ্য চুরির ফাঁদ, সতর্কতা ক্যাসপারস্কির

ভুয়া এআই অ্যাপে তথ্য চুরির ফাঁদ, সতর্কতা ক্যাসপারস্কির

 

পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস. এম. আরিফুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পরিবারের পক্ষ থেকে এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

জমি দখলের অভিযোগ, সাবেক কাউন্সিলরসহ ১২ জনকে কারণ দর্শানোর নির্দেশ

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি
জমি দখলের অভিযোগ, সাবেক কাউন্সিলরসহ ১২ জনকে কারণ দর্শানোর নির্দেশ
সংগৃহীত ছবি

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সাইনবোর্ড মিতালী মার্কেট এলাকায় তিন বিঘা জমি দখলের অভিযোগ উঠেছে। এ অভিযোগে সাবেক কাউন্সিলর ও সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ইকবাল হোসেন ও তার বন্ধু আবু ছায়েদ শিপনসহ ১২ জনের বিরুদ্ধে কারণ দর্শানোর নির্দেশ দিয়েছেন আদালত। 

জানা গেছে, সাইনবোর্ড মিতালী মার্কেট সংলগ্ন ওই তিন বিঘা জমিটি চৌরাঙ্গী ফিলিং স্টেশনের মালিক আব্দুস সাত্তার মিয়ার। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সরকারের আমলে সিদ্ধিরগঞ্জ থানা কমিটির সাধারণ সম্পাদক হাজী ইয়াসিন মিয়ার যোগসাজশে জোরপূর্বক জায়গাটি দীর্ঘদিন ধরে দখল করে রাখে শিপন বাহিনী।

গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর জমির মালিক আব্দুস সাত্তার জায়গাটি দখলে নিতে গেলে ইকবাল হোসেন ও তার ঘনিষ্ঠ বন্ধু আবু ছায়েদ শিপন জমিটি জোরপূর্বক দখলের জন্য বিভিন্নভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

স্থানীয়রা জানান, ইকবাল বর্তমানে এলাকায় জমি দখল, চাঁদাবাজি, সন্ত্রাসী কার্যকলাপ পরিচালনা করে পুরো এলাকায় রামরাজত্ব কায়েম করছেন। অপকর্মের কারণে তিনি দল থেকে বহিষ্কার হয়েছেন। তার বোনজামাই মোক্তার হোসেনের মাধ্যমে তিনি এসব অপকর্ম চালাচ্ছেন বলেও জানান তারা।

এদিকে, আবু সায়েদ শিপন আওয়ামী লীগ সরকারের আমলে আওয়ামী লীগ নেতাদের নাম ভাঙিয়ে বিভিন্ন অপকর্মের মাধ্যমে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছেন। বিএনপি সরকার গঠনের পর শিপন সাবেক কাউন্সিলর ইকবালের নাম ভাঙিয়ে পূর্বের ন্যায় পুরো এলাকা দাপিয়ে বেড়াচ্ছেন। তিনি নিজেকে বিএনপির বড় নেতা বলেও দাবি করেন। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন এলাকাবাসী।

ইকবাল হোসেন ও আবু ছায়েদ শিপনের সঙ্গে যোগাযোগ করা হলে তারা জানান, আমরাই এই জমির প্রকৃত মালিক। কারো জমি দখল করার জন্য আমরা যাইনি। ভূমিদস্যু সাত্তার মিয়া আমাদের জমি দখলের জন্য পাঁয়তারা চালাচ্ছেন। আমরা ন্যায়বিচার চাই।

সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোহাম্মদ এমদাদুল হক জানান, এই জমিটি নিয়ে দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন যাবৎ মামলা চলে আসছে। আদালতের নির্দেশ পালন করার জন্য আমরা সবসময় বদ্ধপরিকর। 

বগুড়ায় পচা-বাসি দই বিক্রি, ম্যানেজারকে ৫০ হাজার টাকা জরিমানা

আতিক রহমান , বগুড়া
বগুড়ায় পচা-বাসি দই বিক্রি, ম্যানেজারকে ৫০ হাজার টাকা জরিমানা
সংগৃহীত ছবি

বগুড়ায় অস্বাস্থ্যকর পরিবেশে পচা-বাসি দই সংরক্ষণ এবং বিক্রির অভিযোগে ‘শেরপুর দই ঘর’ নামের একটি দইয়ের দোকানের ম্যানেজারকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার সকাল ১১টার দিকে মহানগরের সাতমাথা এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়। 

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বগুড়া জেলা কার্যালয় ও জেলা নিরাপদ খাদ্য অধিদপ্তর যৌথভাবে এ অভিযান পরিচালনা করে। অভিযানে উপস্থিত ছিলেন বগুড়া জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. রাসেল ও জেলা পুলিশের সদস্যরা।

জানা গেছে, বৃহস্পতিবার মহানগরের সাতমাথা খান্দার রোডস্থ ‘শেরপুর দই ঘরে’ অভিযান চালানো হয়। এ সময় প্রতিষ্ঠানটিতে অস্বাস্থ্যকর পরিবেশে পচা-বাসি দই সংরক্ষণ এবং বিক্রির প্রমাণ পায়। পরে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইনের প্রতিষ্ঠানের ম্যানেজার মো. আনিসুর রহমানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। 

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বগুড়া জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মেহেদী হাসান বলেন, ‘পচা-বাসি দই বিক্রির অপরাধে প্রতিষ্ঠানটিকে জরিমানা করা হয়েছে। ভবিষ্যতে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। খাদ্যের নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিত চলবে।