• ই-পেপার

ফেনীতে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলচালক নিহত

কক্সবাজারে কালভার্ট নির্মাণকাজে মাটিচাপায় নিহত ২ শ্রমিক

বিশেষ প্রতিনিধি, কক্সবাজার
কক্সবাজারে কালভার্ট নির্মাণকাজে মাটিচাপায় নিহত ২ শ্রমিক
প্রতীকী ছবি

কক্সবাজারের মেরিন ড্রাইভ সড়কের দরিয়ানগর সংলগ্ন বড়ছড়া এলাকায় কালভার্ট নির্মাণকাজের সময় মাটিধসে চাপা পড়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরো একজন শ্রমিক আহত হয়েছেন।

বৃহস্পতিবার (৪ জুন) দুপুর ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, রাকিব (১৯) ও ইলিয়াস (২৬)। আহত শাহজাহান (২৭) কক্সবাজার জেলা সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামে পাঠানো হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ের আওতাধীন কোস্টাল বায়োডাইভারসিটি, মেরিন ফিশারিজ অ্যান্ড ওয়াইল্ডলাইফ রিসার্চ সেন্টারের যাতায়াত সুবিধার্থে একটি কালভার্ট নির্মাণকাজ চলছিল। নির্মাণকাজের অংশ হিসেবে শ্রমিকরা মাটি কাটার সময় হঠাৎ পাশের ঢালু অংশ ধসে পড়ে। এতে তিন শ্রমিক মাটির নিচে চাপা পড়েন।

ঘটনার সময় সেখানে কর্মরত শ্রমিক মো. আব্দুল খালেক বলেন, আমরা কালভার্ট নির্মাণের জন্য মাটি কাটছিলাম। হঠাৎ ওপর থেকে মাটি ধসে পড়ে। কিছু বুঝে ওঠার আগেই তিনজন শ্রমিক চাপা পড়ে যান।

পরে স্থানীয় লোকজন ও সহকর্মীরা দ্রুত উদ্ধার অভিযান চালিয়ে আহতদের কক্সবাজার জেলা সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক রাকিব ও ইলিয়াসকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত শাহজাহানকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামে রেফার করা হয়।

স্থানীয় ইউপি সদস্য মো. ইউনূস জানান, ‘লাকি এন্টারপ্রাইজ’ নামের একটি প্রতিষ্ঠানের অধীনে শ্রমিকরা কাজ করছিলেন। শ্রমিকদের প্রয়োজনীয় নিরাপত্তা সরঞ্জাম ছিল না বলেও তিনি দাবি করেন। তার ভাষ্য, নিরাপত্তা ব্যবস্থার ঘাটতির কারণেই এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে।

আরো পড়ুন
গলাচিপায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

গলাচিপায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

 

দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি উদ্ধারকারী দল এবং কক্সবাজার সদর মডেল থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বলেন, ঘটনার পেছনে ঠিকাদার বা সংশ্লিষ্ট কারো গাফিলতি রয়েছে কি না, তা তদন্ত করে দেখা হবে। দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিহত দুই শ্রমিকের মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

বিএসএফের পুশইন চেষ্টা, শূন্য লাইনে ২৮ জনের অবস্থান

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
বিএসএফের পুশইন চেষ্টা, শূন্য লাইনে ২৮ জনের অবস্থান
সংগৃহীত ছবি

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বাঙ্গাবাড়ি সীমান্ত দিয়ে ২৮ জনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করছে বিএসএফ। এ অবস্থায় সতর্ক অবস্থান নিয়েছে বিজিবি।

বিজিবি জানায়, বৃহস্পতিবার (৪ জুন) রাত ৩টার দিকে বাঙ্গাবাড়ি বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত দিয়ে ১২ বিএসএফ ব্যাটালিয়নের আশরাফপুর ক্যাম্পের সদস্যরা ১২ জন পুরুষ, ১০ জন নারী এবং ৬ জন শিশুকে বাংলাদেশের অভ্যন্তরে পুশইনের চেষ্টা করে‌ন। খবর পেয়ে  দায়িত্বশীল নওগাঁ ব্যাটালিয়নের (১৬ বিজিবি) বাঙ্গাবাড়ি বিওপির টহরদল ঘটনাস্থলে পৌঁছে তাদের ভারতীয় সীমান্তের শূন্য লাইনের অভ্যন্তরে অবস্থানরত অবস্থায় শনাক্ত করে।

বিজিবি আরো জানায়, বিএসএফ জনবল বৃদ্ধি করেছে এবং বিভিন্ন পোস্টে অবস্থান করছে। ওই ২৮ জনকে পুশব্যাক করার চেষ্টা করা হবে। বিজিবি সীমান্তে টহল ও নজরদারি বৃদ্ধি করেছে।

আরো পড়ুন
মাদক নিরাময় কেন্দ্রে রোগীকে পিটিয়ে হত্যার অভিযোগ

মাদক নিরাময় কেন্দ্রে রোগীকে পিটিয়ে হত্যার অভিযোগ

 

১৬ বিজিবি অধিনায়ক লে. কর্নেল আরিফুল ইসলাম মাসুম বলেন, ‘এ ব্যাপারে সংশ্লিষ্ট বিএসএফ ব্যাটালিয়ন কমান্ড্যান্টের সঙ্গে যোগাযোগ করা হয়েছে।’

ইউপি সদস্য নাসিরুল ইসলাম বলেন, ‘ওই ব্যক্তিদের সম্পর্কে কোনো সিদ্ধান্ত জানা যায়নি। ফলে সম্পূর্ণ মানবিক কারণে তাদের খাবার দেওয়া সম্ভব হয়নি। এখন তারা শূন্য রেখার ভারতীয় অংশেই রয়েছেন।’

সংশ্লিষ্ট বাঙ্গাবাড়ি ইউপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান শারিকুল ইসলাম বলেন, ‘৬ নম্বর ওয়ার্ডের আনারপুরের গুঘিয়া এলাকার সীমান্তে ওই ২৮ জন অবস্থান করছেন। ওই সীমান্তে কাঁটাতারের বেড়া রয়েছে এবং বেড়ার গেট খুলে তাদের ঠেলে দেয় বিএসএফ। তাদের মধ্যে সাতক্ষীরা, খুলনা, নরসিংদী, জামালপুরের বাসিন্দা আছেন।’

গোমস্তাপুর থানার ওসি নূরে আলম বলেন, ‘পুলিশ ঘটনা সম্পর্কে অবগত। এ ব্যাপারে নজর রাখা হচ্ছে। এখনো পুশইন ঘটেনি। ফলে বিজিবি তাদের পুলিশে দেয়নি।’

গোমস্তাপুরের উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জাকির মুন্সী জানান, ঘটনাটি তিনি জানতে পেরেছেন। এ ব্যাপারে সীমান্তে দুই বাহিনী কাজ করছে।

গলাচিপায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি
গলাচিপায় পানিতে ডুবে শিশুর মৃত্যু
প্রতীকী ছবি

গলাচিপায় খেলতে গিয়ে পানিতে ডুবে আলী আকবর (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৪ জুন) বেলা ১২টার দিকে গলাচিপা উপজেলার ডাকুয়া ইউনিয়নের উলানিয়া বাজারের উত্তর পাশে এ ঘটনা ঘটে। নিহত আলী আকবর তরিকুল ইসলামের ছেলে।

এলাকাবাসী ও শিশুটির পরিবার সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বেলা ১২টার দিকে আলী আকবর পরিবারের অন্য শিশুদের সঙ্গে খালের পাড়ে খেলছিল। একপর্যায়ে অন্য শিশুরা বাড়ি ফিরে গেলেও তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না।

আরো পড়ুন
মেহেরপুরে ট্রাক-ইজি বাইক সংঘর্ষে ২ শিশুসহ নিহত ৩

মেহেরপুরে ট্রাক-ইজি বাইক সংঘর্ষে ২ শিশুসহ নিহত ৩

 

পরে তার ফুফাত ভাই হৃদয় তাকে পানিতে ভাসতে দেখে চিৎকার করলে স্থানীয়রা ছুটে এসে উদ্ধার করে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক আলী আকবরকে মৃত ঘোষণা করেন।

স্থানীয় সূত্রে আরো জানা যায়, শিশুটির বাবা তরিকুল ইসলাম দীর্ঘ প্রায় সাত বছর ধরে ভাঙাড়ি ব্যবসার সঙ্গে জড়িত। তিনি পরিবার নিয়ে উলানিয়া হাটের কাছে ডাকুয়া এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন।

মেহেরপুরে ট্রাক-ইজি বাইক সংঘর্ষে ২ শিশুসহ নিহত ৩

মেহেরপুর প্রতিনিধি
মেহেরপুরে ট্রাক-ইজি বাইক সংঘর্ষে ২ শিশুসহ নিহত ৩
ছবি : কালের কণ্ঠ

মেহেরপুর-কুষ্টিয়া মহাসড়কের ওলিনগর এলাকায় ইজি বাইক ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুই শিশুসহ তিনজন নিহত হয়েছে। এ ঘটনায় আরো দুজন আহত হয়েছে।

বৃহস্পতিবার (৪ জুন) দুপুরে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন মেহেরপুর সদর উপজেলার উত্তর শালিকা মাঠপাড়া গ্রামের আলাউদ্দিনের ছেলে ও ইজি বাইকচালক আরিফুল ইসলাম (৩২), একই গ্রামের মাহিমের চার বছর বয়সী মেয়ে আফরিন ও যশোরের ঝিকরগাছা উপজেলার সজীব আলীর ছেলে আকবর আলী (১০)।

আহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

স্থানীয় সূত্রে জানা গেছে, আরিফুল ইসলাম যাত্রী নিয়ে শালিকা থেকে বামন্দীর দিকে যাচ্ছিলেন। পথে ওলিনগর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে ইজিবাইকটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ইজি বাইকটি দুমড়ে-মুচড়ে যায় এবং এর যাত্রীরা গুরুতর আহত হন।

আরো পড়ুন

সিংগাইরে ৪ ব্যবসাপ্রতিষ্ঠানে আগুন

সিংগাইরে ৪ ব্যবসাপ্রতিষ্ঠানে আগুন

 

দুর্ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠান। গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. ওমর ফারুক ইজিবাইকচালক আরিফুল ইসলামকে মৃত ঘোষণা করেন।

অপরদিকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশু আফরিন ও আকবর আলীর মৃত্যু হয়।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার দাস জানান, দুর্ঘটনাকবলিত ট্রাক, ইজিবাইক এবং নিহত আরিফুল ইসলামের মরদেহ পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।