সাভারে বৈষম্যবিরোধী ছাত্র-জনতা আন্দোলনের সময় গুলি করে মানুষ হত্যায় ঘটনায় দায়ের করা একাধিক হত্যা মামলার আসামি কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের পৌর ১ নম্বর ওয়ার্ড সভাপতি এরশাদুর রহমানকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৪ জুন) দুপুরে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন সাভার মডেল থানার পরিদর্শক (তদন্ত) নূর মোহাম্মদ।
এর আগে বুধবার (৩ জুন) রাতে সাভার মডেল থানা পুলিশের একটি দল সাভার মডেল মসজিদের সামনে থেকে তাকে গ্রেপ্তার করে।
পুলিশ জানায়, বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে সাভার মডেল মসজিদ এলাকায় অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের পৌর ১ নম্বর ওয়ার্ড সভাপতি এরশাদুর রহমানকে আটক করা হয়। তার বিরুদ্ধে ছাত্র-জনতার আন্দোলনের সময়ে ঘটে যাওয়া হত্যাকাণ্ডের ঘটনায় মোট ৫টি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
সাভার মডেল থানার ওসি (তদন্ত) নূর মোহাম্মদ জানান, গ্রেপ্তার আওয়ামী লীগ নেতা এরশাদুর রহমানের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। মামলার সুষ্ঠু তদন্ত ও ঘটনার রহস্য উদঘাটনে বৃহস্পতিবার দুপুরে তাকে রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।




