• ই-পেপার

যমুনার ভাঙনরোধে স্থায়ী বাঁধের দাবিতে বগুড়ায় মানববন্ধন

মাদারগঞ্জে ‘হিটস্ট্রোকে’ প্রাণ গেল কৃষকের

জামালপুর প্রতিনিধি
মাদারগঞ্জে ‘হিটস্ট্রোকে’ প্রাণ গেল কৃষকের
সংগৃহীত ছবি

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় তীব্র গরমে হিটস্ট্রোকে টুনু আকন্দ (৫৫) নামে এক কৃষকের মৃত্যুর খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার (৪ জুন) সকালে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহে নেওয়ার পথে তার মৃত্যু হয়। নিহত উপজেলার গুনারীতলা ইউনিয়নের মোসলেমাবাদ গ্রামের মৃত সাদেক আকন্দের ছেলে।

নিহতের পরিবার সূত্রে জানা গেছে, বুধবার দুপুরে বাড়ির পাশের জমিতে খড় শুকানোর কাজ করছিলেন টুনু আকন্দ। এসময় প্রচণ্ড তাপদাহের মধ্যে তিনি হঠাৎ অসুস্থ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। স্বজনরা দ্রুত তাকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

জামালপুর জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. শামীম আহমেদ বলেন, ‘রোগীকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহে নেওয়ার পথে তিনি মারা যান। প্রাথমিকভাবে হিটস্ট্রোকের কারণে মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।’

একাধিক হত্যা মামলার আসামি আ. লীগ নেতা এরশাদুর গ্রেপ্তার

সাভার (ঢাকা) প্রতিনিধি
একাধিক হত্যা মামলার আসামি আ. লীগ নেতা এরশাদুর গ্রেপ্তার
সংগৃহীত ছবি

সাভারে বৈষম্যবিরোধী ছাত্র-জনতা আন্দোলনের সময় গুলি করে মানুষ হত্যায় ঘটনায় দায়ের করা একাধিক হত্যা মামলার আসামি কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের পৌর ১ নম্বর ওয়ার্ড সভাপতি এরশাদুর রহমানকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৪ জুন) দুপুরে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন সাভার মডেল থানার পরিদর্শক (তদন্ত) নূর মোহাম্মদ।

এর আগে বুধবার (৩ জুন) রাতে সাভার মডেল থানা পুলিশের একটি দল সাভার মডেল মসজিদের সামনে থেকে তাকে গ্রেপ্তার করে।

পুলিশ জানায়, বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে সাভার মডেল মসজিদ এলাকায় অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের পৌর ১ নম্বর ওয়ার্ড সভাপতি এরশাদুর রহমানকে আটক করা হয়। তার বিরুদ্ধে ছাত্র-জনতার আন্দোলনের সময়ে ঘটে যাওয়া হত্যাকাণ্ডের ঘটনায় মোট ৫টি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

সাভার মডেল থানার ওসি (তদন্ত) নূর মোহাম্মদ জানান, গ্রেপ্তার আওয়ামী লীগ নেতা এরশাদুর রহমানের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। মামলার সুষ্ঠু তদন্ত ও ঘটনার রহস্য উদঘাটনে বৃহস্পতিবার দুপুরে তাকে রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।

জরুরি সেবা ৯৯৯ নম্বরে কল, তদন্তে আসা পুলিশ সদস্যকে কুপিয়ে জখম

জরুরি সেবা ৯৯৯ নম্বরে কল, তদন্তে আসা পুলিশ সদস্যকে কুপিয়ে জখম
সংগৃহীত ছবি

কুমিল্লার বুড়িচং উপজেলায় দায়িত্ব পালনকালে এক পুলিশ কনস্টেবলকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা। বুধবার (৩ জুন) রাত ১০টার দিকে উপজেলার ভারেল্লা উত্তর ইউনিয়নের রামচন্দ্রপুর এলাকায় এ ঘটনা ঘটে।

আহত পুলিশ সদস্য মো. ফোরকান বুড়িচং থানার অধীন দেবপুর পুলিশ ফাঁড়িতে কর্মরত রয়েছেন। ঘটনার পর তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রামচন্দ্রপুর পূর্বপাড়া এলাকায় সংঘর্ষের ঘটনায় মান্নানের অভিযোগ এবং জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন পাওয়ার পর তদন্তে যায় দেবপুর পুলিশ ফাঁড়ির একটি দল। ঘটনাস্থলে পৌঁছালে একটি সন্ত্রাসী দল ধারালো অস্ত্র দিয়ে পুলিশের ওপর হামলা চালায়। একপর্যায়ে কনস্টেবল ফোরকানকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে। পরে সঙ্গে থাকা অন্য পুলিশ সদস্যরা তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে পাঠান।

খবর পেয়ে বুড়িচং থানার ওসি লুৎফুর রহমানের নেতৃত্বে দেবপুর ফাঁড়ির ইনচার্জ সুরেজিত বড়ুয়াসহ অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ রিপোর্ট লেখা পর্যন্ত ঘটনাস্থল ঘিরে রেখে হামলাকারীদের গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে পুলিশ।

বুড়িচং থানার ওসি লুৎফুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘পুলিশ ঘটনাস্থলে রয়েছে। বিষয়টি নিয়ে কাজ চলছে। অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে। পরে বিস্তারিত জানানো হবে।’

বর্ষা ভেবে গ্রীষ্মে ফুটল কদম ফুল

আইয়ুব আলী, শেরপুর (বগুড়া)
বর্ষা ভেবে গ্রীষ্মে ফুটল কদম ফুল
বগুড়ার শেরপুরে বর্ষার আগেই গাছে গাছে শোভা পাচ্ছে কদম ফুল। মঙ্গলবার উপজেলার সাধুবাড়ী গ্রামের একটি বাগানে। ছবি: কালের কণ্ঠ

‘বাদল দিনের প্রথম কদম ফুল করেছ দান, আমি দিতে এসেছি শ্রাবণের গান’— রবীন্দ্রনাথ এই গান রচনা না করলেও এটা কারো অজানা নয় যে, ফুলটি বর্ষায় ফোটে। তবে ব্যতিক্রম দৃশ্য হাজির হয়েছে বগুড়ার শেরপুরে। ঋতু হিসেবে বর্ষা আসতে প্রায় সপ্তাহ দুই বাকি। অথচ এরই মধ্যে উপজেলার বিভিন্ন স্থানে কদমের ডালে ডালে শোভা পাচ্ছে ফুলটি। 

এদিকে, গাছে গাছে কদম ফুল ফুটতে দেখে অনেকে দৃশ্যগুলোকে বর্ষার আগমনী বার্তা হিসেবে গ্রহণ করছে। তবে কেউ কেউ রসিকতা করে এটাও বলছে, এপ্রিলে শুরু হওয়া ঘন ঘন বৃষ্টি হওয়ায় গ্রীষ্মকে বর্ষা ভেবে ভুল করে ডালে ডালে হাজির হয়েছে কদম ফুল।  

তবে যা-ই হোক, ফুলটি বর্ষাকালে ফোটে—এটি সবাই জানে। এজন্য এ ফুলকে বর্ষাদূতও বলা হয়। তাইতো শিল্পীও গেয়ে ওঠে, ‘আমি ফুল কদম ডালে ফুটেছি বর্ষাকালে’। কিন্তু গান-কবিতার এইসব কথা এখন আর পুরোপুরি মিলছে না। ছয় ঋতুর এই দেশ এখন আর নির্ধারিত সময় কাঠামোর মধ্যে সীমাবদ্ধ নেই। প্রাকৃতিক ঋতুবৈচিত্র্যের সীমাবদ্ধতার নিয়ম ভেঙে দেশের অনেক জায়গায় গ্রীষ্মেই ফুটেছে বর্ষার আগমনী বার্তা বহনকারী ফুল। 

বুধবার (৩ জুন) শেরপুরের শাহবন্দেগী ইউনিয়নের সাধুবাড়ীসহ বেশকিছু এলাকায় সরেজমিনে গিয়ে দেখা যায়, কদম গাছ ছেয়ে গেছে ফুলে ফুলে। গোল, পুষ্পাধারে সরু ফুলের বিকীর্ণ বিন্যাস। তার সাদা-হলুদে মেশা মঞ্জরির সৌন্দর্যে আকৃষ্ট হয়ে শিশুরা গাছ থেকে সংগ্রহ করছে ফুল। 

উপজেলার বিভিন্ন গ্রাম ও গ্রামীণ সড়ক, খাল-বিলের তীর, শিক্ষাপ্রতিষ্ঠান চত্বরে কদম গাছের উপস্থিতি রয়েছে। সেসব গাছের ডালে ফুটে থাকা ফুলের সমাবেশ দৃষ্টিনন্দন পরিবেশ সৃষ্টি করেছে। কোনো কোনো স্থানে ভোরের আবহে ফুলগুলো আরো আকর্ষণীয় হয়ে উঠেছে। এর সৌন্দর্য মুগ্ধ করছে পথচারী ও প্রকৃতিপ্রেমীদের। তাই তা উপভোগ করতে অনেকে গাছের নিচে ভিড় করছে, স্মৃতিবন্দি করতে তুলছে ছবিও।

স্থানীয় বাসিন্দারা জানান, সাধারণত বর্ষা এলেই কদম ফুল প্রকৃতিকে ভিন্ন এক রূপ দিত। এর সৌন্দর্য মনকে প্রশান্তি দিত,  যা বছরের অন্য সময় চোখে পড়ত না। তবে এখন ঋতুর প্রকৃতি পাল্টে যাচ্ছে। এমনকি বর্ষা আসার আগেই এই ফুল ফুটছে। 

প্রকৃতিপ্রেমী গোলাম রব্বানী বলেন, ‘পরিবেশের ভারসাম্য রক্ষা ও জীববৈচিত্র্য সংরক্ষণে কদমসহ দেশি গাছ লাগানোর উদ্যোগ বাড়ানো প্রয়োজন। দেশি গাছপালা সংরক্ষণ করা গেলে ভবিষ্যৎ প্রজন্মও এমন প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারবে।’