• ই-পেপার

বকশীগঞ্জে পানিতে ডুবে শিশুসহ দুজনের মৃত্যু

কারারক্ষী নিয়োগে অনিয়মের অভিযোগ, কেরানীগঞ্জে মহাসড়ক অবরোধ

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি
কারারক্ষী নিয়োগে অনিয়মের অভিযোগ, কেরানীগঞ্জে মহাসড়ক অবরোধ
ছবি: কালের কণ্ঠ

কারারক্ষী নিয়োগে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে ঢাকা-মাওয়া মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন চাকরি প্রার্থীরা। প্রায় দুই ঘণ্টা অবরোধের কারণে মহাসড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে চরম ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রী ও কর্মজীবী মানুষ। এসময় কয়েকটি যানবাহন ভাঙচুরের অভিযোগও পাওয়া গেছে।

মঙ্গলবার (১৯ মে) সকাল ৯টার দিকে কেন্দ্রীয় কারাগারের নিয়োগ পরীক্ষায় বাদ পড়া কয়েক শ চাকরিপ্রার্থী কারাগারের মূল ফটকের সামনে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন। পরে বেলা সাড়ে ৯টার দিকে তারা ঢাকা-মাওয়া মহাসড়কে অবস্থান নিয়ে যান চলাচল বন্ধ করে দেন।

আন্দোলনকারীদের অভিযোগ, কারারক্ষী নিয়োগ পরীক্ষায় অনিয়ম, স্বজনপ্রীতি ও তদবির বাণিজ্য হয়েছে। মেধার ভিত্তিতে নয়, প্রভাবশালীদের সুপারিশে অযোগ্য প্রার্থীদের নিয়োগ দেওয়া হচ্ছে বলে দাবি করেন তারা। নিয়োগ প্রক্রিয়া বাতিল করে পুনরায় স্বচ্ছভাবে পরীক্ষা নেওয়ার দাবি জানান চাকরি প্রার্থীরা।

পটুয়াখালী থেকে আসা চাকরি প্রার্থী রাকিব হোসেন বলেন, তিনি সেনাবাহিনীর নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ হলেও এখানে উচ্চতা সংক্রান্ত অজুহাতে বাদ পড়েছেন। অন্যদিকে, ঝালকাঠির শাওন বলেন, নির্ধারিত যোগ্যতা থাকলেও অনেককে ইচ্ছামতো বাদ দেওয়া হয়েছে। যাদের পরিবারের লোক প্রশাসনের আছে তাদের নেওয়া হচ্ছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, অবরোধ চলাকালে উত্তেজিত কিছু আন্দোলনকারী সড়কে থাকা কয়েকটি যানবাহনে ভাঙচুর চালান। এতে মহাসড়কের উভয় পাশে কয়েক কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। দূরপাল্লার বাস, পণ্যবাহী ট্রাক ও ব্যক্তিগত গাড়ি আটকা পড়ে চরম দুর্ভোগে পড়েন যাত্রীরা।

শরীয়তপুরের যাত্রী হাফিজ বলেন, সকালে বের হয়ে ঘণ্টার পর ঘণ্টা আটকে আছি। সড়ক অবরোধের কারণে জরুরি কাজেও পৌঁছাতে পারছি না। এখন কিছু হলেই সড়ক বন্ধ করে আন্দোলন করে। এতে সাধারণ মানুষের ভোগান্তি পোহাতে হয়।

খবর পেয়ে দক্ষিণ কেরানীগঞ্জ থানা-পুলিশ ও প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে প্রশাসনের আশ্বাসে আন্দোলনকারীরা দীর্ঘ দুই ঘণ্টা পর অবরোধ তুলে নেন। এরপর ধীরে ধীরে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

এ বিষয়ে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারের সহকারী কারা মহাপরিদর্শক (মিডিয়া) জান্নাত-উল ফরহাদ বলেন, নিয়োগ বাছাই প্রক্রিয়ায় অংশ নেওয়া অনেক প্রার্থীর মধ্যে যারা বাদ পড়বে, তাদের কিছুটা মন খারাপ হওয়া স্বাভাবিক। তবে পুরো প্রক্রিয়াটি সম্পূর্ণ স্বচ্ছভাবে পরিচালনা করা হয়েছে। বিভিন্ন রাউন্ডে যারা বাদ পড়েছে, তাদের কেউ কেউ হয়তো বাইরে গিয়ে আন্দোলনে অংশ নিয়েছে।

তিনি জানান, এ নিয়োগ পরীক্ষায় চারটি ধাপে বাছাই কার্যক্রম সম্পন্ন করা হবে। মোট ৪৫০ জন পুরুষ ও ২২ জন নারী প্রার্থীকে নিয়োগ দেওয়া হবে। কারাগারের মাঠে এই চারটি ধাপে শারীরিক পরীক্ষা নেওয়া হবে। পরীক্ষার মধ্যে থাকবে উচ্চতা ও অন্যান্য শারীরিক মাপজোক, দৌড়, পুরুষদের ক্ষেত্রে হাই-জাম্প এবং নারীদের ক্ষেত্রে লং জাম্প, পুরুষদের জন্য পুশ-আপ এবং নারীদের জন্য সিট-আপ। এ ছাড়া সবার জন্য রোপ ক্লাইম্বিং পরীক্ষা থাকবে। এই ধাপগুলো যারা সফলভাবে উত্তীর্ণ হবে, কেবল তাদেরই পরবর্তী ধাপে মেডিক্যাল পরীক্ষার জন্য নির্বাচিত করা হবে। স্বাস্থ্যগত কোনো জটিলতা পাওয়া গেলে প্রার্থীদের বাদ দেওয়া হবে বলেও তিনি জানান। তবে পুরো নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছতার সঙ্গে সম্পূর্ণ করা হচ্ছে। 

চাঁপাইনবাবগঞ্জ

কোরবানির পশুর হাটে অতিরিক্ত টোল আদায়, ৫০ হাজার টাকা অর্থদণ্ড

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
কোরবানির পশুর হাটে অতিরিক্ত টোল আদায়, ৫০ হাজার টাকা অর্থদণ্ড
ছবি: কালের কণ্ঠ

চাঁপাইনবাবগঞ্জ শহরের বটতলা হাটে (কোরবানির পশুর হাট) ক্রেতা-বিক্রেতার কাছ থেকে সরকার নির্ধারিত হারের চেয়ে ২০০-৩০০ টাকা অতিরিক্ত টোল আদায়ের ঘটনা ঘটেছে। এতে ইজারাদার কর্তৃপক্ষের এক প্রতিনিধিকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (১৯ মে) সন্ধ্যা ৬টার দিকে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

অর্থদণ্ডপ্রাপ্ত ইজারাদার কর্তৃপক্ষের ওই প্রতিনিধির নাম আবুল কাশেম (৫৩)।

অভিযানকালে সুনির্দিষ্ট অভিযোগকারী দুজনকে তাদের প্রত্যেকের থেকে অতিরিক্ত নেওয়া ২০০ টাকা ফেরত দেওয়া হয়। এ ছাড়া এ ব্যাপারে ক্রেতা ও বিক্রেতাকে সতর্ক করা হয়। 

আদালত সূত্র জানায়, মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে আদালত অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে ছাগল প্রতি ২০০-৩০০ টাকা বেশি নেওয়ার সত্যতা পান ভ্রাম্যমাণ আদালত।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সদর উপজেলা সহকারী কমিশনার ভূমি ইকরামুল হক নাহিদ বলেন, সরকার নির্ধারিত টোল হার হচ্ছে প্রতি গরু ৬০০ ও ছাগল ৩০০ টাকা। কিন্তু অভিযানে দেখা যায়, অনেকের রশিদে টোল লেখা হচ্ছে না। ক্রেতার অভিযোগ, সাক্ষ্য, প্রমাণ ও দোষ স্বীকারোক্তির প্রেক্ষিতে ইজারাদার প্রতিনিধিকে দণ্ডিত করা হয়। অভিযানে সদর থানা পুলিশের একটি টিম উপস্থিত ছিল।

জনস্বার্থে এমন অভিযান অব্যাহত থাকবে বলেও জানান ম্যাজিস্ট্রেট ইকরামুল হক নাহিদ।

রোহিঙ্গা ক্যাম্পে অস্ত্র-ইয়াবাসহ তিনজন আটক

বিশেষ প্রতিনিধি, কক্সবাজার
রোহিঙ্গা ক্যাম্পে অস্ত্র-ইয়াবাসহ তিনজন আটক

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে বিদেশি পিস্তল, ম্যাগাজিন, গুলি ও ৪৩ হাজার ইয়াবাসহ তিনজনকে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। 

মঙ্গলবার (১৯ মে) এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক অতিরিক্ত উপমহাপরিদর্শক (এডিআইজি) মোহাম্মদ সিরাজ আমীন।

আটক ব্যক্তিরা হলেন রোহিঙ্গা ক্যাম্পের সি-৯ ব্লকের মো. জাহিদ হোসেন, সি-১৫ ব্লকের নুর হোসেন এবং একই ক্যাম্পের এ-৪ ব্লকের আব্দুল হামিদ।

মোহাম্মদ সিরাজ আমীন জানান, মঙ্গলবার ভোররাতে পুলিশ জানতে পারে, লম্বাশিয়া ১-ইস্ট ক্যাম্পের সি-১৫ ব্লকের একটি বসতঘরে মিয়ানমার থেকে পাচার হয়ে আসা ইয়াবার বড় চালান লেনদেনের জন্য কয়েকজন জড়ো হয়েছে। খবর পেয়ে এপিবিএনের একটি দল ওই ঘরটি ঘিরে অভিযান চালায়। এ সময় ধাওয়া দিয়ে তিনজনকে আটক করা হলেও অন্যরা পালিয়ে গেছে।

কুয়াকাটা সৈকতে ১৬৩ কচ্ছপের বাচ্চা উদ্ধার, নিরাপদে অবমুক্ত

অনলাইন ডেস্ক
কুয়াকাটা সৈকতে ১৬৩ কচ্ছপের বাচ্চা উদ্ধার, নিরাপদে অবমুক্ত
সংগৃহীত ছবি

কুয়াকাটা সমুদ্র সৈকত থেকে বিরল প্রজাতির ১৬৩টি কচ্ছপের বাচ্চা উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (১৯ মে) দুপুরে লেম্বুরবন এলাকার সৈকতসংলগ্ন একটি পরিত্যক্ত দোকানের নিচে থাকা গর্ত থেকে এসব কচ্ছপের বাচ্চা উদ্ধার করা হয়। পরে উপজেলা প্রশাসন, বনবিভাগ ও পরিবেশকর্মীদের সমন্বয়ে বাচ্চাগুলোকে আন্ধারমানিক নদীসংলগ্ন তিন নদীর মোহনায় নিরাপদে অবমুক্ত করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন বন্ধ থাকার পর মঙ্গলবার সকালে ব্যবসায়ী মো. বায়েজিদ তার ফিশফ্রাই দোকান খুলতে গিয়ে দোকানের নিচে বালুর মধ্যে ছোট ছোট কচ্ছপের বাচ্চা নড়াচড়া করতে দেখেন। পরে তিনি বিষয়টি স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন উপকূল পরিবেশ রক্ষা আন্দোলন ‘উপরা’র সদস্যদের জানান। খবর পেয়ে সংগঠনের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে বাচ্চাগুলো উদ্ধার করেন।

পরে কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাউসার হামিদের উপস্থিতিতে তিন নদীর মোহনায় বাচ্চা কচ্ছপগুলো নিরাপদে অবমুক্ত করেন।

এসময় বন বিভাগের মহিপুর সদর ক্যাম্পের বিট কর্মকর্তা মনিরুজ্জামান, বাংলাদেশ জীববৈচিত্র্য সংরক্ষণ ফেডারেশন বিবিসিএফ-এর কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক কেএম বাচ্চু, উপকূল পরিবেশ রক্ষা আন্দোলনের সদস্য সচিব আসাদুজ্জামান মিরাজ, পরিবেশকর্মী আরিফুর রহমান, কুয়াকাটা ডলফিন রক্ষা কমিটির সদস্যসহ পরিবেশ ও পর্যটনকর্মীরা উপস্থিত ছিলেন।

উপকূল পরিবেশ রক্ষা আন্দোলন ‘উপরা’র আহ্বায়ক কেএম বাচ্চু বলেন, উদ্ধার হওয়া বাচ্চাগুলো অলিভ রিডলি প্রজাতির সামুদ্রিক কচ্ছপের। উদ্ধারকালে ডিমের খোসা ও ছোবলাও পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, কিছুদিন আগে মা কচ্ছপ সেখানে ডিম পেড়ে গিয়েছিল। প্রাকৃতিকভাবে ডিম ফুটে বাচ্চাগুলো বের হলেও পরিত্যক্ত দোকানের নিচে আটকে থাকায় তারা সাগরে যেতে পারছিল না।

কুয়াকাটা ডলফিন রক্ষা কমিটির টিম লিডার রুমান ইমতিয়াজ তুষার বলেন, কুয়াকাটা উপকূল সামুদ্রিক জীববৈচিত্র্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ধরনের প্রাণী রক্ষায় স্থানীয়দের আরো সচেতন হতে হবে।

মহিপুর রেঞ্জ কর্মকর্তা মনিরুজ্জামান জানান, উদ্ধার হওয়া কচ্ছপের বাচ্চাগুলো নিরাপদে অবমুক্ত করা হয়েছে। উপকূলীয় এলাকায় এদের বিচরণ ও প্রজনন টিকিয়ে রাখতে বনবিভাগের নজরদারি অব্যাহত রয়েছে।

ইউএনও কাওছার হামিদ বলেন, এটি অত্যন্ত ইতিবাচক একটি ঘটনা। পরিবেশ রক্ষায় স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন ও সচেতন মানুষের ভূমিকা প্রশংসনীয়। সামুদ্রিক জীববৈচিত্র্য সংরক্ষণে প্রশাসনের সহযোগিতা অব্যাহত থাকবে।