• ই-পেপার

মোংলা নদীতে দুই ট্রলারের সংঘর্ষ, ৬ ইপিজেড শ্রমিক নিখোঁজ

সিদ্ধিরগঞ্জে অপহৃত দুই শিশু উদ্ধার, বাবাসহ গ্রেপ্তার ৩

নারায়ণগঞ্জ সিটি প্রতিনিধি
সিদ্ধিরগঞ্জে অপহৃত দুই শিশু উদ্ধার, বাবাসহ গ্রেপ্তার ৩
প্রতীকী ছবি

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে অপহরণের শিকার হওয়া দুই শিশুকে উদ্ধার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। এ ঘটনায় জড়িত মানবপাচার চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে একজন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

মঙ্গলবার (১৯ মে) সন্ধ্যায় বিষয় গণমাধ্যমকে এক প্রেস রিলিজের মাধ্যমে জানান নারায়ণগঞ্জ পিবিআই পুলিশ সুপার মো. মোস্তফা কামাল রাশেদ।

গ্রেপ্তারকৃতরা হলেন- এমদাদুল হক রাব্বানী (২৩), বাচ্চাদের বাবা মেজবাহ উদ্দিন (৪০) ও নুর-ই-নাসরিন (২৯)।

পিবিআই জানায়, সিদ্ধিরগঞ্জ থানাধীন মিজমিজি বুকস গার্ডেন এলাকা থেকে গত ২১ এপ্রিল দুই শিশু অপহরণের ঘটনা ঘটে। পরে ভুক্তভোগী মা অভিযোগ দায়ের করলে তদন্ত শুরু করে পিবিআই নারায়ণগঞ্জ জেলা। তথ্যপ্রযুক্তি বিশ্লেষণ ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালায়।

অভিযানে গত ১৮ মে গভীর রাতে রাজধানীর বনানী কড়াইল বস্তি এলাকার টিএনটি গেট এলাকা থেকে মামলার মূল হোতা এমদাদুল হক রাব্বানীকে (২৩) গ্রেপ্তার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে পল্লবী এলাকায় অভিযান চালিয়ে নুর-ই-নাসরিনকে (২৯) গ্রেপ্তার করা হয়। এসময় তার হেফাজত থেকে অপহৃত ২৮ দিন বয়সী শিশু আব্দুর রহমান জুবায়েতকে উদ্ধার করা হয়।

এর আগে, গত ১৩ মে রাতে সাভারের আড়াপাড়া এলাকার নিঝুমনিবাস এলাকা থেকে পাঁচ বছর বয়সী শিশু আরিয়ানকে উদ্ধার করা হয়। এ ঘটনায় শিশুদের বাবা মেজবাহ উদ্দিনকেও গ্রেপ্তার করা হয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, সাত বছর আগে ঝর্না আক্তারের সঙ্গে মেজবাহ উদ্দিনের বিয়ে হয়। তাদের সংসারে আরিয়ান (৫) ও আব্দুর রহমান জুবায়েত (২৮ দিন) নামে দুই সন্তান রয়েছে। অভিযোগ রয়েছে, বিয়ের পর থেকেই মেজবাহ উদ্দিন বিভিন্ন নারীর সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন এবং সংসারে কলহ সৃষ্টি করেন। পাশাপাশি স্ত্রীকে টাকার জন্য চাপ প্রয়োগ করতেন এবং টাকা না দিলে সন্তানদের বিক্রি করে দেওয়ার হুমকি দিতেন।

অভিযোগে আরো বলা হয়, গত ২১ এপ্রিল সন্ধ্যায় মেজবাহ উদ্দিন তার পূর্বপরিচিত এমদাদুল হক রাব্বানীর সহায়তায় পরিকল্পিতভাবে দুই সন্তানকে বাসা থেকে অপহরণ করে নিয়ে যান। পরে ভুক্তভোগী মা বিভিন্ন মাধ্যমে জানতে পারেন- শিশু দুটিকে পাচারের উদ্দেশ্যে বিক্রির পরিকল্পনা করা হয়েছে। এরপর তিনি থানায় অভিযোগ দায়ের করেন।

পিবিআই’র প্রাথমিক তদন্তে উঠে এসেছে- গ্রেপ্তারকৃত এমদাদুল হক রাব্বানী একটি সক্রিয় মানবপাচার চক্রের সদস্য। তিনি সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে দরিদ্র ও অসচ্ছল পরিবারকে টার্গেট করে শিশু সংগ্রহ করে পাচার করতেন। ইতিমধ্যে তার বিরুদ্ধে একাধিক শিশুপাচারের তথ্য-প্রমাণ পাওয়া গেছে।

তদন্তে আরো জানা গেছে, মেজবাহ উদ্দিন মাদক ও অনলাইন জুয়ার সঙ্গে জড়িত ছিলেন। এ ছাড়া তিনি একাধিক বিয়ে করে নিজের সন্তানদের অর্থের বিনিময়ে বিক্রি করতেন বলেও অভিযোগ রয়েছে।

গ্রেপ্তারকৃত আসামিদের আদালতে হাজির করা হলে আদালত এমদাদুল হক রাব্বানীর পাঁচ দিনের এবং নুর-ই-নাসরিনের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। এ ছাড়া মেজবাহ উদ্দিন আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

নারায়ণগঞ্জ পিবিআই পুলিশ সুপার মো. মোস্তফা কামাল রাশেদ কালের কণ্ঠকে বলেন, ‘রাব্বানীর বিরুদ্ধে আমরা আরো শিশু পাচারের অভিযোগ পেয়েছি। অন্যদিকে, শিশুটির বাবা মেজবাহ উদ্দিন এ পর্যন্ত ৪-৫টি বিয়ে করেছে এবং নিজের সন্তানদেরই পাচারের অভিযোগ আমরা পেয়েছি। এই চক্রের সঙ্গে জড়িত অন্য সদস্যদের গ্রেপ্তারে আমাদের অভিযান অব্যাহত থাকবে।’

বাঞ্ছারামপুরে দুর্নীতি প্রতিরোধ কমিটি : সভাপতি দুধ মিয়া, সাধারণ সম্পাদক মোশাররফ রিপন

বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
বাঞ্ছারামপুরে দুর্নীতি প্রতিরোধ কমিটি : সভাপতি দুধ মিয়া, সাধারণ সম্পাদক মোশাররফ রিপন
দুধ মিয়া (বাঁয়ে) ও মোশারফ হোসেন রিপন। সংগৃহীত ছবি

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি গঠন করা হয়েছে। দুর্নীতি দমন কমিশনের (দুদক) আওতায় দুর্নীতি প্রতিরোধ কমিটি দীর্ঘদিন পর উপজেলায় গঠন করা হলো।

মঙ্গলবার (১৯ মে) দুদকের চট্টগ্রাম বিভাগীয় পরিচালক রিজিয়া খাতুন স্বাক্ষরিত চিঠিতে এ তথ্য জানা যায়। 

নতুন গঠিত এ কমিটির সভাপতি হলেন সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান ও সরকারি এসএম পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দুধ মিয়া ও সাধারণ সম্পাদক সমাজসেবক, ব্যবসায়ী ও সংগঠক এ কে এম মোশাররফ হোসেন রিপন।

এ ছাড়া ৯ সদস্যবিশিষ্ট কমিটির অন্যরা হলেন সহসভাপতি মো. মোবারক হোসেন নাছিম ও লক্ষ্মী রানী এবং সদস্য ৫ জন হলেন ড. অহিদুজ্জামান, আব্দুল মতিন, শাহাজাহান, সাবেক প্রধান শিক্ষক ফেরদৌসী লাকী এবং নারী উদ্যোক্তা মুন্নি বেগম।

কমিটি মেয়াদকাল থাকবে তিন বছর। কমিটির কর্ম এলাকা থাকবে বাঞ্ছারামপুর উপজেলা।

নতুন সভাপতি দুধ মিয়া ও সাধারণ সম্পাদক মোশারফ হোসেন রিপন তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বলেন, আমরা সবাইকে নিয়ে শিগগিরই মাঠে নামব। আমরা দন্তহীন বাঘ হয়ে থাকতে চাই না।

যশোরের চৌগাছায় সন্ত্রাসীদের ছুরিকাঘাতে যুবক নিহত, আহত ১

যশোর অফিস
যশোরের চৌগাছায় সন্ত্রাসীদের ছুরিকাঘাতে যুবক নিহত, আহত ১
প্রতীকী ছবি

যশোরের চৌগাছা উপজেলায় প্রতিপক্ষের ছুরিকাঘাতে ঝন্টু নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আশানুর রহমান নামে আরো একজন গুরুতর আহত হয়েছেন।
 
মঙ্গলবার (১৯ মে) রাতে উপজেলার মাড়ুয়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ঝন্টু (৩২) উপজেলার মাড়ুয়া গ্রামের শফিয়ার রহমানের ছেলে। আহত আশানুর রহমান (৩৫) একই গ্রামের মশিয়ার রহমানের ছেলে। 

স্থানীয় ও হাসপাতাল সূত্রে জানা গেছে, মঙ্গলবার ঝন্টুর মামাতো বোন তামিমা আক্তার জুঁই (১৪) অজ্ঞাত এক ব্যক্তির সঙ্গে বাড়ি থেকে চলে যায়। এ ঘটনাকে কেন্দ্র করে রাতে উপজেলার দক্ষিণ সাগর গ্রামের জহুরুল ইসলামের ছেলে আবু উবাইদসহ অজ্ঞাতনামা আরো ২/৩ জনের সঙ্গে ঝন্টু ও আশানুর রহমানের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে আবু উবাইদ ও তার সহযোগীরা ধারালো ছুরি দিয়ে ঝন্টু ও আশানুরকে এলোপাতাড়ি আঘাত করে পালিয়ে যায়। এতে ঝন্টুর বুকের বাম পাশে দুটি এবং আশানুরের বুকের মাঝখানে একটি গভীর ক্ষত সৃষ্টি হয়। পরে স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় তাদের উদ্ধার করে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক ডা. ফাহমিদা ইয়াসমিন জ্যোতি পরীক্ষা-নিরীক্ষা শেষে ঝন্টুকে মৃত ঘোষণা করেন।

অপরদিকে, আহত আশানুর রহমানের অবস্থার অবনতি হওয়ায় তাকে রাতেই উন্নত চিকিৎসার জন্য যশোর জেনারেল হাসপাতালে রেফার করা হয়েছে।

চৌগাছা থানার ওসি মামুনুর রশিদ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। জড়িতদের আটকের জন্য অভিযান শুরু হয়েছে এবং ঘটনার তদন্ত চলছে।

শিক্ষাক্ষেত্রে অবদানের জন্য সম্মাননা পেলেন মোশাররফ খান চৌধুরী

বুড়িচং-ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি
শিক্ষাক্ষেত্রে অবদানের জন্য সম্মাননা পেলেন মোশাররফ খান চৌধুরী
সংগৃহীত ছবি

শিক্ষাক্ষেত্রে বিশেষ অবদান রাখায় ‘কবি নজরুল স্মারক সম্মাননা’ পেয়েছেন কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার কৃতি সন্তান ও আমেরিকা প্রবাসী শিক্ষানুরাগী মোশাররফ হোসেন খান চৌধুরী।

মঙ্গলবার (১৯ মে ২০২৬) সন্ধ্যায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যকলা কেন্দ্রের সেমিনার হলরুমে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তাকে এ সম্মাননা প্রদান করা হয়। এতে স্বাগত বক্তব্য দেন ‘পূবের হাওয়া’র সাধারণ সম্পাদক নজরুল ইসলাম সাচী। অনুষ্ঠানের আয়োজন করে ‘পূবের হাওয়া’ ও জাতীয় কবি কাজী নজরুল ইসলাম স্মৃতি পরিষদ।

সম্মাননা গ্রহণ শেষে মোশাররফ হোসেন খান চৌধুরী আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

অনুষ্ঠানে বিচারপতি সিকদার মকবুল হকের সভাপতিত্বে এবং  জাতীয় কবি কাজী নজরুল ইসলাম স্মৃতি পরিষদের মহাসচিব মিলন মল্লিকের সঞ্চালনায় এতে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক কবি রেজাউদ্দীন স্টালিন, প্রধান অতিথি ছিলেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী এমপি, প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন একুশে ও স্বাধীনতা পদকপ্রাপ্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. সুকোমল বড়ুয়াসহ সংস্কৃতিপ্রেমীরা উপস্থিত ছিলেন।

মোশাররফ হোসেন খান চৌধুরী দীর্ঘ ৪৪ বছর প্রবাসজীবনে কঠোর পরিশ্রমের মাধ্যমে অর্জিত অর্থ দিয়ে কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় একাধিক শিক্ষাপ্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেছেন। তার প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানগুলোর মধ্যে ‘মোশাররফ হোসেন খান চৌধুরী ডিগ্রি (বিশ্ববিদ্যালয়) কলেজ’ অন্যতম।