• ই-পেপার

দীপু দাস হত্যায় আরো তিন আসামি গ্রেপ্তার

মোস্তফা মল্লিক নির্মিত ‘পায়ের ছাপ’

দুই হাতহীন আয়েশার মাস্টার্স পাসের অবিশ্বাস্য গল্প

অনলাইন ডেস্ক
দুই হাতহীন আয়েশার মাস্টার্স পাসের অবিশ্বাস্য গল্প

জন্ম থেকেই যার দুটি হাত নেই, সমাজ যাকে অবহেলা করেছে আর অভাবের তাড়নায় বাবা একসময় যাকে সার্কাসে বিক্রি করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন সেই আয়েশা আক্তার আজ বাংলাদেশের অদম্য ইচ্ছাশক্তির এক অনন্য প্রতীক। সব বাধা জয় করে, পা দিয়ে লিখে সদ্য মাস্টার্স পরীক্ষায় প্রথম বিভাগ (ফার্স্ট ক্লাস) অর্জন করেছেন গাইবান্ধার সাঘাটা উপজেলার কচুয়াহাট গ্রামের এই তরুণী।

​আয়েশার এই দীর্ঘ এক যুগের লড়াই, অশ্রু আর সাফল্যের গল্প নিয়ে নির্মিত হয়েছে বিশেষ প্রামাণ্য তথ্যচিত্র ‘পায়ের ছাপ’। প্রখ্যাত শিশুসাহিত্যিক ও চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগরের প্রযোজনায় এটি পরিকল্পনা ও পরিচালনা করেছেন চ্যানেল আইয়ের বিশেষ প্রতিনিধি ও সিনিয়র সাংবাদিক মোস্তফা মল্লিক। গত ১৭ মে রাত ১০টা ২০ মিনিটে চ্যানেল আইয়ের পর্দায় ২৪ মিনিট ২০ সেকেন্ড দৈর্ঘ্যের এই তথ্যচিত্রটি প্রচারিত হওয়ার পর দেশজুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে। চলচ্চিত্র সেন্সর বোর্ডেরও আনুষ্ঠানিক অনুমোদন পেয়েছে এই ডকুমেন্টারিটি।

তথ্যচিত্রে উঠে এসেছে, কিভাবে শৈশবে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা আয়েশাকে ভর্তি করতে চাননি। কিন্তু স্থানীয় একজন শিক্ষক সমাজ ও প্রশাসনের সামনে চ্যালেঞ্জ ছুড়ে আয়েশাকে টেনে নেন। ২০১২ সালে এসএসসি এবং ২০১৪ সালে এইচএসসি পাসের পর আয়েশার জীবন বদলে যায় চ্যানেল আইয়ে প্রচারিত মোস্তফা মল্লিকের করা একটি রিপোর্টের মাধ্যমে। সাংবাদিক মোস্তফা মল্লিকের হাত ধরে আয়েশা প্রথম ঢাকায় এসে ‘কিংবদন্তি অ্যাওয়ার্ড’ পান, এককালীন ২ লাখ টাকাও দেওয়া হয় তাকে। এই টাকা দিয়ে ছোট্ট টিনের ঘরটি পাকা করেন আয়েশা। পরবর্তীতে একজন ফ্রান্সপ্রবাসী ব্যবসায়ীর সহায়তায় আয়েশা উচ্চশিক্ষা চালিয়ে যান এবং ২০২৫ সালে মাস্টার্সে প্রথম বিভাগ অর্জন করেন।

55

আয়েশার এই সাফল্যে বুয়েটের অধ্যাপক ড. এ বি এম হারুন উর রশীদ, সাউথ অস্ট্রেলিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. সৈয়দ মাহফুজুল আজিজ, সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার ওমর সাদাত এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. আব্দুল্লাহ্-আল-মামুন আয়েশাকে পুরো জাতির অনুপ্রেরণা হিসেবে আখ্যায়িত করেছেন। গণমাধ্যম ব্যক্তিত্ব শাইখ সিরাজ বলেন, শহরের সব সুবিধা পেয়ে ফার্স্ট ক্লাস পাওয়া আর প্রত্যন্ত গ্রামের হাতহীন আয়েশার ফার্স্ট ক্লাস পাওয়ার তফাত আকাশ-পাতাল। সে অনেকের জন্য আই-ওপেনার।

মাস্টার্স শেষ করে আয়েশা এখন ঘরে বসে চাকরির প্রস্তুতি নিচ্ছেন এবং গ্রামের সুবিধাবঞ্চিত শিশুদের বিনা পয়সায় পড়াচ্ছেন। তবে অভাবের সংসার আর একটি স্থায়ী চাকরির আকুতি এখনো কাটেনি। তথ্যচিত্রটি প্রচারের পর আয়েশার পাশে দাঁড়িয়েছে চ্যানেল আই কর্তৃপক্ষ। ব্যবস্থাপনা পরিচালক ফরিদুল রেজা সাগর ঘোষণা দিয়েছেন, স্থায়ী চাকরি না হওয়া পর্যন্ত চ্যানেল আই আয়েশাকে প্রতি মাসে ১০ হাজার টাকা করে সম্মানি দেবে।

​পরিচালক মোস্তফা মল্লিক অনুভূতি ব্যক্ত করে বলেন, ‘বিগত এক যুগেরও বেশি সময় ধরে আমি আয়েশাকে ফলো করেছি, তার প্রতিটি স্ট্রাগল দেখেছি। চ্যানেল আই আমাকে এই বায়োডকটি তৈরি করার জন্য পূর্ণ স্বাধীনতা ও সুযোগ দিয়েছে। আয়েশা প্রমাণ করেছে, জীবনকে জয় করতে হাত লাগে না, অটল ইচ্ছাশক্তিই যথেষ্ট।’

খাগড়াছড়িতে বজ্রাঘাতে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু

পানছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি
খাগড়াছড়িতে বজ্রাঘাতে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু
সংগৃহীত ছবি

খাগড়াছড়ির পানছড়িতে কালবৈশাখী ঝড়ের সময় বজ্রাঘাতে প্রকাশি চাকমা (১২) নামের এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। এ সময় তার বাবা শান্তি বিকাশ চাকমা আহত হয়েছেন। 

মঙ্গলবার (১৯ মে) দুপুরে উপজেলার চেঙ্গী ইউনিয়নের তারাবন এলাকার রাজ মোহনপাড়ায় এ ঘটনা ঘটে। 

মৃত প্রকাশি চাকমা তারাবন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ছিল।

আরো পড়ুন
টানা ৫ দিন ভারি বর্ষণের শঙ্কা

টানা ৫ দিন ভারি বর্ষণের শঙ্কা

 

স্থানীয় সূত্রে জানা যায়, ঝড়ের সময় প্রকাশি চাকমা তার বড় বোন ও বাবার সঙ্গে ঘরের ভেতর অবস্থান করছিল। হঠাৎ ঘরের ওপর বজ্রাঘাতের আঘাত হানলে ঘটনাস্থলেই প্রকাশির মৃত্যু হয়। এ সময় আহত হন তার বাবা শান্তি বিকাশ চাকমা।

পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ফেরদৌস ওয়াহিদ জানান, বজ্রাঘাতে একজনের মৃত্যুর খবর পেয়েছি। তবে এ ঘটনায় এখনো থানায় কেউ যোগাযোগ করেনি।

বুধবার ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

অনলাইন ডেস্ক
বুধবার ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
সংগৃহীত ছবি

আসন্ন ঈদুল আজহায় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার লক্ষ্যে রাজশাহীর বিভিন্ন এলাকায় জরুরি উন্নয়নকাজ শুরু হয়েছে। এ কারণে বুধবার (২০ মে) জেলার নির্দিষ্ট কিছু এলাকায় ৬ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (নেসকো) রাজশাহীর নির্বাহী প্রকৌশলী মো. আনোয়ার হোসেনের সই করা এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আসন্ন ঈদুল আজহায় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের লক্ষ্যে ৩৩ কেভি ও ১১ কেভি লাইনের নিকটবর্তী গাছের শাখা-প্রশাখা কর্তন কাজের জন্য বুধবার (২০ মে) সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত কাটাখালী ওভারহেড ফিডারের আওতাধীন কাটাখালী বাজার, এমাদপুর, সূচারণ ও কাটাখালী পৌরসভা এলাকায় সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে।

সাময়িক এ অসুবিধার জন্য সংশ্লিষ্ট এলাকার গ্রাহকদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি রাজশাহীর নির্বাহী প্রকৌশলীর দপ্তর।

মায়ানমারের অভ্যন্তরে উত্তেজনা, আতঙ্ক নেই এপারে

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
মায়ানমারের অভ্যন্তরে উত্তেজনা, আতঙ্ক নেই এপারে
ছবি : কালের কণ্ঠ

মায়ানমারের রাখাইন রাজ্যের ২৭১ কিলোমিটার জনপদ নিজেদের দখলে থাকার পরও স্বস্তিতে নেই সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি। তাদের দখলে ভাগ বসাতে চেষ্টা চালিয়ে যাচ্ছে রোহিঙ্গা সশস্ত্র সংগঠন রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশন (আরএসও) এবং আরকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি (আরসা)। দখলকৃত ভূখণ্ড অক্ষুণ্ন রাখতে আরাকান আর্মিকে নিয়মিত লড়তে হচ্ছে এসব সংগঠনের বিরুদ্ধে।

রাখাইনের দখল নিয়ে আরাকান আর্মির সঙ্গে রোহিঙ্গা সশস্ত্র সংগঠনগুলোর লড়াইয়ে সীমান্তের এপারে বাংলাদেশে প্রভাব পড়েছে বিভিন্ন সময়ে। বিশেষ করে টেকনাফ সীমান্তে সবচেয়ে বেশি প্রভাব পড়ে।

রাখাইনের অভ্যন্তরীণ সংঘাতে একাধিকবার বাংলাদেশের অভ্যন্তরে গুলি পড়ার ঘটনাও ঘটেছে। সীমান্তের এপারে গুলি ও মর্টার শেল পড়ে একাধিক ব্যক্তির মৃত্যুর ঘটনাও ঘটেছে। সব শেষ মায়ানমার থেকে ছোড়া গুলিতে টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের তেচ্ছিব্রিজ এলাকায় তৃতীয় শ্রেণির ছাত্রী হুজাইফা আফনান গুলিবিদ্ধ হয়ে মারা গেছে।

আরো পড়ুন
শ্রীমঙ্গলে পরিবহন শ্রমিকদের দুই পক্ষের সংঘর্ষে সাংবাদিকসহ আহত ২০

শ্রীমঙ্গলে পরিবহন শ্রমিকদের দুই পক্ষের সংঘর্ষে সাংবাদিকসহ আহত ২০

 

এদিকে গত ১৮ মে দুপুরে টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের লেদা সংলগ্ন নাফ নদের ওপারে রাখাইনে গোলাগুলির ঘটনা ঘটেছে। সে সময় নাফ নদে মাছ শিকারে থাকা আতঙ্কে দ্রুত নাফ নদ ত্যাগ করেন। আজ মঙ্গলবার সকালেও হোয়াইক্যং ইউনিয়নের উনচিপ্রাং এলাকার বিপরীতে রাখাইনে দুই সশস্ত্র গ্রুপের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় সীমান্তের এপারে বাংলাদেশে কোনো প্রভাব পড়েনি।

উনচিপ্রাং এলাকার জেলে আব্দুল্লাহ জানান, মঙ্গলবার নাফনদে মাছ ধরার সময় মায়ানমারে ১৫ থেকে ২০ রাউন্ড মতো গুলির শব্দ শোনা গেছে। সম্ভবত গোলাগুলির এসব ঘটনা মায়ানমারের অভ্যন্তরে তিন-চার কিলোমিটার পূর্বে হতে পারে। এ কারণে আগের মতো বিকট কোনো শব্দ এবার শোনা যায়নি।

টেকনাফের স্থানীয় বাসিন্দা নুরুল ইসলাম বলেন, মাঝেমধ্যে টেকনাফের বিভিন্ন সীমান্ত পয়েন্টের বিপরীতে মায়ানমারে গোলাগুলির শব্দ শোনা যায়। আমরা যা জেনেছি, এখন রাখাইনের বেশির ভাগ এলাকার নিয়ন্ত্রক আরাকান আর্মির সঙ্গে রোহিঙ্গা সশস্ত্র সংগঠন আরসা এবং আরএসওর মধ্যে সংঘর্ষ বাধে। এ সময় আমাদের সীমান্তেও আতঙ্ক বিরাজ করে।

বালুখালী রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা মোহাম্মদ আলী বলেন, মায়ানমারের জান্তা বাহিনীকে হটিয়ে রাখাইনের গুরুত্বপূর্ণ শহর মংডুসহ বেশির ভাগ এলাকা আরাকান আর্মি নিয়ন্ত্রণ করছেন। তবে তারাও আপাতত সেখানে স্বস্তিতে নেই। বর্তমান পরিস্থিতিতে জান্তা বাহিনী নীরব থাকলেও রোহিঙ্গা সশস্ত্র সংগঠনগুলো রাখাইনের নিয়ন্ত্রণ নিতে আরাকান আর্মির সঙ্গে লড়াই চালিয়ে যাচ্ছে। তাদের এ সংঘাত আরো দীর্ঘমেয়াদি হতে পারে।