• ই-পেপার

মোস্তফা মল্লিক নির্মিত ‘পায়ের ছাপ’

দুই হাতহীন আয়েশার মাস্টার্স পাসের অবিশ্বাস্য গল্প

দীপু দাস হত্যায় আরও তিন আসামি গ্রেপ্তার

ময়মনসিংহ প্রতিনিধি
দীপু দাস হত্যায় আরও তিন আসামি গ্রেপ্তার
সংগৃহীত ছবি

ময়মনসিংহের ভালুকায় আলোচিত দীপু চন্দ্র দাস হত্যা মামলায় আরও তিন আসামিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

মঙ্গলবার (১৯ মে) সন্ধ্যায় জেলা পুলিশ সুপারের কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। এর আগে সোমবার বিকেল সাড়ে ৫টার দিকে ভালুকা উপজেলার জামিরদিয়া মাস্টারবাড়ী এলাকায় পাইওনিয়ার নিটওয়্যারস (বিডি) লিমিটেড কারখানার সামনে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- জেলার ত্রিশাল উপজেলার বাহাদুরপুর গ্রামের রিপন সরকারের ছেলে তাজমুল সরকার ওরফে সাদেক (২২), কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার আব্দুল মোতালেবের ছেলে মো. রুবেল মিয়া (৩৬) এবং নারায়নগঞ্জের বন্দর থানাধীন মৃত আমিনুল ইসলামের ছেলে মো. রবিন (৩৭)।

পুলিশ জানায়, ঘটনার পর থেকেই সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও তথ্যপ্রযুক্তির সহায়তায় জড়িতদের শনাক্তে অভিযান চালানো হচ্ছে। এরই ধারাবাহিকতায় এ তিনজনকে গ্রেপ্তার করা হয়।

প্রাথমিক তদন্তে জানা গেছে, গ্রেপ্তার হওয়া আসামিরা হত্যাকাণ্ডের সময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন এবং সক্রিয়ভাবে অংশ নেন। তারা উত্তেজিত জনতাকে উসকানি দিয়ে দীপু চন্দ্র দাসকে মারধর ও মরদেহের ওপর অমানবিক নির্যাতনে সহযোগিতা করেন। এ ছাড়া ফ্যাক্টরির শ্রমিকদের স্লোগান দিয়ে উত্তেজিত করে পরিস্থিতি অস্থিতিশীল করে তোলেন এবং জনতাকে বর্বরোচিত হামলায় উৎসাহিত করেন বলে জানিয়েছে পুলিশ।

এ বিষয়ে ময়মনসিংহের পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন বলেন, এ পর্যন্ত এ মামলায় মোট ২৯ জন জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে ১২ জন আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি দিয়েছেন। মামলার অন্য পলাতক আসামিদের গ্রেপ্তারে চেষ্টা চলছে।

ধর্ম অবমাননার অভিযোগ তুলে ২০২৫ সালের ১৮ ডিসেম্বর রাতে ভালুকার ডুবালিয়াপাড়া এলাকায় দীপু চন্দ্র দাসকে হত্যা করা হয়। দীপু চন্দ্র দাস পাইওনিয়ার নিটওয়্যারস (বিডি) লিমিটেড কারখানার ভেতরে ছিলেন। কারখানার সামনে মানুষ জড়ো হতে থাকলে দীপু চন্দ্র দাসকে চাকরি থেকে ইস্তফা দিতে বাধ্য করা হয়। পরে রাত ৯টার দিকে দীপু চন্দ্রকে কারখানা থেকে বের করে দিলে বিক্ষুব্ধ জনতা তাকে বিবস্ত্র করে গণপিটুনি দেন। একপর্যায়ে ঘটনাস্থলেই মারা যান তিনি। ঘটনার পর বিক্ষুব্ধ জনতা মরদেহ ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে গাছে ঝুলিয়ে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। এ ঘটনায় নিহতের ছোট ভাই অপু চন্দ্র দাস ভালুকা মডেল থানায় বাদী হয়ে ১৫০ জনকে অজ্ঞাতপরিচয় আসামি করে মামলা করেন। 

দীপু চন্দ্র দাস জেলার তারাকান্দা উপজেলার মোকামিয়া কান্দা গ্রামের রবি চন্দ্র দাসের ছেলে। দুই বছর ধরে তিনি ভালুকার ডুবালিয়াপাড়া এলাকায় অবস্থিত পাইওনিয়ার নিটওয়্যারস (বিডি) লিমিটেড কারখানায় শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন। 

খাগড়াছড়িতে বজ্রাঘাতে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু

পানছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি
খাগড়াছড়িতে বজ্রাঘাতে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু
সংগৃহীত ছবি

খাগড়াছড়ির পানছড়িতে কালবৈশাখী ঝড়ের সময় বজ্রাঘাতে প্রকাশি চাকমা (১২) নামের এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। এ সময় তার বাবা শান্তি বিকাশ চাকমা আহত হয়েছেন। 

মঙ্গলবার (১৯ মে) দুপুরে উপজেলার চেঙ্গী ইউনিয়নের তারাবন এলাকার রাজ মোহনপাড়ায় এ ঘটনা ঘটে। 

মৃত প্রকাশি চাকমা তারাবন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ছিল।

আরো পড়ুন
টানা ৫ দিন ভারি বর্ষণের শঙ্কা

টানা ৫ দিন ভারি বর্ষণের শঙ্কা

 

স্থানীয় সূত্রে জানা যায়, ঝড়ের সময় প্রকাশি চাকমা তার বড় বোন ও বাবার সঙ্গে ঘরের ভেতর অবস্থান করছিল। হঠাৎ ঘরের ওপর বজ্রাঘাতের আঘাত হানলে ঘটনাস্থলেই প্রকাশির মৃত্যু হয়। এ সময় আহত হন তার বাবা শান্তি বিকাশ চাকমা।

পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ফেরদৌস ওয়াহিদ জানান, বজ্রাঘাতে একজনের মৃত্যুর খবর পেয়েছি। তবে এ ঘটনায় এখনো থানায় কেউ যোগাযোগ করেনি।

বুধবার ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

অনলাইন ডেস্ক
বুধবার ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
সংগৃহীত ছবি

আসন্ন ঈদুল আজহায় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার লক্ষ্যে রাজশাহীর বিভিন্ন এলাকায় জরুরি উন্নয়নকাজ শুরু হয়েছে। এ কারণে বুধবার (২০ মে) জেলার নির্দিষ্ট কিছু এলাকায় ৬ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (নেসকো) রাজশাহীর নির্বাহী প্রকৌশলী মো. আনোয়ার হোসেনের সই করা এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আসন্ন ঈদুল আজহায় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের লক্ষ্যে ৩৩ কেভি ও ১১ কেভি লাইনের নিকটবর্তী গাছের শাখা-প্রশাখা কর্তন কাজের জন্য বুধবার (২০ মে) সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত কাটাখালী ওভারহেড ফিডারের আওতাধীন কাটাখালী বাজার, এমাদপুর, সূচারণ ও কাটাখালী পৌরসভা এলাকায় সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে।

সাময়িক এ অসুবিধার জন্য সংশ্লিষ্ট এলাকার গ্রাহকদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি রাজশাহীর নির্বাহী প্রকৌশলীর দপ্তর।

মায়ানমারের অভ্যন্তরে উত্তেজনা, আতঙ্ক নেই এপারে

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
মায়ানমারের অভ্যন্তরে উত্তেজনা, আতঙ্ক নেই এপারে
ছবি : কালের কণ্ঠ

মায়ানমারের রাখাইন রাজ্যের ২৭১ কিলোমিটার জনপদ নিজেদের দখলে থাকার পরও স্বস্তিতে নেই সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি। তাদের দখলে ভাগ বসাতে চেষ্টা চালিয়ে যাচ্ছে রোহিঙ্গা সশস্ত্র সংগঠন রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশন (আরএসও) এবং আরকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি (আরসা)। দখলকৃত ভূখণ্ড অক্ষুণ্ন রাখতে আরাকান আর্মিকে নিয়মিত লড়তে হচ্ছে এসব সংগঠনের বিরুদ্ধে।

রাখাইনের দখল নিয়ে আরাকান আর্মির সঙ্গে রোহিঙ্গা সশস্ত্র সংগঠনগুলোর লড়াইয়ে সীমান্তের এপারে বাংলাদেশে প্রভাব পড়েছে বিভিন্ন সময়ে। বিশেষ করে টেকনাফ সীমান্তে সবচেয়ে বেশি প্রভাব পড়ে।

রাখাইনের অভ্যন্তরীণ সংঘাতে একাধিকবার বাংলাদেশের অভ্যন্তরে গুলি পড়ার ঘটনাও ঘটেছে। সীমান্তের এপারে গুলি ও মর্টার শেল পড়ে একাধিক ব্যক্তির মৃত্যুর ঘটনাও ঘটেছে। সব শেষ মায়ানমার থেকে ছোড়া গুলিতে টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের তেচ্ছিব্রিজ এলাকায় তৃতীয় শ্রেণির ছাত্রী হুজাইফা আফনান গুলিবিদ্ধ হয়ে মারা গেছে।

আরো পড়ুন
শ্রীমঙ্গলে পরিবহন শ্রমিকদের দুই পক্ষের সংঘর্ষে সাংবাদিকসহ আহত ২০

শ্রীমঙ্গলে পরিবহন শ্রমিকদের দুই পক্ষের সংঘর্ষে সাংবাদিকসহ আহত ২০

 

এদিকে গত ১৮ মে দুপুরে টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের লেদা সংলগ্ন নাফ নদের ওপারে রাখাইনে গোলাগুলির ঘটনা ঘটেছে। সে সময় নাফ নদে মাছ শিকারে থাকা আতঙ্কে দ্রুত নাফ নদ ত্যাগ করেন। আজ মঙ্গলবার সকালেও হোয়াইক্যং ইউনিয়নের উনচিপ্রাং এলাকার বিপরীতে রাখাইনে দুই সশস্ত্র গ্রুপের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় সীমান্তের এপারে বাংলাদেশে কোনো প্রভাব পড়েনি।

উনচিপ্রাং এলাকার জেলে আব্দুল্লাহ জানান, মঙ্গলবার নাফনদে মাছ ধরার সময় মায়ানমারে ১৫ থেকে ২০ রাউন্ড মতো গুলির শব্দ শোনা গেছে। সম্ভবত গোলাগুলির এসব ঘটনা মায়ানমারের অভ্যন্তরে তিন-চার কিলোমিটার পূর্বে হতে পারে। এ কারণে আগের মতো বিকট কোনো শব্দ এবার শোনা যায়নি।

টেকনাফের স্থানীয় বাসিন্দা নুরুল ইসলাম বলেন, মাঝেমধ্যে টেকনাফের বিভিন্ন সীমান্ত পয়েন্টের বিপরীতে মায়ানমারে গোলাগুলির শব্দ শোনা যায়। আমরা যা জেনেছি, এখন রাখাইনের বেশির ভাগ এলাকার নিয়ন্ত্রক আরাকান আর্মির সঙ্গে রোহিঙ্গা সশস্ত্র সংগঠন আরসা এবং আরএসওর মধ্যে সংঘর্ষ বাধে। এ সময় আমাদের সীমান্তেও আতঙ্ক বিরাজ করে।

বালুখালী রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা মোহাম্মদ আলী বলেন, মায়ানমারের জান্তা বাহিনীকে হটিয়ে রাখাইনের গুরুত্বপূর্ণ শহর মংডুসহ বেশির ভাগ এলাকা আরাকান আর্মি নিয়ন্ত্রণ করছেন। তবে তারাও আপাতত সেখানে স্বস্তিতে নেই। বর্তমান পরিস্থিতিতে জান্তা বাহিনী নীরব থাকলেও রোহিঙ্গা সশস্ত্র সংগঠনগুলো রাখাইনের নিয়ন্ত্রণ নিতে আরাকান আর্মির সঙ্গে লড়াই চালিয়ে যাচ্ছে। তাদের এ সংঘাত আরো দীর্ঘমেয়াদি হতে পারে।