চট্টগ্রামে থানা কম্পাউন্ডে সাংবাদিকদের মারধর করে আলোচনায় আসা চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) উত্তর জোনের উপকমিশনার (ডিসি) আমিরুল ইসলামের বিরুদ্ধে এবার নারী শিক্ষার্থীর গায়ে হাত দেওয়ার অভিযোগ উঠেছে। এই অভিযোগে তার প্রত্যাহারের দাবি জানিয়েছেন গ্রাফিতি আঁকতে গিয়ে নির্যাতনের শিকার শিক্ষার্থীরা।
মঙ্গলবার (১৯ মে) দামপাড়ায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা ডিসি আমিরুলের প্রত্যাহারসহ বিভিন্ন দাবি তুলেন।
নুসরাত জাহান বিনতি নামের এক শিক্ষার্থী বলেন, ‘সোমবার শহীদ ওয়াসিম আকরাম ফ্লাইওভারে গ্রাফিতি আঁকতে গেলে পুলিশ বাধা দেয়। এক পর্যায়ে আমাদের কয়েকজন শিক্ষার্থীকে পুলিশ গ্রেপ্তার করে নিয়ে যাওয়ার চেষ্টা করে। আমরা বাধা দিলে ধস্তাধস্তি হয় নারী পুলিশের সঙ্গে। এক পর্যায়ে ডিসি আমিরুল নিজে এসে আমাদের এক নারী সহযোদ্ধার গায়ে হাত দেন। আমরা বিষয়টি সিএমপি কমিশনারকে জানিয়েছি।’
সংবাদ সম্মেলনের চৌধুরী সাইফুল ইকবাল লিখিতভাবে ছয়টি দাবি পাঠ করেন। তিনি বলেন, সিএমপি জমায়েত, মিছিল, মিটিং নিষেধ করেছিল। আমরা মিছিল, মিটিং কিংবা জমায়েত করতে যাইনি, গ্রাফিতি আঁকতে গিয়েছিলাম। কিন্তু পুলিশের একজন এসপি নিজেদের আইন না বুঝে আমাদের ওপর বল প্রয়োগ করেছেন। আমরা পুরো ঘটনার তদন্ত করে বিচার ও জবাবদিহি নিশ্চিত করা চাই।’
তিনি আরো বলেন, সিএমপি কমিশনার কার্যালয়ে ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের নাম্বার চেয়েছিল। আমরা মোবাইল নাম্বার দিয়ে আসছি। পরে দেখা গেল সেই নাম্বারসংবলিত কাগজটি বিভিন্ন রাজনৈতিক দলের ফেসবুক পেজে আপলোড হয়েছে। নাম্বারগুলোতে ফোন করে হুমকি দেওয়া হচ্ছে। সিএমপি থেকে কারা সেই নাম্বারগুলো ফাঁস করেছে আমরা তার সঠিক তদন্ত চাই।
প্রসঙ্গত, শহীদ ওয়াসিম আকরাম ফ্লাইওভারের লালখান বাজার থেকে টাইগারপাস অংশে জুলাই গ্রাফিতি মুছে চসিক বিজ্ঞাপনের জন্য ভাড়া দেওয়ার সাইবোর্ড ঝুলিয়েছিল। এতে বিভিন্ন মহলে ক্ষোভের সঞ্চার হয়। গ্রাফিতি মোছার প্রতিবাদে ১৭ মে সন্ধ্যায় এনসিপিসহ বিভিন্ন রাজনৈতিক এবং ছাত্রসংগঠন মিছিল করলে মেয়র ডা. শাহাদাতের সমর্থনে বিএনপি নেতাকর্মীরা মিছিল করেন। উত্তেজনা ছড়িয়ে পড়লে নিয়ন্ত্রণে সিএমপি মিছিল, মিটিং ও জমায়েতে নিষেধাজ্ঞা জারি করে ১৮ মে সকালে। ওই অবস্থায় কিছু শিক্ষার্থী জড়ো হয়ে গ্রাফিতি আঁকতে গেলে পুলিশ বাধা দেয়।
দিনভর উত্তেজনা শেষে ১৮ মে সন্ধ্যায় মেয়র শাহাদাত নিজে গ্রাফিতি আঁকা উদ্বোধন করেন। এনসিপি, ছাত্রশক্তি, ছাত্রশিবির আলাদা আলাদা গ্রাফিতি আঁকা কর্মসূচি ঘোষণা করে। সিএমপিও নিষেধাজ্ঞা তুলে নেয়।





