ফরিদপুরের ভাঙ্গায় অবৈধভাবে নকল কসমেটিকস পণ্য তৈরির অভিযোগে রেজাউল মাতুব্বর (৪৫) নামের এক ব্যক্তিকে হাতেনাতে আটক করে ভ্রাম্যমাণ আদালত। এসময় নকল পণ্যগুলো ধ্বংস করা হয় এবং ওই ব্যবসায়ীকে এক লাখ টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ভাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাদরুল আলম।
সোমবার (১৮ মে) সন্ধ্যায় ভাঙ্গা পৌরসভার চন্ডিদাসদী সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন একটি ভবনে এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযুক্ত ব্যক্তির বাড়ি ফরিদপুরের নগরকান্দা উপজেলার দক্ষিণকান্দী গ্রামে।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, অভিযুক্ত ব্যক্তি তার অপরাধ স্বীকার করেছে। তাকে ‘ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯’ মোতাবেক এক লাখ টাকা জরিমানা করা হয় এবং তাৎক্ষণিক জরিমানার অর্থ আদায় করা হয়।
এসময় নকল কসমেটিক্স পণ্যগুলো জব্দ করে জনসম্মুখে ধ্বংস করা হয় এবং উক্ত বিল্ডিংয়ে কসমেটিকস উৎপাদনের সকল কার্যক্রম বন্ধ করা হয়।
উক্ত মোবাইল কোর্টে প্রসিকিউশন দাখিল করেন ভাঙ্গা থানার সাব-ইন্সপেক্টর (এসআই) মো. মুকুল হোসেন সরদার। ভাঙ্গা উপজেলা প্রশাসন ও ভাঙ্গা থানার পুলিশ সদস্যদের যৌথ উদ্যোগে এই অভিযান পরিচালিত হয়। আইন-শৃঙ্খলা রক্ষা ও আলামত জব্দকরণ ও ধ্বংসে ভাঙ্গা থানা পুলিশের একটি টিম মোবাইল কোর্টকে সার্বিক সহযোগিতা প্রদান করেন।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক মো. সাদরুল আলম বলেন, জনস্বাস্থ্যের জন্যে হুমকিস্বরূপ ভেজাল ও নকল কসমেটিকস পণ্য উৎপাদনকারীদের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।




