• ই-পেপার

মেহেরপুরে বজ্রাঘাতে ৪ গরুসহ প্রাণ গেল ১ কৃষকের

বাবার কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হলেন সাবেক প্রতিমন্ত্রী সিনহা

মুন্সীগঞ্জ প্রতিনিধি
বাবার কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হলেন সাবেক প্রতিমন্ত্রী সিনহা
সাবেক স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী মিজানুর রহমান সিনহা।

সাবেক স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ও মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক মিজানুর রহমান সিনহার দাফন সম্পন্ন হয়েছে।

আজ সোমবার আসর নামাজের পর তার গ্রামের বাড়ি মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার কলমা উচ্চ বিদ্যালয় মাঠে তার জানাজা অনুষ্ঠিত হয়। পরে বাড়ির পারিবারিক কবরস্থানে বাবার কবরের পাশে তার লাশ দাফন করা হয়।

এর আগে সোমবার তার লাশ গ্রামের বাড়িতে পৌঁছালে শেষ শ্রদ্ধা জানাতে দূর-দূরান্ত থেকে হাজারো মানুষ ভিড় করে। দলীয় নেতাকর্মী, স্বজন ও স্থানীয়দের উপস্থিতিতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে আসে।

উল্লেখ্য, গত ১৬ মে সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন মিজানুর রহমান সিনহা। মৃত্যুকালে তিনি পরিবার, রাজনৈতিক সহকর্মী ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

মোল্লাহাটে বোরো ধান-চাল সংগ্রহ শুরু, পরিমাপে বেশি নেওয়ার অভিযোগ

মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি
মোল্লাহাটে বোরো ধান-চাল সংগ্রহ শুরু, পরিমাপে বেশি নেওয়ার অভিযোগ
ছবি : কালের কণ্ঠ

বাগেরহাটের মোল্লাহাটে অভ্যন্তরীণ বোরো সংগ্রহ ২০২৫-২৬ মৌসুমের ধান-চাল সংগ্রহ কার্যক্রম শুরু হয়েছে। তবে এই কার্যক্রমের শুরুতেই নির্ধারিত পরিমাপের চেয়ে অতিরিক্ত ধান নেওয়ার অভিযোগ উঠেছে।

সোমবার (১৮ মে) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার গাড়ফা বাজার খাদ্য গুদামে কৃষকদের কাছ থেকে ধান সংগ্রহ কার্যক্রম শুরু হয়। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এটিকে অনানুষ্ঠানিক উদ্বোধন বলা হলেও সংগ্রহ প্রক্রিয়া ঘিরে শুরু থেকেই নানা প্রশ্ন দেখা দেয়।

সরকারি নির্দেশনা অনুযায়ী, কৃষকদের কাছ থেকে প্রতি কেজি ধান ৩৬ টাকাদরে প্রতি বস্তায় ৪০ কেজি করে ধান সংগ্রহ করার কথা। কিন্তু সরেজমিনে দেখা যায়, গুদামে কর্মরত লেবাররা প্রতি বস্তায় ৪২ কেজি করে ধান পরিমাপ করছেন। এ নিয়ে কৃষকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে।

আরো পড়ুন
নাফ নদ থেকে ৪ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

নাফ নদ থেকে ৪ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

 

খাদ্য গুদামে দায়িত্বরত কয়েকজন লেবার জানান, প্রতি বস্তায় ৪২ কেজি ধান নেওয়া হচ্ছে। লেবার সরদার ফুরকান বলেন, এই ধান গোডাউনে ৮ মাস থাকবে, ওই সময়ে ওজন কমবে, সে জন্য ওজন ১ কেজি বেশি নিচ্ছি। আর যদি সই (৪০ কেজি) দিতে চায় তাহলে কৃষকের ধান ফেরত পাঠানো হবে।

এ বিষয়ে জানতে চাইলে ওসিএলএসডি ইব্রাহিম হোসেন বলেন, সরকারি বস্তার ওজন ৭০০ থেকে ৭৫০ গ্রাম হওয়ায় প্রতি বস্তায় ৪১ কেজি ধান নেওয়া হচ্ছে। শুরুতে অতিরিক্ত ধান নেওয়ার বিষয়টি অস্বীকার করলেও পরে তিনি বস্তার ওজনের বিষয়টি সামনে আনেন।

ধান বিক্রি করতে আসা এক কৃষক বলেন, সরকারিভাবে ধান দিতে পারাটাই বড় বিষয়। বাইরে বাজারের চেয়ে সরকার বেশি দামে ধান কিনছে। তবে নির্ধারিত ওজনের চেয়ে বেশি নেওয়া ঠিক নয়।

উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো. শফিকুল ইসলাম জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বিষয়টি জানানোর পর তিনি খাদ্য গুদামে গিয়ে কৃষকদের কাছ থেকে ধান-চাল সংগ্রহ কার্যক্রমের অনানুষ্ঠানিক উদ্বোধন করেন। আনুষ্ঠানিক উদ্বোধন হলে সাংবাদিকদের জানানো হতো বলেও তিনি উল্লেখ করেন।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমনা আইরিন বলেন, নির্ধারিত পরিমাপের বেশি নেওয়ার সুযোগ নেই। বিষয়টি খতিয়ে দেখা হবে। খাদ্য বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে এ বিষয়ে কথা বলা হবে বলে তিনি জানান।

খাদ্য বিভাগ সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে মোল্লাহাট উপজেলায় মোট ৯০৮ মেট্রিক টন ধান এবং ১ হাজার ৩১৪ মেট্রিক টন সিদ্ধ চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। আগামী ৩১ আগস্টের মধ্যে সরকার নির্ধারিত মূল্যে এ সংগ্রহ কার্যক্রম সম্পন্ন করার লক্ষ্য রয়েছে।

এদিকে সচেতন মহলের অভিযোগ, অনানুষ্ঠানিকতার আড়ালে ধান-চাল সংগ্রহে সিন্ডিকেট সক্রিয় থাকতে পারে। তাদের দাবি, প্রকৃত কৃষকদের পরিবর্তে অন্যদের মাধ্যমে ধান সরবরাহের সুযোগ তৈরি হলে সাধারণ কৃষক বঞ্চিত হওয়ার আশঙ্কা রয়েছে।

খুলনা মেডিক্যালে বায়োমেট্রিক হাজিরা মেশিন ‘গায়েব’, তদন্ত কমিটি গঠন

খুলনা অফিস
খুলনা মেডিক্যালে বায়োমেট্রিক হাজিরা মেশিন ‘গায়েব’, তদন্ত কমিটি গঠন
সংগৃহীত ছবি

খুলনা মেডিক্যাল কলেজের প্রশাসনিক ভবন থেকে বায়োমেট্রিক ফেস ডিটেকশন হাজিরা মেশিন সরিয়ে নেওয়ার ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এ ঘটনায় কলেজ কর্তৃপক্ষ পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে।

কলেজ সূত্র জানায়, রবিবার (১৭ মে) বিকেলে প্রশাসনিক ভবনের পাশের একটি কক্ষ থেকে বায়োমেট্রিক হাজিরা মেশিনটি খুলে নেওয়া হয়। অভিযোগ উঠেছে, অফিস সহায়ক কাওসার আলী কার্ডিওলজি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. মোস্তফা কামালের নির্দেশে যন্ত্রটি সরিয়ে নিয়ে পরে কলেজ ভবনের পঞ্চম তলায় কাওসার আলীর ব্যক্তিগত কক্ষে রাখা হয়।

পরদিন সোমবার (১৮ মে) সকালে সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে কর্তৃপক্ষ। পরে সকাল ১১টার দিকে কাওসার আলীর কক্ষ থেকে বায়োমেট্রিক যন্ত্রটি উদ্ধার করা হয়।

এ ঘটনায় কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. গোলাম মাসুদ জানান, শিক্ষকদের বোর্ড সভার সিদ্ধান্ত অনুযায়ী পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির সভাপতি করা হয়েছে উপাধ্যক্ষ অধ্যাপক ডা. সৈয়দ আমানুল ইসলাম।

কমিটির অন্য সদস্যরা হলেন গ্যাস্ট্রোএন্টারোলজি বিভাগের অধ্যাপক ডা. শাহিদুল হাসান মল্লিক, কমিউনিটি মেডিসিন বিভাগের অধ্যাপক ডা. এস এম মাসুম ইকবাল, নিউরোমেডিসিন বিভাগের অধ্যাপক ডা. আব্দুল হালিম সরদার এবং কলেজের সচিব মো. মনিরুজ্জামান। কমিটিকে পাঁচ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

এ বিষয়ে খুলনা মেট্রোপলিটন পুলিশের সোনাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, ‘পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে বিষয়টি অভ্যন্তরীণ হিসেবে উল্লেখ করেছে কলেজ কর্তৃপক্ষ। লিখিত অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

মঙ্গলবার রাতে দেশে পৌঁছাবে ওমানে নিহত ৪ ভাইয়ের মরদেহ

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
মঙ্গলবার রাতে দেশে পৌঁছাবে ওমানে নিহত ৪ ভাইয়ের মরদেহ
সংগৃহীত ছবি

ওমানে বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে নিহত চট্টগ্রামের রাঙ্গুনিয়ার চার প্রবাসী ভাইয়ের মরদেহ মঙ্গলবার (১৯ মে) রাতে দেশে পৌঁছাবে। বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি বিশেষ ফ্লাইটে রাত ৯টার দিকে মরদেহ ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে।

বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে বিশেষ ফ্রিজার অ্যাম্বুল্যান্সে মরদেহগুলো চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার লালানগর ইউনিয়নের গ্রামের বাড়িতে নেওয়া হবে।

সোমবার (১৮ মে) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন ওমানস্থ চট্টগ্রাম সমিতির সভাপতি মোহাম্মদ ইয়াসিন চৌধুরী সিআইপি। তিনি জানান, মরদেহ দেশে পাঠাতে প্রয়োজনীয় সব আইনি ও প্রশাসনিক প্রক্রিয়া প্রায় সম্পন্ন হয়েছে। ওমান সরকার ও বাংলাদেশ দূতাবাসের সহযোগিতায় দ্রুততার সঙ্গে এসব কার্যক্রম শেষ করা সম্ভব হয়েছে।

তিনি আরো জানান, বাংলাদেশ সরকারের ব্যবস্থাপনায় মরদেহ পরিবহনের সম্পূর্ণ কার্গো খরচ বহন করা হচ্ছে। এ ছাড়া ওমানস্থ চট্টগ্রাম সমিতি হাসপাতালের হিমঘর বিল, কাফনের কাপড়, গোসল ও দাফনের প্রস্তুতিসহ প্রয়োজনীয় সব ব্যয় বহন করছে। নিহতদের পরিবারের কাছ থেকে কোনো অর্থ নেওয়া হয়নি।

নিহতদের একমাত্র জীবিত ভাই এনাম বলেন, ‘প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সহায়তায় মরদেহগুলো সরাসরি গ্রামের বাড়িতে আনা হবে। সবকিছু ঠিক থাকলে বুধবার সকাল ৭টা থেকে ৮টার মধ্যে মরদেহ বাড়িতে পৌঁছাবে।’

তিনি জানান, লালানগরের বন্ধেরাজ পাড়ার পারিবারিক কবরস্থানে পাশাপাশি চারটি কবর খননের প্রস্তুতি চলছে। তবে অসুস্থ বৃদ্ধা মাকে এখনো পুরোপুরি এ মর্মান্তিক মৃত্যুর খবর জানানো হয়নি।

প্রসঙ্গত, গত মঙ্গলবার রাতে ওমানের আল মিলিদ্দা, আল মোছানা স্টেট অব আল বাতিনাহ এলাকায় একটি গাড়ির ভেতরে বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে চার ভাইয়ের মৃত্যু হয়। নিহতরা হলেন রাশেদুল ইসলাম, সাহেদুল ইসলাম, মো. সিরাজ ও মো. শহিদ।

পরিবার সূত্রে জানা যায়, তারা দীর্ঘদিন ধরে ওমানে বিভিন্ন ব্যবসা-বাণিজ্যের সঙ্গে জড়িত ছিলেন। দুই ভাইয়ের বিয়ের আয়োজন উপলক্ষে তাদের দেশে ফেরার কথা ছিল। এ জন্য কেনাকাটা ও প্রস্তুতিও প্রায় শেষ হয়েছিল। পাঁচ ভাইয়ের মধ্যে দুজন বিবাহিত এবং বাকি তিনজন অবিবাহিত ছিলেন।

এদিকে চার ভাইয়ের মরদেহ দেশে ফেরাকে ঘিরে পরিবার, আত্মীয়-স্বজন ও এলাকাজুড়ে গভীর শোকের ছায়া নেমে এসেছে।