• ই-পেপার

সুনামগঞ্জে নির্মীয়মাণ যাদুকাটা সেতুর ৫ স্লাব ধস

দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে লঞ্চ চলাচল বন্ধ

গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে লঞ্চ চলাচল বন্ধ
ছবি: কালের কণ্ঠ

বৈরী আবহাওয়ার কারণে রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌপথের লঞ্চ চলাচল বন্ধ রয়েছে। সোমবার (১৮ মে) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সেখানে সাময়িকভাবে সকল লঞ্চ চলাচল বন্ধ করে দিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিআইডাব্লিউটিএ। সেখানে লঞ্চ চলাচল বন্ধ থাকলেও ফেরি চলাচল স্বাভাবিক রয়েছে।

দৌলতদিয়া ঘাটে কর্মরত বিআইডাব্লউটিএ-এর ট্রাফিক সুপারভাইজার মো. শিমুল ইসলাম লঞ্চ বন্ধের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি কালের কণ্ঠকে জানান, প্রবল ঝড়োহাওয়ার কারণে পদ্মা নদীর পানি অনেকটা উত্তাল হয়ে উঠেছে। তাই দুর্ঘটনা এড়াতে আজ সোমবার সন্ধ্যা সাড়ে ৬টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সেখানে সকল লঞ্চ চলাচল বন্ধ রাখা হয়েছে। আবহাওয়া পরিস্থিতি অনুকুলে এলে লঞ্চ সার্ভিস চালু করা হবে।

এদিকে বিআইডাব্লিউটিসির দৌলতদিয়া ঘাট কার্যালয়ের সহকারি মহাব্যবস্থাপক (এজিএম বাণিজ্য) মোহাম্মদ সালাউদ্দিন জানিয়েছেন, দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে লঞ্চ চলাচল বন্ধ থাকলেও সেখানে ফেরি চলাচল স্বাভাবিক রয়েছে। নৌপথ পাড়ি দিতে ঘাটে আসা যাত্রীরা ফেরিতে পারাপার হচ্ছে।

বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর সেতু টোলমুক্তের দাবিতে চাঁপাইনবাবগঞ্জে সড়ক ভবন ঘেরাও

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর সেতু টোলমুক্তের দাবিতে চাঁপাইনবাবগঞ্জে সড়ক ভবন ঘেরাও
ছবি : কালের কণ্ঠ

চাঁপাইনবাবগঞ্জ শহরপ্রান্তে মহানন্দা নদীর ওপর নির্মিত বীরশ্রেষ্ঠ শহিদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সেতু (পুরাতন মহানন্দা সেতু) টোলমুক্ত করার দাবিতে সড়ক ভবন ঘেরাও কর্মসূচি পালন করেছেন স্থানীয় বাসিন্দারা। এ সময় আন্দোলনকারীরা প্রায় আধাঘণ্টা সোনামসজিদ মহাসড়ক অবরোধ করলে সড়কের উভয় পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়।

সোমবার (১৮ মে) সকালে শহরের রেহাইচরে সড়ক ও জনপথ (সওজ) কার্যালয়ের প্রধান ফটকের সামনে ‘চাঁপাইনবাবগঞ্জ নাগরিক অধিকার আদায় কমিটি’ নামের একটি সংগঠনের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।

কর্মসূচিতে বক্তব্য দেন সংগঠনের আহ্বায়ক তরিকুল আলম মোল্লা, আইনজীবী নূরে আলম সিদ্দিকী আসাদ, শিক্ষার্থী সাব্বির আহমেদ, শাহ নেয়ামতুল্লাহ কলেজের অধ্যক্ষ তরিকুল আলম সিদ্দিকী নয়ন, জেলা বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক আব্দুল মতিন, চেম্বার পরিচালক রায়হানুল ইসলাম লুনা এবং জেলা ট্রাক, ট্যাংকলরি ও কভার্ডভ্যান মালিক সমিতির সভাপতি সাইদুর রহমানসহ প্রমুখ।

বক্তারা বলেন, ১৯৯৩ সালে চালু হওয়া এ সেতু দিয়ে প্রতিদিন হাজারো সাধারণ মানুষ, ক্ষুদ্র ব্যবসায়ী, শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ চলাচল করেন। জেলার সদর উপজেলার সঙ্গে শিবগঞ্জ ও সোনামসজিদ স্থলবন্দরের যোগাযোগে সেতুটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

তাদের দাবি, দীর্ঘ ৩৩ বছর পরও মাত্র আধা কিলোমিটার দীর্ঘ এ সেতু ব্যবহার করতে গিয়ে যানবাহনের উভয় পাশে উচ্চহারে টোল আদায় অযৌক্তিক ও জনস্বার্থবিরোধী। প্রতিদিন অনেক মানুষকে একাধিকবার সেতু পার হতে হয়, যা সাধারণ মানুষের ওপর অতিরিক্ত আর্থিক চাপ সৃষ্টি করছে।

আন্দোলনকারীরা অবিলম্বে টোল আদায় বন্ধের দাবি জানান। একই সঙ্গে আগামী ৩০ মে’র মধ্যে দাবি বাস্তবায়ন না হলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা।

এ বিষয়ে জেলা প্রশাসক আবু ছালেহ মো. মুসা জঙ্গী বলেন, বিষয়টি সরকার অবগত রয়েছে এবং সরকারের নজরেও আছে। তবে এখনো ঊর্ধ্বতন কর্তৃপক্ষ থেকে সেতু টোলমুক্ত করার কোনো নির্দেশনা পাওয়া যায়নি।

চাঁপাইনবাবগঞ্জ সওজের উপ-বিভাগীয় প্রকৌশলী রায়হান ইমতিয়াজ জানান, প্রায় ছয় মাস আগে জেলা প্রশাসকের নেতৃত্বে বিভিন্ন পক্ষের সঙ্গে বৈঠক করে সেতুতে থ্রি-হুইলার ও মোটরসাইকেল টোলমুক্ত করার সুপারিশ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। তবে এ বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত আসেনি।

টঙ্গীতে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, ৪ জনকে ধরে পুলিশে দিল ছাত্রদল

আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর
টঙ্গীতে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, ৪ জনকে ধরে পুলিশে দিল ছাত্রদল
ভিডিও থেকে নেওয়া ছবি

টঙ্গীতে ঝটিকা মিছিল করেছেন নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা। মিছিল শেষে চারজনকে ধরে পুলিশে দিয়েছেন স্থানীয় ছাত্রদলের কর্মীরা। সোমবার (১৮ মে) দুপুরে টঙ্গীর প্রত্যাশা মাঠ এলাকায় এ ঘটনা ঘটে।

আটক হলেন কামারপাড়া এলাকার আব্দুল কাদিরের ছেলে তানভীর মাহমুদ (২২), আমিনুল ইসলামের ছেলে মেহেদী হাসান মাসুম (২১), মোহাম্মদ রুবেল মিয়ার ছেলে মোহাম্মদ রাসেল হোসেন (১৮) ও হিরু মিয়ার ছেলে জয় আহমেদ (২২)।

স্থানীয়রা জানায়, টঙ্গী পশ্চিম থানাধীন প্রত্যাশা মাঠে দুপুরে ঝটিকা মিছিল করেন নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা। মিছিলের খবর পেয়ে স্থানীয় ছাত্রদল ও বিএনপির নেতারা মিছিলকারী ছাত্রলীগের চার কর্মীকে আটক করেন। খবর পেয়ে পুলিশ এসে আটকদের টঙ্গী পশ্চিম থানায় নিয়ে যায়।

আরো পড়ুন
সাংবাদিকের দোকান থেকে সিগারেট চুরি, অতঃপর...

সাংবাদিকের দোকান থেকে সিগারেট চুরি, অতঃপর...

 

এদিকে মিছিল থেকে চারজনকে আটকের পর স্থানীয় ছাত্রদল ও বিএনপির নেতারা তাদের নিয়ে বৈঠকে বসেন। বৈঠকের একটি ভিডিও কালের কণ্ঠের এই প্রতিনিধির কাছে সংরক্ষিত আছে। ভিডিওতে দেখা যায়, টঙ্গী পশ্চিম থানা বিএনপির আহ্বায়ক প্রভাষক বসির উদ্দিন, সদস্যসচিব আসাদুজ্জামান নুর, ৫২ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সামসুল হকসহ বিএনপি, ছাত্রদল, যুবদলসহ বিভিন্ন স্তরের নেতারা উপস্থিত ছিলেন। বৈঠকে টঙ্গী পশ্চিম থানার ওসি আরিফুর রহমানকেও দেখা গেছে।

ওই ভিডিওতে বলতে শোনা যায়, ২০ মে তারেক রহমান টঙ্গীর গুটিয়ার ধরপাড়া এলাকায় আসবেন। এর আগে এই এলাকায় ছাত্রলীগ কী কারণে মিছিল করেছে তা নিয়ে পুলিশ কাজ করছে। তারেক রহমানকে আক্রমণ করার পরিকল্পনা রয়েছে কি না, তা নিয়েও ভিডিওতে কথা বলতে শোনা যায়।

টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফুর রহমান কালের কণ্ঠকে বলেন, টঙ্গীতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল হয়েছে। চারজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

প্রসঙ্গত, আগামী ২০ মে টঙ্গীর গুটিয়া এলাকায় একটি সরকারি কর্মসূচিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের অংশগ্রহণের কথা রয়েছে। এ উপলক্ষে বিএনপি একাধিক প্রস্তুতি সভা করছে। টঙ্গী পশ্চিম থানার ওসি আরিফুর রহমান প্রধানমন্ত্রী তারেক রহমানের টঙ্গী আসার বিষয়টি নিশ্চিত করেছেন।

পিরোজপুরে ২৫টি হারানো মোবাইল ফোন প্রকৃত মালিককে ফেরত দিল পুলিশ

পিরোজপুর প্রতিনিধি
পিরোজপুরে ২৫টি হারানো মোবাইল ফোন প্রকৃত মালিককে ফেরত দিল পুলিশ
ছবি : কালের কণ্ঠ

তথ্য-প্রযুক্তির সহায়তায় উদ্ধার করা ২৫টি হারানো মোবাইল ফোন প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করেছে পিরোজপুর জেলা পুলিশ। সোমবার (১৮ মে) দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলনকক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে মোবাইল ফোনগুলো মালিকদের হাতে তুলে দেন পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকী।

পুলিশ সূত্র জানায়, জেলা পুলিশ সুপারের সার্বিক দিকনির্দেশনায় জেলা পুলিশের আইসিটি অ্যান্ড মিডিয়া (সাইবার পেট্রোলিং) শাখা এ উদ্ধার অভিযান পরিচালনা করে। জেলার বিভিন্ন থানায় হারানো মোবাইল সংক্রান্ত সাধারণ ডায়েরি (জিডি) পর্যালোচনা করে দেশের বিভিন্ন স্থান থেকে মোবাইল ফোনগুলো উদ্ধার করা হয়।

উদ্ধার হওয়া মোবাইল ফোনগুলোর মধ্যে পিরোজপুর সদর থানা থেকে একটি, জিয়ানগর থানা থেকে তিনটি, মঠবাড়িয়া থানা থেকে ১০টি, নাজিরপুর থানা থেকে আটটি, নেছারাবাদ থানা থেকে দুটি এবং ভান্ডারিয়া থানা থেকে একটি মোবাইল উদ্ধার করা হয়েছে।

মোবাইল হস্তান্তর অনুষ্ঠানে পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকী বলেন, ‘বর্তমান সময়ে মোবাইল ফোন ও মোবাইল ব্যাংকিং সংশ্লিষ্ট অপরাধ বেড়ে যাচ্ছে। এসব অপরাধ দমনে জেলা পুলিশের সাইবার টিম সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে।’ 

তিনি সাধারণ মানুষকে অপরিচিত নম্বরে ব্যক্তিগত বা আর্থিক তথ্য শেয়ার না করার আহ্বান জানান এবং প্রতারণার শিকার হলে দ্রুত নিকটস্থ থানায় সাধারণ ডায়েরি করার পরামর্শ দেন। 

তিনি আরো বলেন, ‘জেলা পুলিশ সব সময় জনগণের পাশে রয়েছে এবং এ ধরনের উদ্ধার কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।’ 

এদিকে হারানো মোবাইল ফিরে পেয়ে ভুক্তভোগীরা জেলা পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। অনুষ্ঠানে পুলিশের বিশেষ শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা শরিফুল ইসলাম, জেলা আইসিটি শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান, আইসিটি শাখার সদস্য ও বিভিন্ন গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।