• ই-পেপার

ভালুকায় কুকুর আতঙ্কে ফাঁকা দুই প্রাথমিক বিদ্যালয়

পিরোজপুরে ২৫টি হারানো মোবাইল প্রকৃত মালিককে ফেরত দিল পুলিশ

পিরোজপুর প্রতিনিধি
পিরোজপুরে ২৫টি হারানো মোবাইল প্রকৃত মালিককে ফেরত দিল পুলিশ
ছবি : কালের কণ্ঠ

তথ্যপ্রযুক্তির সহায়তায় উদ্ধার করা ২৫টি হারানো মোবাইল ফোন প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করেছে পিরোজপুর জেলা পুলিশ। সোমবার (১৮ মে) দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে মোবাইল ফোনগুলো মালিকদের হাতে তুলে দেন পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকী।

পুলিশ সূত্র জানায়, জেলা পুলিশ সুপারের সার্বিক দিকনির্দেশনায় জেলা পুলিশের আইসিটি অ্যান্ড মিডিয়া (সাইবার পেট্রোলিং) শাখা এ উদ্ধার অভিযান পরিচালনা করে। জেলার বিভিন্ন থানায় হারানো মোবাইল সংক্রান্ত সাধারণ ডায়েরি (জিডি) পর্যালোচনা করে দেশের বিভিন্ন স্থান থেকে মোবাইল ফোনগুলো উদ্ধার করা হয়।

উদ্ধার হওয়া মোবাইল ফোনগুলোর মধ্যে পিরোজপুর সদর থানা থেকে একটি, জিয়ানগর থানা থেকে তিনটি, মঠবাড়িয়া থানা থেকে ১০টি, নাজিরপুর থানা থেকে আটটি, নেছারাবাদ থানা থেকে দুটি এবং ভান্ডারিয়া থানা থেকে একটি মোবাইল উদ্ধার করা হয়েছে।

মোবাইল হস্তান্তর অনুষ্ঠানে পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকী বলেন, ‘বর্তমান সময়ে মোবাইল ফোন ও মোবাইল ব্যাংকিং সংশ্লিষ্ট অপরাধ বেড়ে যাচ্ছে। এসব অপরাধ দমনে জেলা পুলিশের সাইবার টিম সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে।’ 

তিনি সাধারণ মানুষকে অপরিচিত নম্বরে ব্যক্তিগত বা আর্থিক তথ্য শেয়ার না করার আহ্বান জানান এবং প্রতারণার শিকার হলে দ্রুত নিকটস্থ থানায় সাধারণ ডায়েরি করার পরামর্শ দেন। 

তিনি আরো বলেন, ‘জেলা পুলিশ সবসময় জনগণের পাশে রয়েছে এবং এ ধরনের উদ্ধার কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।’ 

এদিকে হারানো মোবাইল ফিরে পেয়ে ভুক্তভোগীরা জেলা পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। অনুষ্ঠানে পুলিশের বিশেষ শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা শরিফুল ইসলাম, জেলা আইসিটি শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান, আইসিটি শাখার সদস্য ও বিভিন্ন গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

নওগাঁ

সাংবাদিকের দোকান থেকে সিগারেট চুরি, অতঃপর...

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি
সাংবাদিকের দোকান থেকে সিগারেট চুরি, অতঃপর...
প্রতীকী ছবি

নওগাঁর রানীনগর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সাহাজুল ইসলামের দোকান থেকে সিগারেট চুরির ঘটনা ঘটেছে। রবিবার দিবাগত রাতে উপজেলার আবাদপুকুর বাজার চারমাথা এলাকায় ওমর সুপারমার্কেটে চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় সোমবার (১৮ মে) দুপুরে সাংবাদিক সাহাজুল ইসলাম বাদী হয়ে থানায় মামলা করেছেন। 

দোকান মালিক সাহাজুল ইসলাম জানান, প্রতিদিনের মতো কেনাবেচা শেষে রাত আনুমানিক ১০টার দিকে দোকান বন্ধ করে তিনি বাড়িতে চলে যান। পরদিন সোমবার সকালে দোকান খুলে দেখতে পান দোকানের মালপত্র এলোমেলো হয়ে পড়ে আছে। দোকানের ভেতর ঢুকে দেখেন চালের টিন খুলে চোরেরা প্রবেশ করে দোকানে থাকা বেনসন, গোল্ড লিফ, স্টার সিগারেটসহ বিভিন্ন ব্র্যান্ডের অন্তত দেড় লাখ টাকার সিগারেট চুরি করে নিয়ে গেছে। খবর পেয়ে রানীনগর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

রানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাকারিয়া মন্ডল বলেন, দোকানের সিগারেট চুরির ঘটনায় সাহাজুল ইসলাম বাদী হয়ে মামলা করেছেন। এ ঘটনার সুষ্ঠু তদন্তসহ জড়িতদের গ্রেপ্তার ও মালামাল উদ্ধারের চেষ্টা চলছে।

গাজীপুর সিটি প্রশাসকের দুস্থদের মাঝে হুইলচেয়ার বিতরণ

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর
গাজীপুর সিটি প্রশাসকের দুস্থদের মাঝে হুইলচেয়ার বিতরণ
ছবি : কালের কণ্ঠ

মানবিক সহায়তার অংশ হিসেবে গাজীপুর সিটি করপোরেশনের প্রশাসক মো. শওকত হোসেন সরকার অসহায় ও শারীরিক প্রতিবন্ধী মানুষের মাঝে হুইলচেয়ার বিতরণ করেছেন।

সোমবার (১৮ মে) গাজীপুর সিটি করপোরেশনের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে উপকারভোগীদের হাতে হুইলচেয়ার তুলে দেওয়া হয়।

হুইলচেয়ার বিতরণকালে প্রশাসক মো. শওকত হোসেন সরকার বলেন, গাজীপুর সিটি কর্পোরেশন শুধু অবকাঠামোগত উন্নয়ন নয়, মানবিক দায়িত্ববোধ থেকেও সমাজের পিছিয়ে পড়া ও অসহায় মানুষের পাশে দাঁড়াতে কাজ করে যাচ্ছে। শারীরিক প্রতিবন্ধকতা যেন কারো জীবনযাত্রার পথে বাধা হয়ে না দাঁড়ায়, সে লক্ষ্যেই এ ধরনের সহায়তা কার্যক্রম অব্যাহত রাখা হয়েছে।

তিনি আরো বলেন, যাদের হাতে হুইলচেয়ার তুলে দেওয়া হয়েছে, তারা যেন স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারেন ও আত্মবিশ্বাসের সঙ্গে জীবন পরিচালনা করতে পারেন, সেটিই সিটি করপোরেশনের প্রত্যাশা।

অনুষ্ঠানে হুইলচেয়ার গ্রহণকারীদের মধ্যে ছিলেন মো. ইব্রাহিম, যার দুই পা নেই এবং সুফিয়া, যার একটি পা নেই ও অপর পা-টিও বিকলাঙ্গ। হুইলচেয়ার পেয়ে তারা গাজীপুর সিটি করপোরেশনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

আরো পড়ুন
এক ঝটকায় বিছানা ছাড়ছেন? সতর্ক করলেন চিকিৎসকরা

এক ঝটকায় বিছানা ছাড়ছেন? সতর্ক করলেন চিকিৎসকরা

 

এ সময় গাজীপুর সিটি করপোরেশনের মেডিক্যাল অফিসার ডা. রহমতউল্লাহ, প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা গোলাম কিবরিয়াসহ করপোরেশনের কর্মকর্তা-কর্মচারী ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা উপস্থিত ছিলেন।

জাফলংয়ে সাত হাজার ঘনফুট পাথর জব্দ

নিজস্ব প্রতিবেদক, সিলেট
জাফলংয়ে সাত হাজার ঘনফুট পাথর জব্দ
সংগৃহীত ছবি

সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলং এলাকায় অভিযান চালিয়ে ৬ হাজার ৯২৭ ঘনফুট পাথর জব্দ করেছে জ্বালানি ও খনিজসম্পদ বিভাগ। সোমবার (১৮ মে) জ্বালানি ও খনিজসম্পদ বিভাগের সিনিয়র সহকারী সচিব ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সৈকত রায়হানের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।

 এ সময় থানা পুলিশ ও বিজিবির সদস্যরা উপস্থিত ছিলেন।

এ বিষয়ে ম্যাজিস্ট্রেট সৈকত রায়হান জানান, অভিযান চালিয়ে প্রায় সাত হাজার ঘনফুট পাথর জব্দ করা হয়েছে। জব্দ করা পাথরগুলো পরবর্তীতে নিলামের মাধ্যমে বিক্রি করে রাষ্ট্রীয় কোষাগারে অর্থ জমা করা হবে।

তিনি আরো বলেন, ‘জব্দ করা পাথর স্থানীয় জনপ্রতিনিধির জিম্মায় রাখা হয়েছে। জাফলংয়ের প্রকৃতি ও পরিবেশ রক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।’