• ই-পেপার

গাজীপুর সিটি প্রশাসকের দুস্থদের মাঝে হুইলচেয়ার বিতরণ

নওগাঁ

সাংবাদিকের দোকান থেকে সিগারেট চুরি, অতঃপর...

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি
সাংবাদিকের দোকান থেকে সিগারেট চুরি, অতঃপর...
প্রতীকী ছবি

নওগাঁর রাণীনগর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সাহাজুল ইসলামের দোকান থেকে সিগারেট চুরির ঘটনা ঘটেছে। রবিবার দিবাগত রাতে উপজেলার আবাদপুকুর বাজার চারমাথা এলাকায় ওমর সুপার মার্কেটে চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় সোমবার (১৮ মে) দুপুরে সাংবাদিক সাহাজুল ইসলাম বাদী হয়ে থানায় মামলা করেছেন। 

দোকান মালিক সাহাজুল ইসলাম জানান, প্রতিদিনের মতো কেনাবেচা শেষে রাত আনুমানিক ১০টার দিকে দোকান বন্ধ করে তিনি বাড়িতে চলে যান। পরদিন সোমবার সকালে দোকান খুলে দেখতে পান দোকানের মালপত্র এলোমেলো হয়ে পড়ে আছে। দোকানের ভেতর ঢুকে দেখেন চালের টিন খুলে চোরেরা প্রবেশ করে দোকানে থাকা বেনসন, গোল্ড লিফ ও স্টার সিগারেটসহ বিভিন্ন ব্র্যান্ডের অন্তত দেড় লাখ টাকার সিগারেট চুরি করে নিয়ে গেছে। খবর পেয়ে রাণীনগর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। 

রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাকারিয়া মন্ডল বলেন, দোকানের সিগারেট চুরির ঘটনায় সাহাজুল ইসলাম বাদী হয়ে মামলা করেছেন। এ ঘটনার সুষ্ঠু তদন্তসহ জড়িতদের গ্রেপ্তার ও মালামাল উদ্ধারের চেষ্টা চলছে।

ভালুকায় কুকুর আতঙ্কে ফাঁকা দুই প্রাথমিক বিদ্যালয়

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি
ভালুকায় কুকুর আতঙ্কে ফাঁকা দুই প্রাথমিক বিদ্যালয়
ময়মনসিংহের ভালুকার দক্ষিণ মেদুয়ারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি শ্রেণিকক্ষে মাত্র দুজন শিক্ষার্থী বসে আছে। ছবি : কালের কণ্ঠ।

ময়মনসিংহের ভালুকা উপজেলার মেদুয়ারী ইউনিয়নের কয়েকটি গ্রামে গত দুুই দিনে বেওয়ারিশ কুকুররের কামড়ে অন্তত ২০ জন আহত হয়েছে। তাদের মাঝে এক শিক্ষার্থীসহ ৮ জনকে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে থেকে চিকিৎসা দেওয়া হয়েছে। কুকুরের কামড় আতঙ্কে সোমবার (১৮ মে) মেদুয়ারী ইউনিয়নের দুটি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণি কক্ষগুলো অনেকটাই ফাঁকা ছিল।

স্থানীয় বাসিন্দা ও বিদ্যালয়ের শিক্ষকগণ জানান, উপজলোর মেদুয়ারী ইউনিয়নের নিঝুরী, মেদুয়ারী, কুচিলাতলা গ্রামে পাগলা কুকুর একের পর এক মানুষকে কামড়ে দেয়ায় স্থানীয়দের মাঝে আতঙ্ক ছড়িয় পড়েছে। বেওয়ারিশ কুকুরের কামড়ে গত শনিবার ও রবিবার (১৬ মে ও ১৭ মে) দুুই দিনে ওই সব গ্রামের নারী-শিশুসহ কমপক্ষে ২০ জন আহত হয়েছে।

কুকুরের কামড়ে আহতরা হলেন, দক্ষিণ মেদুয়ারী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী আফরিন আক্তার (৭), তাঁর দাদা মনু মিয়া (৬৮), খাইরুল ইসলামের ছেলে মাহমুদুদল হাসান (২), আসাদুল ইসলামের ছেলে সাইম হাসান (৩০), শহিদুল ইসলামের ছেলে সিয়াম (৪) ও প্রতিবেশী হাসনা বেগম (৫০)। তাদের সকলের বাড়ি মেদুয়ারী গ্রামে। স্থানীয়রা জানান, বেওয়ারিশ কুকুরগুলো এলাকায় দলবেধে অবাধে ঘুরে বেড়ায়। মানুষের পাশাপাশি তাদের আক্রমন থেকে রক্ষা পাচ্ছে না ওইসব গ্রামের গরু, ছাগল, হাঁস-মুরগিও।

পরিবার সূত্রে জানা যায়, দক্ষিণ মেদুয়ারী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী আফরিন আক্তার গতকাল রবিবার (১৭ মে) সকালে তাদের ল্যাট্রিন থেকে বের হওয়ার সঙ্গে সঙ্গে একটি কুকুর এসে তাকে এলাপাথারীভাবে কামড়ে দেয়। একই সময়ে ওই কুকুরের কামড়ে তার দাদা মনু মিয়াও আহত হয়েছেন। পরে, তাকে তাদেরকে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা দেওয়া হয়।

মেদুয়ারী গ্রামের মঞ্জিলা খাতুন জানান, গতকাল রবিবার বেলা ১১ টার দিকে ৪-৫টি কুকুর তাঁর বাড়ির পাশে সিয়াম নামের এক প্রতিবেশিকে শরীরের বিভিন্ন অংশে কামড় দেয়। পরে, তাকে উপজেলা সরকারী হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হয়েছে। তিনি জানান, প্রায় সময় কুকুর গুলোকে দলবেধে ঘুরতে দেখা যায়। ইতোমধ্যে কুকুরগুলো এলাকার বেশির ভাগ ছাগলকে কামড়ে দিয়েছে। কুকুরের ভয়ে এখন ছাগল ঘাস খেতে মাঠে যায় না।

বিদ্যালয় ফাঁকার বিষয়ে ভাটি মেদুয়ারী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ খাদেমুল ইসলাম জানান, সম্প্রতি মেদুয়ারী ইউনিয়নের কয়েকটি গ্রামে কুকুরের উপদ্রব দেখা দিয়েছে। তাঁর বিদ্যালয়ের আশপাশের কয়েকজন কুকুরের কামড়ে আহত হওয়ার খবর তিনি শুনেছেন। তাছাড়া, তার পাশের গ্রামের বিদ্যালয়ের একজন শিক্ষার্থীকে পাগলা কুকুরে কামড় দিয়েছে। ফলে, ককুর আতঙ্কে বিদ্যালয়ে শিক্ষার্থী উপস্থিতির সংখ্যা ৫০ শতাংশ কমে গেছে। কিছু সংখ্যক অভিভাবক আজ সোমবার (১৮ মে) সকালে হাতে বাঁশের লাঠি নিয়ে তাদের বাচ্চাদের স্কুলে দিয়ে গেছেন।

উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. কামরুজ্জমান বলেন, ‘উপজেলার মেদুয়ারী এলাকায় কুকুর আতংকের কথা শোনেছি। তবে, কুকুর আতংকে কোন শিক্ষা প্রতিষ্ঠান ফাঁকা ছিলো কি-না তা, কোন শিক্ষা প্রতিষ্ঠান প্রধান আমাকে জানাননি।’

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. নজরুল ইসলাম বলেন, ‘গত তিন দিনে উপজেলার মেদুয়ারী এলাকায় অনেক মানুষকে কুকুর কামড়িয়েছে বলে শুনেছি। তবে, কুকুরের কামড়ে আহত একজন ছাত্রসহ ৮জন রোগী আমাদের হাসপাতালে এসে চিকিৎসা নিয়েছেন। সকলকেই হাসপাতাল থেকে ভ্যাকসিন সরবরাহ করা হয়েছে। অন্যান্যরা হয়তো অন্য কোথাও চিকিৎসা নিয়ে থাকতে পারে।’ তিনি জানান, গত এক সপ্তাহে উপজেলার বিভিন্ন এলাকায় কুকুরে কামড়ে আহত রোগীদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে শতাধিক ভ্যাকসিন দেওয়া হয়েছে।

 উপজেলা নির্বাহী কর্মকর্তা  (ইউএনও) মো. ফিরোজ হোসেন জানান, কুকুরের কামড়ের বিষয়টি কেউ তাকে জানায়নি। খুঁজ নিয়ে দেখবো কি ব্যবস্থা নেয়া যায়।

জাফলংয়ে সাত হাজার ঘনফুট পাথর জব্দ

নিজস্ব প্রতিবেদক, সিলেট
জাফলংয়ে সাত হাজার ঘনফুট পাথর জব্দ
সংগৃহীত ছবি

সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলং এলাকায় অভিযান চালিয়ে ৬ হাজার ৯২৭ ঘনফুট পাথর জব্দ করেছে জ্বালানি ও খনিজসম্পদ বিভাগ। সোমবার (১৮ মে) জ্বালানি ও খনিজসম্পদ বিভাগের সিনিয়র সহকারী সচিব ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সৈকত রায়হানের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।

 এ সময় থানা পুলিশ ও বিজিবির সদস্যরা উপস্থিত ছিলেন।

এ বিষয়ে ম্যাজিস্ট্রেট সৈকত রায়হান জানান, অভিযান চালিয়ে প্রায় সাত হাজার ঘনফুট পাথর জব্দ করা হয়েছে। জব্দ করা পাথরগুলো পরবর্তীতে নিলামের মাধ্যমে বিক্রি করে রাষ্ট্রীয় কোষাগারে অর্থ জমা করা হবে।

তিনি আরো বলেন, ‘জব্দ করা পাথর স্থানীয় জনপ্রতিনিধির জিম্মায় রাখা হয়েছে। জাফলংয়ের প্রকৃতি ও পরিবেশ রক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।’

নোয়াখালীতে ট্রাকচাপায় মাদরাসার মুহতামিম নিহত, আহত স্ত্রী-সন্তান

নোয়াখালী প্রতিনিধি
নোয়াখালীতে ট্রাকচাপায় মাদরাসার মুহতামিম নিহত, আহত স্ত্রী-সন্তান
মাওলানা বেলাল হোসাইন ফতেহপুরী। সংগৃহীত ছবি

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় ট্রাকচাপায় মাওলানা বেলাল হোসাইন ফতেহপুরী (৫০) নামের এক মাদরাসার মুহতামিম নিহত হয়েছেন। একই ঘটনায় তার স্ত্রী ও দুই সন্তান গুরুতর আহত হয়েছে।

সোমবার (১৮ মে) দুপুরে নোয়াখালী-ফেনী আঞ্চলিক মহাসড়কের চৌমুহনী পূর্ব বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মাওলানা বেলাল হোসাইন জেলার সেনবাগ উপজেলার ফতেহপুর গ্রামের বরকান্দাজ বাড়ির মৃত মুগবুল আহমেদের ছেলে। তিনি ফতেহপুর ইসলামিয়া মাদরাসার প্রধান মুহতামিম হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, দুপুরে স্ত্রী তামান্না রহমান (৪৫) ও দুই সন্তানকে নিয়ে চৌমুহনীর হলি কেয়ার হাসপাতালে চিকিৎসকের পরামর্শ নিয়ে বের হন বেলাল ফতেহপুরী। পরে মহাসড়ক পার হওয়ার সময় দ্রুতগতির একটি মালবাহী ট্রাক তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই বেলাল ফতেহপুরীর মৃত্যু হয়। আহত স্ত্রী ও দুই সন্তানকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আদিল আকবর দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহত ব্যক্তি ও তার পরিবারের সদস্যরা পথচারী ছিলেন। এ ঘটনায় ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে। তবে ট্রাকের চালক ও হেলপার ঘটনাস্থল থেকে পালিয়ে গেছে।