মাদারীপুরের রাজৈর উপজেলার টেকেরহাট বন্দর সংলগ্ন নয়াকান্দি থেকে চুরি হওয়া একটি পিকআপ শিবচর উপজেলার পাচ্চর ব্রিজের নিকট একটি গ্যারেজ থেকে উদ্ধার করেছে রাজৈর থানার পুলিশ। এসময় ঐ গ্যারেজ থেকে আরো দুটি চোরাই গাড়ী উদ্ধার করা হয় এবং গাড়ী চুরির সাথে জড়িত গ্যারেজ মালিক ফারুক মোল্লাকে গ্রেপ্তার করা হয়। তার স্বীকারোক্তি মোতাবেক অন্তর বিশ্বাস নামক আরেকজনকে গ্রেপ্তার করা হয়।
সোমবার (১৮মে) দুপুরে রাজৈর থানায় আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তথ্য দেন রাজৈর শিবচর সার্কেল এএসপি মো.সালাউদ্দিন কাদের।
গ্রেপ্তারকৃতরা হলেন, মাদারীপুরের শিবচর উপজেলার হামিদ মোল্লার ছেলে ফারুক মোল্লা এবং নড়াইল জেলার কালিয়া উপজেলার নড়াগাতি গ্রামের মধু বিশ্বাসের ছেলে অন্তর বিশ্বাস। তাদের দুইজনকে জেলা হাজতে পাঠানো হয়েছে ।
রাজৈর শিবচর সার্কেল এএসপি মো. সালাউদ্দিন কাদের জানান, গত ৮ মে সন্ধ্যায় টেকেরহাট গোপালগঞ্জ সড়কের রাজৈর উপজেলাধীন নয়াকান্দি এলাকার রাস্তা থেকে রিপন শেখের একটি পিকআপ (ঢাকা মেট্রো ড ১২-৬৭০৬) চোর চক্র নিয়ে যায়। গাড়ীর মালিক রিপন শেখের বাড়ী নয়াকান্দি এলাকায়।
তিনি জানান, তথ্যপ্রযুক্তির সহায়তায় রবিবার (১৭-৫-২৬) রাতে চোরাই পিকআপসহ আরো দুটি গাড়ী ফারুক মোল্লার গ্যারেজ থেকে উদ্ধার করা হয়।
এসময় রিমান্ডে নেওয়ার পর তাদের কাছ থেকে গাড়ী চোর চক্রের আরো তথ্য পাওয়া যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি ।





