ঝিনাইদহ সদর উপজেলার সাগান্না গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (১৮ মে) সকালে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন সদর উপজেলার হলিধানী ইউনিয়নের সাগান্না গ্রামের বাসিন্দা মজিবুর খাঁ ও তার স্ত্রী মোমেনা বেগম।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, সকালে বাড়ির আঙিনায় বোরো ধান ফ্যানের বাতাসে উড়িয়ে পরিষ্কার করছিলেন মজিবুর খাঁ। এ সময় অসাবধানতাবশত বৈদ্যুতিক ফ্যানের তারে জড়িয়ে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। স্বামীকে বাঁচাতে এগিয়ে গেলে স্ত্রী মোমেনা বেগমও বিদ্যুৎস্পৃষ্ট হন। ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
প্রতিবেশী আজীবর বিশ্বাস জানান, সকালে হঠাৎ চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে এসে তাদের উদ্ধার চেষ্টা করে। পরে জানা যায়, বিদ্যুতের সংস্পর্শে এসে দুজনই মারা গেছেন।
ঝিনাইদহ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আসাদুজ্জামান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রাথমিকভাবে বিদ্যুৎস্পৃষ্টে তাদের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।






