লক্ষ্মীপুরের রায়পুরে কিশোর অটোরিকশা চালক রাজিব হোসেন (১৪) হত্যার ঘটনায় প্রধান আসামির ফাঁসির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১১ মে) বিকেলে উপজেলার দক্ষিণ চর আবাবিল ইউনিয়নের বালুধুম গ্রামে নিহত রাজিবের বাড়ির সামনে স্থানীয়দের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন স্থানীয় বিএনপি নেতা আব্দুল জলিল মুন্সি এবং নিহত রাজিবের বাবা মোস্তফা মিয়াসহ এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। এ সময় বক্তারা হত্যার দ্রুত বিচার এবং ঘটনার সঙ্গে জড়িত অন্যদেরও আইনের আওতায় আনার দাবি জানান।

নিহতের বাবা মোস্তফা মিয়া বলেন, ‘আমরা আমার ছেলের হত্যাকারী গিয়াসের ফাঁসি চাই। সে আমার আদরের সন্তানকে নির্মমভাবে হত্যা করেছে।’

এ ঘটনায় পার্শ্ববর্তী উত্তর চরআবাবিল ইউনিয়নের চরপাঙ্গাসিয়া গ্রামের খোরশেদ আলম বেপারীর ছেলে গিয়াস উদ্দিন গেসুকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানায় রায়পুর থানা পুলিশ।

পুলিশ সূত্র জানায়, ১ মে সন্ধ্যায় রাজিব অটোরিকশা নিয়ে ফজু মোল্লার স্টেশনে বসে ছিলেন। সেখান থেকে গিয়াস ওরফে সোহেল বয়াতি ৩০০ টাকা ভাড়া নির্ধারণ করে অটোরিকশায় ওঠেন। পরে তিনি রাজিবকে বিভিন্ন স্থানে ঘুরিয়ে উত্তর চর আবাবিল ইউনিয়নের কেওড়াডগি গ্রামের একটি সুপারি বাগানে নিয়ে যান।

সেখানে অটোরিকশার চাবি কেড়ে নেওয়ার চেষ্টা করলে রাজিব বাধা দেন। এ সময় গিয়াস রিংগুটি নামের লোহার যন্ত্র দিয়ে তার মাথায় আঘাত করলে তিনি গুরুতর আহত হন। পরে অটোরিকশাটি একটি বাড়িতে রেখে গিয়াস পালিয়ে যান। পরদিন রাজিবের মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, ৫ মে চাঁদপুর থেকে গিয়াস উদ্দিনকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে হত্যার মামলা চলমান রয়েছে।