চাঁদপুরের কচুয়া উপজেলায় মাঠ থেকে ধান আনতে গিয়ে বজ্রাঘাতে পদ্মা রানী (৫৫) নামের এক কিষানির মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন তার ছেলে নারায়ণও (৩২)।

সোমবার (১১ মে) দুপুরে উপজেলার কড়ইয়া ইউনিয়নের বড় হায়াতপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত পদ্মা রানী ওই গ্রামের পাটোয়ারী বাড়ির মৃত সুনীল চন্দ্র সরকারের স্ত্রী। আহত নারায়ণকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

পারিবারিক ও স্থানীয় সূত্র জানায়, বাড়ির সামনের মাঠে শুকাতে দেওয়া ধান আনতে যান পদ্মা রানী ও তার ছেলে নারায়ণ। ধান গুছিয়ে নেওয়ার শেষ মুহূর্তে হঠাৎ আকাশ মেঘাচ্ছন্ন হয়ে প্রবল বজ্রপাত শুরু হয়। এ সময় বজ্রাঘাতে মা ও ছেলে দুজনেই মাঠে লুটিয়ে পড়েন।

পরে পরিবারের সদস্যরা দ্রুত তাদের উদ্ধার করে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাসনুবা মরিয়ম পদ্মা রানীকে মৃত ঘোষণা করেন। তবে তার ছেলে নারায়ণ প্রাণে বেঁচে যান এবং গুরুতর কোনো আঘাত পাননি বলে জানা গেছে।

খবর পেয়ে কচুয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মো. রুবেল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপস্থিত হয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন।

বিষয়টি নিশ্চিত করে কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুল ইসলাম জানান, ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা বা সাধারণ ডায়েরি (জিডি) করার প্রক্রিয়া চলমান রয়েছে।