পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) শিক্ষক ও কর্মচারীদের ওপর বহিরাগতদের হামলার ঘটনায় দুমকি উপজেলা বিএনপির কোষাধ্যক্ষ বশির উদ্দিনকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

সোমবার (১১ মে) সন্ধ্যায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সন্ত্রাস, হানাহানি ও শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগে পটুয়াখালী জেলার দুমকি উপজেলা বিএনপির কোষাধ্যক্ষ বশির উদ্দিনকে বিএনপির প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

এর আগে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে উপাচার্যবিরোধী অবস্থান কর্মসূচিকে কেন্দ্র করে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের ওপর বহিরাগতদের হামলার অভিযোগ ওঠে। এ ঘটনায় বিশ্ববিদ্যালয়জুড়ে উত্তেজনা সৃষ্টি হয়।

হামলার ঘটনার প্রতিবাদ জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতিসহ বিভিন্ন সংগঠন। ঘটনায় জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তারা।