গ শ্রেণি থেকে খ শ্রেণিতে উন্নীত হয়েছে বগুড়ার শিবগঞ্জ পৌরসভা। পাশাপাশি সীমানার পরিধিও বাড়ানো হচ্ছে।

বৃহস্পতিবার (৭ মে) প্রশাসনিক পুনর্বিন্যাসসংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) বৈঠকে শিবগঞ্জ পৌরসভায় নতুন আরও ৮টি এলাকা অন্তর্ভুক্তির প্রস্তাব অনুমোদন করা হয়েছে।

পৌরসভার সীমানায় নতুন করে যুক্ত হওয়া এলাকাগুলো হলো—উপজেলার পশ্চিম জাহাঙ্গীরাবাদ, জাহাঙ্গীরাবাদ, চাঁদনিয়া শিবগঞ্জ, উথলী, নারায়ণপুর, সন্যাসী ধোন্দাকোলা মৌজা এবং আঁচলাই ও নাটমরিচাই মৌজার আংশিক এলাকা। সংশ্লিষ্ট সূত্র জানায়, সংযুক্ত নতুন এই এলাকাগুলোকে পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের অন্তর্ভুক্ত করে পুনর্বিন্যাস করা হবে।

পৌরসভার পরিধি বৃদ্ধি পাওয়ায় এসব এলাকায় নাগরিক সুযোগ-সুবিধা আরও বাড়বে। বিশেষত অবকাঠামো উন্নয়ন, উন্নত সড়ক যোগাযোগ, ড্রেনেজ ব্যবস্থা ও স্যানিটেশনসহ বিভিন্ন আধুনিক পৌরসেবা পাওয়ার পথ প্রশস্ত হলো। ফলে পরিকল্পিত নগরায়ণের মাধ্যমে শিবগঞ্জ একটি আধুনিক জনপদে রূপ নেবে বলে  আশা প্রকাশ করেন তারা।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, শিবগঞ্জ পৌরসভা সম্প্রসারণের বিষয়টি অনুমোদন করায় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা। এর মাধ্যমে শিবগঞ্জের সার্বিক উন্নয়নের নতুন দ্বার উন্মোচিত হলো।

শিবগঞ্জ পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমান বলেন, গত ৫ মে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ (পৌর-২ শাখা) এক প্রজ্ঞাপনের মাধ্যমে বগুড়ার শিবগঞ্জ পৌরসভাকে ‘গ’ শ্রেণি থেকে ‘খ’ শ্রেণির পৌরসভায় উন্নীত করা হয়েছে।

শিবগঞ্জ উপজেলা যুবদলের সভাপতি খালিদ হাসান আরমান বলেন, পৌরসভা সম্প্রসারিত হওয়ায় আমরা অত্যন্ত আনন্দিত। এজন্য প্রধানমন্ত্রী ও স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানাই। একই সঙ্গে নতুন যুক্ত হওয়া এলাকার বাসিন্দাদের অভিনন্দন জানাই।

নিকার বৈঠকে শিবগঞ্জ পৌরসভার সীমানা সম্প্রসারণের এই সিদ্ধান্তকে বগুড়া-২ (শিবগঞ্জ) নির্বাচনী এলাকার উন্নয়নে একটি যুগান্তকারী পদক্ষেপ হিসেবে দেখছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।

মঙ্গলবার (৫ মে) দুপুরে প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি আনুষ্ঠানিকভাবে এ সংক্রান্ত প্রজ্ঞাপনের চিঠি শিবগঞ্জ পৌর কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেন।

২০০২ সালের ২০ জুন শিবগঞ্জ পৌরসভা প্রতিষ্ঠা করা হয়। এর আযতন ১৪ বর্গ কিলোমিটার । জন সংখ্যা ২৪ হাজার ৬৯৭ জন।