শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগসহ তিন দফা দাবিতে আন্দোলনরত এইচএসসি পরীক্ষার্থীদের সচিবালয় অভিমুখে লং মার্চ কর্মসূচিকে কেন্দ্র করে সচিবালয়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে। সম্ভাব্য যেকোনো পরিস্থিতি মোকাবেলায় সচিবালয়ের প্রতিটি প্রবেশপথে অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে।
বুধবার (১৫ জুলাই) দুপুরে সচিবালয়ের ১ নম্বর, ২ নম্বর ও ৫ নম্বর গেট ঘুরে দেখা যায়, সাধারণ সময়ের তুলনায় নিরাপত্তাব্যবস্থা আরো কঠোর করা হয়েছে। প্রতিটি গেটে অতিরিক্ত সংখ্যক পুলিশ সদস্য অবস্থান নিয়েছেন। প্রবেশকারীদের পরিচয়পত্র যাচাই ও তল্লাশি জোরদার করা হয়েছে। আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থানে থাকতে দেখা যায়।
জানা গেছে, দুপুর দেড়টা থেকে নিলক্ষেত মোড়, সায়েন্সল্যাব মোড়, মিরপুর-১০, উত্তরা বিএনএস সেন্টারসহ রাজধানীর বিভিন্ন এলাকায় শিক্ষার্থীদের সড়ক অবরোধ করে আন্দোলন করতে দেখা যায়।
শিক্ষামন্ত্রীর মোবাইল ফোনে কথোপকথনের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। সেখানে মন্ত্রী পরীক্ষার্থীদের ‘ফার্মের মুরগি’ সম্বোধন করেছেন বলে অভিযোগ করা হয়। পাশাপাশি পদার্থবিজ্ঞান প্রথমপত্রে প্রশ্নপত্র ভুল থাকা নিয়েও বিতর্ক ওঠে। এতে ক্ষুব্ধ হন পরীক্ষার্থীরা। এরপর তারা ৮ দফা দাবি নিয়ে মাঠে নামেন। পরে সেটা তিন দফা দাবিতে পরিণত হয়। তাতে বলা হয়, উপযোগী পরিবেশ না হওয়া পর্যন্ত এইচএসসি পরীক্ষা স্থগিত রাখতে হবে। পদার্থবিজ্ঞানের ভুল প্রশ্নে সম্পূর্ণ নম্বর দিতে হবে এবং শিক্ষামন্ত্রীকে ক্ষমা চাইতে হবে। শিক্ষার্থীদের তিন দফা দাবি বর্তমানে এক দফায় রূপ নিয়েছে। তাদের দাবি, শিক্ষামন্ত্রীকে পদত্যাগ করতে হবে।









