নোয়াখালীর বেগমগঞ্জে সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় তন্ময় চন্দ্র (১৬) নামের এক এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে। একই ঘটনায় আহত হয়েছে দীপ দেবনাথ (১৬) নামের আরো এক শিক্ষার্থী। এ ঘটনায় ক্ষুব্ধ শিক্ষার্থী ও স্থানীয় জনতা সড়ক অবরোধ করে বিক্ষোভ করে।

বুধবার (৬ মে) সকাল ১১টার দিকে চৌমুহনী চৌরাস্তার মাইজদী-বেগমগঞ্জ আঞ্চলিক মহাসড়কের বেগমগঞ্জ কৃষি ইনস্টিটিউটের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত তন্ময় নোয়াখালী পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের কুরিপাড়া এলাকার কার্তিক চন্দ্রের ছেলে এবং স্থানীয় ডেল্টা জুটমিল উচ্চ বিদ্যালয়ের চলমান এসএসসি পরীক্ষার্থী।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায় যায়, সকালে বাসা থেকে বের হয়ে তন্ময় তার বন্ধু দীপ দেবনাথের সঙ্গে বাইরে যান। সকাল ১১টার দিকে চৌমুহনী এলাকায় রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির একটি সিএনজিচালিত অটোরিকশা তাদের ধাক্কা দেয়। এতে তারা দুজনই গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে ২৫০ শয্যার নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে যায়। অবস্থার অবনতি হলে তন্ময়কে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে দুপুর আড়াইটার দিকে তার মৃত্যু হয়।

এদিকে তন্ময়ের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে ক্ষুব্ধ শিক্ষার্থী ও স্থানীয় জনতা প্রায় দেড় ঘণ্টা সড়ক অবরোধ করে বিক্ষোভ করে। এতে সড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়ে জনদুর্ভোগ চরমে পৌঁছে। খবর পেয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং দোষীদের বিচারের আশ্বাস দেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুজ্জামান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহত শিক্ষার্থী নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। ঘটনার পর সিএনজিচালক পালিয়ে যান। নিহতের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।