<p style="text-align: justify;">নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় মা-বাবাকে মারধর ও ঘরের আসবাবপত্র ভাঙচুরের অভিযোগে পারভেজ খান (২৫) নামের এক যুবককে দুই মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (৫ মে) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আসাদুর রহমান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ রায় দেন।</p> <p style="text-align: justify;">এর আগে গত ৩০ এপ্রিল দণ্ডপ্রাপ্ত পারভেজের মা-বাবা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করেন। অভিযোগে বলা হয়, দীর্ঘদিন ধরে মাদকাসক্ত পারভেজ মাদকের টাকার জন্য প্রায়ই পরিবারের সদস্যদের মারধর করেন এবং ঘরের জিনিসপত্র ভাঙচুর করেন।</p> <p style="text-align: justify;">মঙ্গলবার সকালে আবারও মাদকের টাকা না পেয়ে তিনি বাবা-মাকে মারধর ও ঘরে ভাঙচুর চালান। খবর পেয়ে উপজেলা প্রশাসনের নির্দেশে পুলিশ ঘটনাস্থল থেকে তাকে আটক করে। পরে অভিযোগ প্রমাণিত হওয়ায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে দুই মাসের কারাদণ্ড দেওয়া হয়। দণ্ডপ্রাপ্ত পারভেজ আড়াইহাজার উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়নের বিনাইরচর এলাকার বাসিন্দা।</p> <p style="text-align: justify;">এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আসাদুর রহমান বলেন, পারিবারিক সহিংসতা ও মাদকজনিত অপরাধের বিরুদ্ধে প্রশাসনের কঠোর অবস্থান অব্যাহত থাকবে।</p>