চট্টগ্রাম মহানগর এলাকায় জলাবদ্ধতা নিরসনে প্রকৌশলী ও কর্মকর্তাদের সমন্বয়ে ৬টি কমিটি গঠন করেছে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)। এসব কমিটি নগরীর গুরুত্বপূর্ণ খাল ও জলাবদ্ধতা প্রবণ এলাকায় চলমান কার্যক্রম তদারকি করবে।

মঙ্গলবার (৫ মে) চসিক সচিব মোহাম্মদ আশরাফুল আমিন স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, প্রতিটি কমিটি তিন থেকে পাঁচ সদস্যবিশিষ্ট। এর মধ্যে পাঁচটি খালকে ঘিরে পাঁচটি কমিটি এবং চান্দগাঁও-মুরাদপুর এলাকায় কার্যক্রম তদারকির জন্য আলাদা একটি কমিটি গঠন করা হয়েছে।

অফিস আদেশে আরো উল্লেখ করা হয়, সচিব মোহাম্মদ আশরাফুল আমিন, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা ক্যাপ্টেন ইখতিয়ার উদ্দিন আহমেদ চৌধুরী এবং প্রধান প্রকৌশলী আনিসুর রহমান এসব কমিটির সার্বিক কার্যক্রম তদারকি করবেন। পাশাপাশি চসিক সচিব ও প্রধান প্রকৌশলী চট্টগ্রাম ওয়াসার সঙ্গে সমন্বয় সাধন করবেন।

গঠিত কমিটিগুলো হিজরা খাল, জামালখান খাল, রামপুর খাল, গুলজার খাল, মনোহরদি খাল এবং চান্দগাঁও-মুরাদপুর এলাকায় কার্যক্রম তদারকি করবে।

প্রসঙ্গত, গত সপ্তাহে টানা কয়েকদিনের বৃষ্টিতে নগরের প্রবর্তক মোড়, কাতালগঞ্জ, কাপাসগোলা, পাঁচলাইশ ও রহমতগঞ্জসহ ১৫ থেকে ২০টি এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়। এর প্রেক্ষিতে গত সোমবার টাইগারপাসে চসিক কার্যালয়ে মেয়র ডা. শাহাদাত হোসেনের উপস্থিতিতে অনুষ্ঠিত এক সভায় এসব কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়। পরদিন এ সংক্রান্ত অফিস আদেশ জারি করা হয়।