<p>কালীগঞ্জে কৃষিজমির মাটি কাটায় পৃথক স্থানে অভিযান চালিয়ে ২ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (৫ মে) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ টি এম কামরুল ইসলাম অভিযান পরিচালনা করেন।</p> <p>জরিমানা করা ব্যক্তিরা হলেন, জাঙ্গালিয়া ইউনিয়নের ছাতিয়ানী এলাকার ইউসুফ আলী খন্দকারের ছেলে সামশুল হক খন্দকার (৬৫) ও মোক্তারপুর ইউনিয়নের রাথুরা এলাকার আকবর আলীর ছেলে কাজী আমজাদ হোসেন (৬৭)।</p> <p>উপজেলা প্রশাসন সূত্র জানায়, ছাতিয়ানী এলাকায় কৃষিজমি থেকে অনুমোদন ছাড়াই মাটি কেটে অন্যত্র ভরাট করা হচ্ছিল। অন্যদিকে রাথুরা এলাকায় বিধিবহির্ভূতভাবে মাটি কেটে ইটভাটায় বিক্রি করা হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার অভিযান পরিচালনা করে ঘটনার সত্যতা নিশ্চিত হয়ে শামসুল হক খন্দকারকে দুই লাখ টাকা এবং কাজী আমজাদ হোসেনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।</p> <p>এ বিষয়ে কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ টি এম কামরুল ইসলাম বলেন, ‘এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’</p>