মানিকগঞ্জের সিংগাইরে সৎ বাবার যৌন লালসার শিকার হয়েছে পাঁচ বছরের এক শিশু। এই লোমহর্ষক ঘটনায় দায়েরকৃত মামলায় অভিযুক্ত সৎ বাবা মতি বেপারীকে (৪৫) গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

মঙ্গলবার (৫ মে) বিকেলে টাঙ্গাইল জেলার মির্জাপুর থানার দেওঘাটা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত মতি বেপারীর বাড়ি উপজেলার চান্দহর ইউনিয়নের মাধবপুর গ্রামে।

মামলার এজাহার ও পারিবারিক সূত্রে জানা গেছে, ৬ বছর আগে অন্তঃসত্ত্বা অবস্থায় এক নারীকে বিয়ে করেন লম্পট মতি বেপারী। বিয়ের ছয় মাস পর একটি কন্যা সন্তানের জন্ম হয়। গত ১ মে রাত ১১টার দিকে ওই মেয়েকে নিয়ে স্বামী-স্ত্রী ঘুমিয়ে পড়েন। রাত ২টার দিকে স্ত্রীকে চেতনানাশক ইনজেকশন দিয়ে ৫ বছরের মেয়েকে যৌন নির্যাতন করেন মতি বেপারী। এসময় মেয়ের আর্তচিৎকারে ঘুম ভেঙে যায় মায়ের। তখন দেখেন শিশুটি ব্যথায় কাতরাচ্ছে।

ভুক্তভোগী শিশুর মা জানান, এই ঘটনার পর আমাদের অকথ্য ভাষায় গালিগালাজ ও হুমকি-ধমকি দিয়ে রাতেই বাড়ি থেকে পালিয়ে যান তিনি। পর দিন সকালে মেয়েকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যাই। প্রাথমিক চিকিৎসা শেষে সেখান থেকে তাকে উন্নত চিকিৎসার জন্য জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমান আমার মেয়ে ওই হাসপাতালে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছে।

সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজহারুল ইসলাম জানান, এ ঘটনায় সৎ বাবা মতি বেপারীকে আসামি করে গত ৪ মে থানায় মামালা দায়ের করেন ভুক্তভোগী শিশুর মা। মামলার পর তাকে গ্রেপ্তার করতে মাঠে নামে পুলিশ। তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে টাঙ্গাইল জেলার মির্জাপুর থানার দেওঘাটা এলাকা থেকে মতি বেপারীকে গ্রেপ্তার করা হয়।