<p style="text-align: justify;">নেত্রকোনায় নিষিদ্ধ ছাত্রলীগের মানববন্ধন কর্মসূচি থেকে ছাত্রলীগ নেতাসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার ভোর ৫টার দিকে পৌর শহরের পৌরসভা সংলগ্ন বকুলতলা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।</p> <p style="text-align: justify;">আটকের বিষয়টি নিশ্চিত করেছেন নেত্রকোনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আল মামুন সরকার। তিনি জানান, ওই ঘটনার সঙ্গে জড়িত দুজনকে আটক করে আদালতে সোপর্দ করা হয়েছে।</p> <p style="text-align: justify;">গ্রেপ্তার সৈয়দ আল রাকিব নেত্রকোনা সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি এবং কর্মী সাব্বির।</p> <p style="text-align: justify;">পুলিশ ও ভিডিও বিশ্লেষণ ‍থেকে জানা যায়, মঙ্গলবার ভোরে নেত্রকোনা জেলা প্রেস ক্লাবের সামনে সৈয়দ আল রাকিবের নেতৃত্বে ১০-১৫ জন নেতাকর্মী মানববন্ধন করেন। কর্মসূচিতে অংশ নেওয়া ব্যক্তিরা দেশবিরোধী মার্কিন চুক্তি বাতিল, বিএনপি-জামায়াতের দুঃশাসন, কৃত্রিম জ্বালানি সংকট ও অব্যবস্থাপনা, লুটপাট, গণতন্ত্রহীনতা এবং বাংলাদেশ আওয়ামী লীগ ও ছাত্রলীগের ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি জানিয়ে সরকারবিরোধী বিভিন্ন স্লোগান দেন। মানববন্ধন শেষে বকুলতলা এলাকায় জমায়েত হলে অভিযান চালিয়ে পুলিশ দুজনকে গ্রেপ্তার করে।</p>