হবিগঞ্জের চুনারুঘাট সাতছড়ি জাতীয় উদ্যানে একটি বিরল প্রজাতির লজ্জাবতী বানর অবমুক্ত করেছে বন বিভাগ।

সোমবার (৪ মে ) বিকেলে উপজেলার দেওরগাছ ইউনিয়নের পূর্ব চাঁন্দপুর এলাকার অরুণ বিশ্বাসের বাড়ি থেকে বানরটি উদ্ধার করা হয়।

সাতছড়ি রেঞ্জ সূত্রে জানা যায়, খবর পেয়ে বন বিভাগের লোকজন ঘটনাস্থলে গিয়ে পূর্ণ বয়স্ক পুরুষ লজ্জাবতী বানরটি উদ্ধার করে। উদ্ধারকালে প্রাণীটি সুস্থ অবস্থায় ছিল বলে জানা গেছে।

পরে প্রয়োজনীয় পর্যবেক্ষণ শেষে একই দিন সন্ধ্যায় বানরটিকে সাতছড়ি জাতীয় উদ্যানে অবমুক্ত করা হয়।

সাতছড়ি রেঞ্জ কর্মকর্তা মেহেদী হাসান বিষয়টি নিশ্চিত করে জানান, লজ্জাবতী বানরটি সুস্থ থাকায় দ্রুত বনাঞ্চলে ছেড়ে দেওয়া হয়েছে।