চট্টগ্রামের পটিয়া উপজেলায় পৃথক অভিযান চালিয়ে যুবলীগ নেতা, জিআর সাজাপ্রাপ্ত ও একাধিক মামলার পরোয়ানাভুক্তসহ তিন আসামিকে গ্রেপ্তার করেছে পটিয়া থানা পুলিশ। রবিবার (৩ মে) ভোররাত ও রাতে পরিচালিত এসব অভিযানে তাদের নিজ নিজ বাড়ি থেকে আটক করা হয়।

পটিয়া থানা পুলিশ সূত্রে জানা যায়, রবিবার রাত সাড়ে ৩টার দিকে পুলিশের উপপরিদর্শক শফিক উল্লাহর নেতৃত্বে একটি বিশেষ টিম উপজেলার খরনা ইউনিয়ন এলাকায় অভিযান চালিয়ে খরনা ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক ও খরনা ইউনিয়ন নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সভাপতি মাইমুনুল ইসলাম (৩৩) গ্রেপ্তার করে। তিনি বিস্ফোরক দ্রব্য আইনের মামলার ছিলেন।

এদিকে রাতের পৃথক অভিযানে পুলিশের সহকারী উপপরিদর্শক জাফর আহম্মেদ, মো. বিল্লাল হোসেন সরকার ও মো. আতাউর রহমানের সমন্বয়ে গঠিত আরেকটি টিম জিআর মামলায় এক বছরের সাজাপ্রাপ্ত আসামি মো. ফরহাদকে গ্রেপ্তার করে। একই অভিযানে সিআর মামলার পরোয়ানাভুক্ত আসামি মোহাম্মদ নাসির উদ্দিনকেও আটক করা হয়। গ্রেপ্তারদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে সোমবার দুপুরে সংশ্লিষ্ট আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পটিয়া থানার ওসি মো. জিয়াউল হক বলেন, ‘অপরাধ দমনে পটিয়া থানা পুলিশ জিরো টলারেন্স নীতিতে কাজ করছে। যেসব আসামি দীর্ঘদিন ধরে পলাতক কিংবা পরোয়ানাভুক্ত, তাদের গ্রেপ্তারে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। অপরাধ দমনে এ ধরনের অভিযান ভবিষ্যতেও আরো জোরদার করা হবে।’

তিনি আরো বলেন, ‘জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত অভিযান চালানো হচ্ছে এবং কোনো অপরাধীই আইনের আওতার বাইরে থাকবে না।’