<p style="text-align: justify;">রাজবাড়ীর পাংশা উপজেলায় চলন্ত ট্রেনের ছাদে থাকা অবস্থায় রেল সেতুর সঙ্গে ধাক্কা লেগে অজ্ঞাতপরিচয় এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার (২৩ এপ্রিল) সন্ধ্যা ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।</p> <p style="text-align: justify;">স্থানীয় সূত্র জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা মধুমতী এক্সপ্রেস ট্রেনের ছাদে অবস্থান করছিলেন ওই যুবক। ট্রেনটি পাংশা এলাকায় একটি রেল সেতু অতিক্রম করার সময় সেতুর রেলিংয়ের সঙ্গে ধাক্কা লেগে তিনি ছিটকে নিচে পড়ে যান। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।</p> <p style="text-align: justify;">পাংশা পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মো. সিরাজুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ও রেলওয়ে কর্তৃপক্ষকে জানানো হয়েছে। নিহতের পরিচয় শনাক্ত করা যায়নি।</p> <p style="text-align: justify;">পাংশা মডেল থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল গনি বলেন, ঘটনাটি রেলওয়ের অধীন হওয়ায় রেলওয়ে পুলিশকে খবর দেওয়া হয়েছে। তারা এসে মরদেহ উদ্ধার করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেবে।</p>