<p>কুষ্টিয়ায় নববর্ষের আলোচনা সভা ও সম্প্রীতি ভোজের আয়োজন করেছে বসুন্ধরা শুভসংঘ। সোমবার (২০ এপ্রিল) সকাল ৭টায় শুভসংঘ কুষ্টিয়া আঞ্চলিক অফিস চত্বরে এ কর্মসূচি পালিত হয়।</p> <p>দৈনিক কালের কণ্ঠের স্টাফ রিপোর্টার ও কুষ্টিয়া জেলা প্রেস ক্লাবের সভাপতি তারিকুল হক তারিকের সভাপতিত্ব অনুষ্ঠানে অধ্যাপক ড. সরোয়ার মুর্শেদ রতন, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ও ডুসাক কুষ্টিয়া জেলা শাখার সভাপতি রফিকুল ইসলাম টুকু, টিআইবি পরিচালিত সনাক কুষ্টিয়ার সভাপতি আসমা আনসারী মিরু, কুষ্টিয়া সরকারি বালিকা বিদ্যালয়ের শিক্ষিকা চিত্র শিল্পী নিলিমা বিশ্বাস, জেলা নদী পরিব্রাজক দলের সভাপতি পরিবেশ কর্মী খলিলুর রহমান মজু, মানবাধিকার কর্মী সাবেক জেনারেল পোস্ট মাস্টার শহীদুল হক, বসুন্ধরা শুভসংঘ কুষ্টিয়ার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক প্রিয়তা আখতার প্রমুখ উপস্থিত ছিলেন।</p> <p>আলোচনা শেষে শুভসংঘের সদস্যরা পরিবেশন করেন সাদা ভাত, মসৃণ ডাল, দেশি সবজি আর রুপালি ভাজা ইলিশ। প্লেটে সাজানো এ সহজ খাবার যেন হয়ে ওঠে হৃদয়ের সেতুবন্ধন- যেখানে ভিন্ন মত, ভিন্ন পরিচয় মিলেমিশে একাকার।</p>