চট্টগ্রামের কর্ণফুলী থানাধীন ডাঙ্গারচর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ করেছে বাংলাদেশ নৌবাহিনী ও কোস্ট গার্ড। উদ্ধার হওয়া ৩২ লাখ ৫০ হাজার মিটার জালের আনুমানিক বাজার মূল্য প্রায় ৩১২ কোটি টাকা। পরে এসব জাল জনসম্মুখে আগুনে পুড়িয়ে দেওয়া হয়।

সোমবার সকালে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রবিবার গোপন সংবাদের ভিত্তিতে ডাঙ্গারচর এলাকার নদী তীরবর্তী ‘সি হার্ট’ নামক একটি গোডাউনে অভিযানটি চালানো হয়। স্থানীয় মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে নৌবাহিনী ও কোস্ট গার্ডের সদস্যরা সেখানে তল্লাশি চালিয়ে নিষিদ্ধ জালের বিশাল মজুদ খুঁজে পায়। এ সময় গোডাউনের বাইরে পরিত্যক্ত অবস্থায় থাকা মালিকানাবিহীন দুটি ট্রাক থেকেও বিপুল পরিমাণ অবৈধ জাল জব্দ করা হয়। জব্দ এসব অবৈধ জাল মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।

আইএসপিআর জানায়, অসাধু ব্যবসায়ীরা দীর্ঘ দিন ধরে এসব নিষিদ্ধ জাল মজুদ করে আসছিল। বর্তমানে সরকার ঘোষিত ‘৫৮ দিনের মৎস্য আহরণ নিষিদ্ধ’ কর্মসূচি এবং জাটকা নিধন প্রতিরোধে নৌবাহিনী দেশজুড়ে সক্রিয়ভাবে দায়িত্ব পালন করছে। এরই ধারাবাহিকতায় কর্ণফুলী নদী এলাকায় এই বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

মৎস্য সম্পদ সংরক্ষণ এবং সমুদ্র ও উপকূলীয় এলাকায় যেকোনো ধরনের অবৈধ কার্যক্রম প্রতিরোধে নৌবাহিনী ও কোস্ট গার্ডের এমন কঠোর অবস্থান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।