রংপুরের মিঠাপুকুরে পুকুরে মাছ ধরার সময় বজ্রাঘাতে দুজনের মৃত্যু হয়েছে। এ সময় আরো ছয়জন আহত হয়েছেন।

শনিবার (১৮ এপ্রিল) দুপুরে উপজেলার পাগলা বাজার সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

নিহতরা হলেন রামেশ্বরপাড়া গ্রামের মাঝিপাড়া এলাকার মিলন মিয়া (৩৫) ও সখিপুর গ্রামের আবু তালেব (৬৫)।

স্থানীয়রা জানায়, দুপুরে গ্রামের কয়েকজন যুবক ও শিশু পাগলা বাজার এলাকার একটি পুকুরে মাছ ধরতে যান। তারা পুকুরপাড়ে বাঁশ দিয়ে তৈরি একটি অস্থায়ী চকিতে বসেছিলেন। হঠাৎ বজ্রপাতের সঙ্গে ঝড় শুরু হয়। ঘটনাস্থলে মিলন মিয়া ও আবু তালেব গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ সময় আরো ছয়জন আহত হয়েছেন।

স্থানীয় হাবিবুর রহমান বলেন, ‘খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যাই। আহতদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।’

এ বিষয়ে রংপুর জেলা প্রশাসক মোহাম্মদ রুহুল আমিন বলেন, ‘প্রশাসনের পক্ষ থেকে নিহতদের পরিবারকে সহায়তা দেওয়ার বিষয়টি বিবেচনা করা হচ্ছে।’