বিদ্যালয়ের পুরনো একতলা ভবন। প্রায় তিন মাস আগে এক ঝড়ে উপড়ে ভবনের সঙ্গে আটকে থাকে একটি বিরাট গাছ। এখন পর্যন্ত গাছটি অপসারণের উদ্যোগ নেওয়া হয়নি। প্রাথমিকের শিশু শিক্ষার্থীদের সেখানেই চরম আতঙ্ক নিয়ে পাঠ নিতে হচ্ছে।
ঘটনাটি ময়মনসিংহের নান্দাইল উপজেলার মুশলী ইউনিয়নের রাজগাতী গ্রামের। প্রায় তিন মাস আগে ঝড়ে গ্রামের রাজগাতী সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবনে গাছটি হেলে পড়ে।
সোমবার (২০ জুলাই) সকালে সরেজমিন বিদ্যালয়টিতে গিয়ে দেখা যায়, বিরাট গাছটি উপড়ে পুরনো একতলা ভবনের সঙ্গে আটকে রয়েছে। ঝুঁকি নিয়ে ভবনটির দুইটি শ্রেণিকক্ষে পাঠদান চলছে। তবে আকাশ মেঘলা থাকলে ঝুঁকিপূর্ণ ভবন ছেড়ে নিরুপায় হয়ে নতুন আরেকটি ভবনে চলে আসে শিক্ষার্থীরা। সেখানে শিশু শ্রেণিকক্ষের মেঝেতে মাদুর পেতে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের পাঠদান চলে।
শিক্ষার্থীরা জানায়, মাথার ওপর বিশাল গাছ হেলে পড়ায় তারা প্রচণ্ড আতঙ্কে রয়েছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. খাইরুল ইসলাম বলেন,গত মে মাসে গাছটি হেলে পড়ার পরপরই সেটি অপসারণের জন্য সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বরাবর লিখিত আবেদন জানানো হয়। কিন্তু এখন পর্যন্ত গাছটি সরানোর কোনো কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি।
এদিকে, স্থানীয় বাসিন্দারাও এ ঘটনায় ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেছেন। তাদের ভাষ্য, সামান্য ঝড়ো হাওয়া এলেই গাছটি ভেঙে পুরো ভবন ধসে পড়তে পারে। কোমলমতি শিশুদের জীবন এভাবে ঝুঁকিতে রাখা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।
এ ব্যাপারে নান্দাইল উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোছা. ফজিলাতুন্নেছা বলেন, সরকারি নির্দেশনা অনুযায়ী বিদ্যালয় ভবনে গাছ হেলে পড়লে সবার আগে শিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থে গাছটি দ্রুত সরিয়ে ভবন ও শ্রেণিকক্ষ বিপদমুক্ত করতে হবে। এরপর নিয়ম মেনে গাছটি নিলামে বিক্রির ব্যবস্থা নেওয়া হবে।
শিক্ষা কর্মকর্তা বলেন, রাজগাতী সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবনে গাছ হেলে পড়ার বিষয়টি খোঁজ নিয়ে জরুরি ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হচ্ছে।





