• ই-পেপার

রাঙামাটিতে জ্বালানি সংকটে বন্ধ যাত্রীবাহী স্পিডবোট

বরগুনায় গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগ, স্বামী ও ননদ গ্রেপ্তার

আমতলী (বরগুনা) প্রতিনিধি
বরগুনায় গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগ, স্বামী ও ননদ গ্রেপ্তার
ছবি: কালের কণ্ঠ

পরকীয়াজনিত বিরোধের জেরে বরগুনার আমতলীতে দুই সন্তানের জননী সুপ্রিয়া হালদার (৩২) নামে এক গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে। ঘটনার পর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ওই গৃহবধূর মরদেহ ফেলে রেখে স্বজনেরা পালিয়ে যান বলে জানা গেছে।

বৃহস্পতিবার (২৩ জুলাই) রাত ৯টার দিকে উপজেলার কুকুয়া ইউনিয়নের হরিমৃত্যুঞ্জয় এলাকায় এ ঘটনা ঘটে। সুপ্রিয়া হালদার দুই সন্তানের জননী। তার প্রথম সন্তানের বয়স ১১ বছর এবং দ্বিতীয় সন্তানের বয়স মাত্র ৯ মাস।

এ ঘটনায় নিহত গৃহবধূর মা দীপালি রানী বাদী হয়ে রাতেই আমতলী থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। মামলায় স্বামী অজয় হাওলাদারকে (৩৫) প্রধান আসামি করে শাশুড়ি, দেবর, দেবরের স্ত্রী ও তিন ননদসহ মোট সাতজনকে আসামি করা হয়েছে। পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত স্বামী অজয় ও ননদ রমাকে গ্রেপ্তার করেছে। শুক্রবার (২৪ জুলাই) রমাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

জানা যায়, পরকীয়ার জেরে পরিবারটিতে দীর্ঘদিন ধরে কলহ চলছিল। বৃহস্পতিবার রাতে সুপ্রিয়াকে নির্যাতন ও শ্বাসরোধ করে হত্যা করা হয় বলে স্বজনদের অভিযোগ। পরে স্বজনেরা মরদেহ আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রেখে সটকে পড়েন। খবর পেয়ে রাত সাড়ে ১০টার দিকে পুলিশ হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করে। মৃত্যুর সঠিক কারণ অনুসন্ধানে ময়নাতদন্তের জন্য মরদেহ বরগুনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

নিহতের মা দীপালি রানী বলেন, ‘আমার মেয়েকে দেবর বা ছোট ভাইয়ের বউয়ের সঙ্গে পরকীয়ার বিরোধের জেরে মেরে ফেলা হয়েছে। জামাই ও তার বাড়ির লোকজন মিলে আমার মেয়েকে হত্যা করেছে। আমি আমার মেয়ে হত্যার বিচার চাই।’

নিহতের দাদা প্রফুল্ল কুমার রায় জানান, ‘হত্যার কিছু আগে সুপ্রিয়া আমাকে ফোন দিয়ে কান্নাকাটি করে বলেছিল, ‘দাদা, ওরা আমাকে প্রচণ্ড নির্যাতন করছে।’ এর ঠিক ঘণ্টাখানেক পর জামাই ফোন করে বলে আপনার নাতনি হাসপাতালে মারা গেছে। আমরা হাসপাতালে গিয়ে দেখি মরদেহ ফেলে সবাই পালিয়ে গেছে। আমি এই হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।’

এ বিষয়ে জানতে চাইলে আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইয়াকুব হোসাইন বলেন, ‘খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। নিহতের মা বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেছেন। এ ঘটনায় প্রধান আসামি স্বামী অজয় হাওলাদার ও তার বোন রমাকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে বোন রমাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে এবং অজয়কে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। মামলার অন্য আসামীদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।’

পরিবেশ প্রতিমন্ত্রী

শিক্ষিত তরুণ-তরুণীদের বিদেশে পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছে

মোংলা প্রতিনিধি
শিক্ষিত তরুণ-তরুণীদের বিদেশে পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছে
ছবি: কালের কণ্ঠ

বাগেরহাটের মোংলা ও রামপালে অনগ্রসর জনগোষ্ঠীর বসবাস। লবণাক্ততার কারণে এখানে আগের মতো ধান ও মাছ হয় না। নারীদেরও নানা সমস্যা। বিকল্প কর্মসংস্থানের অভাবে বেকারত্ব ও দরিদ্র্যতা বাড়ছে। তাই এখানকার শিক্ষিত তরুণ-তরুণীদের বিদেশে পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছে। শিগগিরই মোংলা ও রামপালের ৫০ জনকে বিদেশে পাঠানো হবে। 

শুক্রবার (২৪ জুলাই) বিকেলে মোংলা উপজেলার সুন্দরবন মহিলা কলেজ অডিটরিয়ামে মোংলা ও রামপালের অনগ্রসর জনগোষ্ঠীর দক্ষতা উন্নয়ন এবং নিরাপদ অভিবাসন শীর্ষক সেমিনারে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম এসব কথা বলেন।  

পরিবেশ প্রতিমন্ত্রী বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশের দায়িত্বভার গ্রহণের পর থেকেই বিদেশে জনশক্তি রপ্তানি শুরু করেছিলেন। তারই ধারাবাহিকতায় এ সেক্টর এখন বিশালতায় রূপ নিয়েছে। বর্তমানে দেশের দেড় কোটি মানুষ বিদেশে কর্মসংস্থানের সুযোগ করে নিয়েছে। 

তিনি বলেন, স্থানীয় শিক্ষিত তরুণ-তরুণীদের কর্মসংস্থানের জন্য বিদেশে পাঠানো আমার নির্বাচনী অঙ্গীকার ছিল। সেই অঙ্গীকার এখন বাস্তবায়নের পথে। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ তামান্না ফেরদৌসির সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথির হিসেবে প্রশিক্ষণ দেন জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর অতিরিক্ত মহাপরিচালক মো. আশরাফ হোসেন। 

এ সময় সরকারি চিতলমারী কারিগরি কলেজের অধ্যক্ষ ও বাগেরহাট মেরিন একাডেমি পরিচালক মাজহারুল হোসেন খান, জনশক্তি বাগেরহাট দপ্তরের পরিচালক মো. মেহেদি হাসানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


 

উজিরপুরে ত্রিমুখী সংঘর্ষে চালক নিহত

আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি
উজিরপুরে ত্রিমুখী সংঘর্ষে চালক নিহত
ছবি: কালের কণ্ঠ

ঢাকা-বরিশাল মহাসড়কে বাসের ব্রেক ফেল করে ত্রিমুখী সংঘর্ষে এক অটোরিকশাচালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত পাঁচজন। তাদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

শুক্রবার (২৪ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে বরিশালের উজিরপুর উপজেলার জয়শ্রী এলাকায় সাজু পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত অটোরিকশাচালকের নাম মোশাররফ হোসেন বালী (৬১)। তিনি উজিরপুরের জয়শ্রী গ্রামের মৃত মুজার বালীর ছেলে। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ছোট ভাই তোবার হোসেন বালী।

জানা যায়, ঢাকা থেকে বরিশালগামী ‘বিএমএফ পরিবহন’-এর একটি যাত্রীবাহী বাস (ঢাকা মেট্রো-ব-১১-৭২৯৫) ব্রেক ফেল করে নিয়ন্ত্রণ হারায়। এ সময় বাসটি প্রথমে একটি অটোরিকশাকে ধাক্কা দেয় এবং পরে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের (যশোর ট-১১-২৯৩৬) পেছনে সজোরে আঘাত করে। এতে বাসের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং অটোরিকশাটি চূর্ণবিচূর্ণ হয়ে পড়ে।

দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা দ্রুত আহতদের উদ্ধার করে উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক অটোরিকশাচালক মোশাররফ হোসেনকে মৃত ঘোষণা করেন।

প্রত্যক্ষদর্শী কাজী ইউনুস জানান, আহতদের মধ্যে তিনজনের অবস্থা সংকটাপন্ন হওয়ায় তাদের প্রাথমিক চিকিৎসা শেষে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে (শেবাচিম) পাঠানো হয়েছে। বাকি দুজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকেই প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

দুর্ঘটনার খবর পেয়ে উজিরপুর মডেল থানা ও হাইওয়ে পুলিশের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করেন। সাময়িকভাবে মহাসড়কে যানবাহন চলাচলে কিছুটা বিঘ্ন ঘটলেও কিছুক্ষণের মধ্যেই পরিস্থিতি স্বাভাবিক হয়।

উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রকিবুল ইসলাম বলেন, ‘দুর্ঘটনাকবলিত বাস, ট্রাক ও অটোরিকশা জব্দ করা হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। আহতদের পরিচয় ও বিস্তারিত তথ্য সংগ্রহের চেষ্টা চলছে।’

স্পিডবোটে শিশুর ভাড়া নিয়ে বিরোধে সংঘর্ষ, গুলিবিদ্ধসহ আহত ২

বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
স্পিডবোটে শিশুর ভাড়া নিয়ে বিরোধে সংঘর্ষ, গুলিবিদ্ধসহ আহত ২
সংগৃহীত ছবি

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে স্পিডবোটে তিন বছরের এক শিশুর ভাড়া নেওয়াকে কেন্দ্র করে সংঘর্ষে দুজন আহত হয়েছেন। আহতদের মধ্যে জাহাঙ্গীর আলম নামের এক ব্যক্তি গুলিবিদ্ধ হয়েছেন। বর্তমানে তিনি ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। 

স্থানীয় সূত্র ও ভুক্তভোগী পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা যায়, শুক্রবার বিকেলে উপজেলার দড়িদৌলত ইউনিয়নের মরিচাকান্দি গ্রামে স্পিডবোট ঘাটে এক যাত্রীর সঙ্গে থাকা তিন বছরের একটি শিশুর ভাড়া দাবি করেন স্পিডবোট চালক ইমরান। এ সময় ঘাটের ইজারাদার ও দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা ছোট শিশুর ভাড়া না নেওয়ার পরামর্শ দিলে চালকের সঙ্গে তাদের বাগবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে চালক ইমরান ঘাটের টোল আদায়কারী বাবুলের ওপর চড়াও হন। পরে উপস্থিত লোকজন পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে তাকে সেখান থেকে সরিয়ে দেন।

এরপর ঘটনাটি মিটে যায়নি বলে দাবি করেন ভুক্তভোগীরা। তাদের অভিযোগ, ঘটনার পর পূর্বপাড়া ১ নম্বর ওয়ার্ডে কাদিরের দোকানে কয়েকজনকে নিয়ে একটি বৈঠক হয়। সেখানে পরবর্তী হামলার পরিকল্পনা করা হয় বলে তারা অভিযোগ করেন।

অভিযোগ অনুযায়ী, সন্ধ্যার দিকে ভুক্তভোগী পরিবারের সদস্য আসাদুল্লাহ নামাজ শেষে পুবপাড়া ২ নম্বর ওয়ার্ডের গোরস্থানসংলগ্ন মসজিদ থেকে বের হলে আগে থেকে ওত পেতে থাকা ৭ থেকে ৮ জন তাকে ঘিরে মারধর করে। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠান।

ভুক্তভোগী পরিবারের সদস্যদের ভাষ্য, আসাদুল্লাহর ওপর হামলার খবর পেয়ে স্বজন ও ঘাট-সংশ্লিষ্ট কয়েকজন পূর্বপাড়া ঈদগাহ মাঠ এলাকায় গেলে সেখানে আবারও তাদের ওপর হামলা চালানো হয়। এ সময় হামলাকারীদের হাতে দেশীয় ধারালো অস্ত্র ও আগ্নেয়াস্ত্র ছিল বলে অভিযোগ করা হয়েছে। হামলার একপর্যায়ে শরীফ নামের এক ব্যক্তি কয়েক রাউন্ড গুলি ছোড়েন। এর মধ্যে একটি গুলি জাহাঙ্গীর আলমের তলপেটে বিদ্ধ হয়।

পরে স্থানীয়রা গুরুতর আহত জাহাঙ্গীর আলমকে প্রথমে স্থানীয়ভাবে চিকিৎসার ব্যবস্থা করেন। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে সেখানে তিনি চিকিৎসাধীন।

এ বিষয়ে বাঞ্ছারামপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইয়াসিন জানান, স্পিডবোট ভাড়া নিয়ে সংঘাত হয়েছে বলে জেনেছি। এ ঘটনায় একজন গুলিবিদ্ধ হয়েছেন। 

ওসি বলেন, ঘটনাস্থলে ফোর্স পাঠানো হয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।