রোগীদের চাহিদার কথা ভেবে নিজস্ব অর্থায়নে ওষুধসামগ্রী ক্রয় করে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দিয়েছেন ময়মনসিংহ-১১ ভালুকা আসনের নবনির্বাচিত স্থানীয় সংসদ সদস্য ফখর উদ্দিন আহমেদ বাচ্চু। ইতিমধ্যে প্রায় সাড়ে চার লক্ষাধিক টাকার ওষুধ সরবরাহ করেছেন হাসপাতালটিতে। এমন কাজে প্রশংসায় ভাসছেন ওই এমপি।

জানা যায়, নির্বাচিত হওয়ার পরপরই ভালুকা আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ফখর উদ্দিন আহমেদ বাচ্চু ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সম্পর্কে খোঁজখবর নেন। এরপর হাসপাতালে ডাক্তারের সংকট, পরিচ্ছন্নতাকর্মী না থাকা, সরকারের সরবরাহকৃত ওষধের অপ্রতুলতা, হাসপাতালের বিভিন্ন যান্ত্রিক সমস্যা এবং হাসপাতালে দালালদের দৌরাত্ম্যসহ বিভিন্ন বিষয় তার নজরে আসে। আর এসব কারণে ভালুকা হাসপাতালে এসে উপযুক্ত চিকিৎসা প্রাপ্তি থেকে বঞ্চিত হচ্ছিল রোগীরা, বিশেষ করে নিম্ন আয়ের মানুষজন। ফলে ওইসব সমস্যা সমাধানে উদ্যোগী হন তিনি এবং জেলা সিভিল সার্জনের সাথে কথা বলে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৭ জন নতুন ডাক্তার পোস্টিং করান। পাশাপাশি, সরকারিভাবে পোস্টিং না হওয়া পর্যন্ত হাসপাতালটি পরিষ্কার পরিচ্ছন্নতা কাজের জন্য নিজস্ব অর্থায়নে চারজন পরিচ্ছন্নতাকর্মী এবং দালালদের দৌরাত্ম্য রোধে ৪ জন আনসার নিয়োগ করেন।

বুধবার (৪ মার্চ) উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার কাছে প্রায় সাড়ে চার লাখ টাকার ওষুধ পৌঁছে দিয়ে তিনি তার ওই উদ্যোগের বাস্তবায়ন শুরু করেন। সাংসদের পক্ষে উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক রুহুল আমীন মাসুদ ওই ওষুধ হস্তান্তর করেন।

এ্যাপোলো ইনস্টিটিউট অ্যান্ড কম্পিউটার কলেজের অধ্যক্ষ এ আর এম শামছুর রহমান লিটন বলেন, ‘জনকল্যাণে এমপি মহোদয়ের এই ব্যক্তিগত উদ্যোগ একটি অনন্য দৃষ্টান্ত। মানবিক এই উদ্যোগকে আমি স্বাগত জানাই। তবে এটি যেন কেবল সাময়িক পদক্ষেপ না হয়ে একটি টেকসই ব্যবস্থার দিকে এগিয়ে যায় এবং সর্বপ্রকার প্রভাবমুক্ত থেকে সাধারণ রোগীরা যাতে এর সুফল পান, সেদিকে নজর রাখা জরুরি।’

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. নজরুল ইসলাম জানান, ভালুকা আসনের নবনির্বাচিত সংসদ সদস্য তার নিজস্ব অর্থায়নে উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের ওষুধের অপ্রতুলতা মেটানোর ইচ্ছা প্রকাশ করলে হাসপাতালের জরুরি বিভাগ, বহিঃবিভাগ এবং আন্তঃবিভাগ থেকে চাহিনা নিয়ে তাঁকে জানানো হয়। পরে সোমবার থেকে তিনি হাসপাতালের ওষুধের অপ্রতুলতা নিরসনে নিজস্ব অর্থায়নে বিভিন্ন ধরণের ওষুধ সরবরাহ করতে শুরু করেছেন। এর আগে তিনি জেলা সিভিল সার্জনের সাথে কথা বলে হাসপাতালের জন্যে ৭ জন ডাক্তারের পোস্টিং করিয়েছে এবং নিজস্ব অর্থায়নে হাসপাতালের জন্যে ৪ জন পরিচ্ছন্নতাকর্মী ও ৪ জন আনসারের ব্যবস্থা করেছেন।

এ বিষয়ে কথা হলে এমপি ফখর উদ্দিন আহাম্মেদ বাচ্চু জানান, ডাক্তার সংকটে রোগীরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসে চিকিৎসাসেবা পায় না। কেউ কেউ চিকিৎসা পেলেও সরবরাহ না থাকায় হাসপাতাল থেকে ওষুধ পায় না। টাকার অভাবে নিম্ন আয়ের মানুষেরা ওষুধ কিনে খেতে পারে না। তাই এমন উদ্যেগ নেওয়া হয়েছে।