বন্যাকবলিত মানুষের পাশে ত্রাণ সহায়তার পাশাপাশি বিনামূল্যে চিকিৎসাসেবা দিচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী। চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার হারুয়ালছড়ি উচ্চ বিদ্যালয়ে রবিবার (১২ জুলাই) থেকে সেনাবাহিনীর ফ্রি মেডিক্যাল ক্যাম্প শুরু হয়েছে।
সকাল থেকে হারুয়ালছড়ি ইউনিয়নসহ আশপাশের বন্যাকবলিত এলাকার মানুষের স্বাস্থ্য পরীক্ষা, প্রয়োজনীয় ওষুধ বিতরণ এবং স্বাস্থ্যবিষয়ক পরামর্শ দেওয়া হয়। একই সঙ্গে ইউনিয়নের খয়রাতিপাড়া, মহানগর ও দরগা শরীফ এলাকায় বন্যাদুর্গত ৮০টি পরিবারের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়।
সেনাবাহিনী সূত্রে জানা গেছে, গুইমারা রিজিয়নের অধীন লক্ষীছড়ি জোনের উদ্যোগে এবং ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য বিভাগের সহযোগিতায় মেডিক্যাল ক্যাম্পটি পরিচালিত হচ্ছে।
মেডিকেল ক্যাম্প পরিদর্শন করেন ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাঈদ মোহাম্মদ ইব্রাহীম। তিনি বলেন, ‘বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো সবার দায়িত্ব। সেনাবাহিনীর এ উদ্যোগ সময়োপযোগী।’
এ সময় উপজেলা স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।





