• ই-পেপার

পানিতে ডুবে একই পরিবারের তিন শিশুর মৃত্যু

বন্যাদুর্গত এলাকায় মার্কসবাদী বাসদের ত্রাণ বিতরণ

নিজস্ব প্রতিবেদক
বন্যাদুর্গত এলাকায় মার্কসবাদী বাসদের ত্রাণ বিতরণ
সংগৃহীত ছবি

চট্টগ্রামের বাঁশখালীর বন্যাদুর্গত বিভিন্ন এলাকা পরিদর্শন এবং ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেছেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী)-এর কেন্দ্রীয় সমন্বয়ক কমরেড মাসুদ রানা। 

বুধবার (১৫ জুলাই) তিনি উপজেলার গুনাগরী, কাহারঘোনা, সরল ইউনিয়নের বলিপাড়া ও আনন্দপাড়াসহ বন্যাকবলিত বিভিন্ন এলাকা ঘুরে ক্ষয়ক্ষতির চিত্র পর্যবেক্ষণ করেন। এ সময় ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের হাতে ত্রাণসামগ্রী তুলে দেন তিনি।

ত্রাণ বিতরণ শেষে মাসুদ রানার নেতৃত্বে বাসদ (মার্কসবাদী)-এর একটি প্রতিনিধি দল বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুহুল আমিনের সঙ্গে তাঁর কার্যালয়ে সাক্ষাৎ করে।

সাক্ষাৎকালে মাসুদ রানা বন্যাদুর্গত এলাকা পরিদর্শনের অভিজ্ঞতা তুলে ধরে ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগের কথা জানান। তিনি সরকারি উদ্যোগে দ্রুত দুর্গত মানুষের কাছে ত্রাণ পৌঁছে দেওয়া, বন্যা-পরবর্তী পুনর্বাসন ও চিকিৎসাসেবা নিশ্চিত করা, ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা প্রদান এবং এনজিও ঋণের কিস্তি আদায় সাময়িকভাবে স্থগিত রাখাসহ বিভিন্ন দাবি তুলে ধরেন।

এসময় প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন বাসদ (মার্কসবাদী) চট্টগ্রাম জেলা সমন্বয়ক অ্যাডভোকেট শফি উদ্দিন কবির আবিদ, সদস্য আসমা আক্তার, জাহেদুন্নবী কনক, দীপা মজুমদার, রিপা মজুমদার এবং বাঁশখালী উপজেলা সদস্যসচিব আবদুস শুক্কুরসহ দলের অন্যান্য নেতাকর্মীরা।

কমলগঞ্জে বন্যাদুর্গতদের পাশে বিজিবি, মেডিক্যাল ক্যাম্প ও খাবার বিতরণ

মৌলভীবাজার প্রতিনিধি
কমলগঞ্জে বন্যাদুর্গতদের পাশে বিজিবি, মেডিক্যাল ক্যাম্প ও খাবার বিতরণ

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সীমান্তবর্তী কমলগঞ্জ উপজেলার বন্যাকবলিত এলাকায় সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বিনামূল্যে মেডিক্যাল ক্যাম্প পরিচালনা ও ত্রাণ সহায়তা দিয়েছে বিজিবি।

বুধবার (১৫ জুলাই) কমলগঞ্জ উপজেলার কুরমাছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ মানবিক কার্যক্রম অনুষ্ঠিত হয়। বন্যায় পানিবন্দি ও ক্ষতিগ্রস্ত মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ৪৬ বিজিবি এ বিশেষ উদ্যোগ গ্রহণ করে।

ক্যাম্পটিতে ৪ জন অভিজ্ঞ বিশেষজ্ঞ চিকিৎসক প্রায় ৪৫০ জন নারী, পুরুষ ও শিশুকে বিনামূল্যে চিকিৎসা দেন। দীর্ঘ সময় ধরে বন্যার পানিতে অবস্থান করায় পানিবাহিত রোগসহ বিভিন্ন সমস্যায় আক্রান্ত রোগীদের স্বাস্থ্য পরীক্ষার পাশাপাশি প্রয়োজনীয় ওষুধ এবং পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট বিনামূল্যে বিতরণ করা হয়।

স্বাস্থ্যসেবার পাশাপাশি মানবিক সহায়তার অংশ হিসেবে শতাধিক দুস্থ পরিবারের মাঝে রান্না করা খাবার বিতরণ করেছে বিজিবি। প্রতিকূল পরিস্থিতিতে একবেলা আহার পেয়ে স্থানীয় মানুষের মাঝে স্বস্তি লক্ষ্য করা গেছে।

শ্রীমঙ্গল ব্যাটালিয়নের (৪৬ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল সরকার আসিফ মাহমুদ বলেন, বন্যার কারণে সীমান্তবর্তী এলাকার অনেক মানুষ স্বাস্থ্যঝুঁকিতে রয়েছেন। তাদের দুর্দশা লাঘবে এবং জরুরি চিকিৎসাসেবা নিশ্চিত করতে আমরা এই মেডিক্যাল ক্যাম্পের আয়োজন করেছি। মানবিক বিপর্যয়ে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে বিজিবি সব সময় আছে এবং আমাদের এই সহায়তা কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে চলা বন্যার কারণে যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হওয়ায় চিকিৎসাসেবা পাওয়া স্থানীয়দের জন্য অত্যন্ত কঠিন হয়ে পড়েছিল। এমন দুর্যোগপূর্ণ সময়ে বিজিবির এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকাবাসী।

স্থানীয়রা জানান, সরকারি ও বেসরকারি এমন সহযোগিতা তাদের এই কঠিন সময় মোকাবেলায় সাহস জোগাচ্ছে।

মৌলভীবাজারের বন্যাদুর্গতদের পাশে বিমানবাহিনী মহিলা কল্যাণ সমিতি

নিজস্ব প্রতিবেদক
মৌলভীবাজারের বন্যাদুর্গতদের পাশে বিমানবাহিনী মহিলা কল্যাণ সমিতি
সংগৃহীত ছবি

সাম্প্রতিক বন্যায় রাজধানী ঢাকাসহ দেশের সমগ্র অঞ্চলে জনজীবন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ইতিমধ্যে দেশের প্রত্যন্ত অঞ্চলের ক্ষতিগ্রস্ত মানুষের জন্য বাংলাদেশ বিমান বাহিনী মহিলা কল্যাণ সমিতি (বাফওয়া) সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে।

এরই ধারাবাহিকতায় বুধবার (১৫ জুলাই) বাংলাদেশ বিমান বাহিনী মহিলা কল্যাণ সমিতির (বাফওয়া) সভানেত্রী সালেহা খানের উদ্যোগ ও দিকনির্দেশনায় বাফওয়া উপ-আঞ্চলিক শাখা, মৌলভীবাজার র‍্যাডার ইউনিটের তত্ত্বাবধানে মৌলভীবাজারের রাজনগর এলাকায় বন্যাদুর্গত অসুস্থ মানুষের জন্য বিনামূল্যে চিকিৎসাসেবা এবং প্রয়োজনীয় ঔষধ প্রদান করা হয়। একই সঙ্গে ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে পর্যাপ্ত পরিমাণ শুকনো খাবার ও বিশুদ্ধ পানি বিতরণ করা হয়।

উল্লেখ্য, বিমান বাহিনী প্রধান এবং বিমান বাহিনী মহিলা কল্যাণ সমিতির (বাফওয়া) সভানেত্রীর দিকনির্দেশনায় বাংলাদেশ বিমান বাহিনী ও বাফওয়ার ত্রাণ ও মানবিক সহায়তা কার্যক্রম বন্যা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত অব্যাহত থাকবে। এ লক্ষ্যে বিমান বাহিনী প্রধান ইতোমধ্যে বিমান বাহিনীর সকল ঘাঁটি ও ইউনিটকে প্রয়োজনীয় মানবিক সহায়তা কার্যক্রম পরিচালনার নির্দেশনা প্রদান করেছেন।

পাশাপাশি যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবেলায় বাংলাদেশ বিমান বাহিনীর রেসকিউ টিম, হেলিকপ্টার ও ডিজাস্টার ম্যানেজমেন্ট সেল সার্বক্ষণিক প্রস্তুত রয়েছে।

মিরসরাইয়ে অজ্ঞাত গাড়ির ধাক্কায় নারীর মৃত্যু, আহত আরো একজন

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি
মিরসরাইয়ে অজ্ঞাত গাড়ির ধাক্কায় নারীর মৃত্যু, আহত আরো একজন
প্রতীকী ছবি

চট্টগ্রামের মিরসরাইয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক পার হতে গিয়ে অজ্ঞাত গাড়ির ধাক্কায় কোহিনুর আক্তার (৫৫) নামে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় হালিমা বেগম (৬০) নামে আরেক নারী গুরুতর আহত হয়েছেন।

বুধবার (১৫ জুলাই) সন্ধ্যায় উপজেলার বড়তাকিয়া ইউনিয়নের মিয়নের দোকান এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত কোহিনুর আক্তার উপজেলার ১২ নম্বর খৈয়াছড়া ইউনিয়নের পূর্ব খৈয়াছরা এলাকার সাইফুল ইসলামের স্ত্রী।

স্থানীয় বাসিন্দা নুরুল হুদা জানান, সন্ধ্যায় বাজার থেকে একসঙ্গে বাড়ি ফিরছিলেন কোহিনুর আক্তার ও হালিমা বেগম। মহাসড়ক পার হওয়ার সময় অজ্ঞাত একটি দ্রুতগতির গাড়ি তাদের ধাক্কা দিয়ে চলে যায়। স্থানীয়রা দুজনকে উদ্ধার করে মিরসরাই সেবা আধুনিক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক কোহিনুর আক্তারকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত হালিমা বেগমকে প্রাথমিক চিকিৎসা দিয়ে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

জোরারগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুজ্জামান বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পানিতে ডুবে একই পরিবারের তিন শিশুর মৃত্যু | কালের কণ্ঠ