সাতক্ষীরার শ্যামনগরে নিলামে বিক্রি হওয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি পরিত্যক্ত ভবন ভাঙার সময় ছাদধসের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ৬ জন শ্রমিক আহত হয়েছেন। এরমধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক।
বুধবার (১৫ জুলাই) সকালে উপজেলার ৭২ নং পূর্ব কৈখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পুরাতন ভবন ভাঙার কাজ চলাকালে এ দুর্ঘটনা ঘটে।
আহত শ্রমিকরা হলেন, খুলনার কয়রা উপজেলার রানা আহম্মেদ (২৪), জয়নাল আবেদীন (৩৩), মো. জুবায়ের হোসেন (২০), মফিজুল ইসলাম (৩৫), ইদ্রিস আলী (৩৮), ও সাতক্ষীরার আশাশুনিয়া উপজেলার মো. আলাউদ্দিন (৪২)।
স্থানীয়রা জানায়, ঠিকাদারের নিয়োজিত শ্রমিকরা ভবন ভাঙার কাজ করার সময় হঠাৎ ভবনের ছাদ ধসে পড়ে। এতে ৬ জন শ্রমিক গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে।
শ্যামনগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার জিয়াউর রহমান বলেন, আহতদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক। তাদের সাতক্ষীরায় রেফার করা হয়েছে। বাকিদের প্রাথমিকভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি কালাম উল্লাহ জানান, ৬ জন শ্রমিক ভবন ভাঙার কাজ করছিলেন। এ সময় ছাদধসে তারা আহত হন। তাদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।
শ্যামনগর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এনামুল হক জানান, ৭২ নম্বর পূর্ব কৈখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবনটি ২০০৬ সালে নির্মিত। দীর্ঘদিন ব্যবহারের ফলে ভবনটি ঝুঁকিপূর্ণ হয়ে পড়ায় ২০২৩ সালে কর্তৃপক্ষ এটিকে পরিত্যক্ত ঘোষণা করে। পরে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের উদ্যোগে ভবনটি নিলামে তোলা হয়। গত ২৫ জুন ঠিকাদার সামছুর দোহা টুটুল ভবনটি নিলামে গ্রহণ করেন। সেই ভবন ভাঙার কাজ চলাকালেই এ দুর্ঘটনা ঘটে।




